অপেক্ষায় বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়
পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে ওয়াশিংটনের বার্তার অপেক্ষায় আছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। এ বিষয়ে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় সূত্র প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র প্রথম আলো ডটকমকে জানায়, পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে যাচ্ছে বিশ্বব্যাংক। এ বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তির বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে নির্দেশনা পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে। এদিকে আজ ইআরডি সূত্র প্রথম আলো ডটকমকে জানায়, গতকাল রাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক করেন। এতে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ছুটিতে গেছেন—এ বিষয়টি ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করার পর বিশ্বব্যাংক তাদের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে রাজি হয়।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। এরপর বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে চারটি শর্ত দিয়েছিল। এর মধ্যে মসিউর রহমানের ছুটিতে যাওয়ার শর্তটি অন্যতম। মসিউর রহমান ছুটিতে গেছেন বলে দুই দিন আগে দেশের প্রায় সব গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও প্রধামন্ত্রীর দপ্তর বা সরকারের পক্ষ থেকে গতকাল পর্যন্ত এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।বিশ্বব্যাংকের শর্ত মেনে গত ২৩ জুলাই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। ছুটিতে পাঠানো হয় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। একইসঙ্গে পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক রফিকুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি নতুন তদন্ত দল গঠন করে।