অপেশাদার ব্যবস্থাপনা চলছেই
বাইরে থেকে অপেশাদার ও অনভিজ্ঞ ব্যক্তিদের এনে বিমানের এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তার পদে বসানোর ঐতিহ্য অনেক পুরোনো। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে বিমানের এমডিও। এ ক্ষেত্রে বাণিজ্যিক বিমান সংস্থা পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তি তো দূরের কথা, কোনো প্রকার ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন কাউকে কখনো নিয়োগ দেওয়ার নজির নেই। সব সময়ই প্রেষণে বা অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক আমলাদের নিয়োগ দেওয়ার রেওয়াজ চলে আসছে।বিমানকে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার কথা বলে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১ জুলাই কোম্পানিতে রূপান্তর করা হয়। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পেশাদার ব্যক্তিদের দিয়ে বিমান পরিচালনা করা হবে। এ জন্য অভিজ্ঞ ও যোগ্য কাউকে দেশে পাওয়া না গেলে বিদেশ থেকে এনে সিইও বা এমডি নিয়োগ করা হবে। কিন্তু শুরুতেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তৎকালীন সরকার। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এ মোমেনকে প্রেষণে এমডি নিয়োগ করা হয়। এরপর বর্তমান সরকার এসে বিমানের এমডি পদে এয়ার কমডোর (অব) জাকীউল ইসলামকে নিয়োগ দেয়।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশ বিমানের ওপর এক গবেষণাপত্র প্রকাশ করে ২০০৭ সালের ৮ আগস্ট। তাতে বলা হয়, এই প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে বিমান-ব্যবসায় অভিজ্ঞ কাউকে কখনো নিয়োগ দেওয়া হয়নি। বিমানের সবক্ষেত্রে জবাবদিহি, পরিকল্পনা ও দক্ষ জনবলের অভাব প্রকট। উড়োজাহাজ কেনা থেকে শুরু করে বিভিন্ন খাতে দুর্নীতি হয়েছে। ওই গবেষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোম্পানি হওয়ার পরও বিমান ব্যবসায় অভিজ্ঞ কাউকে পরিচালনা পর্ষদে রাখা হয়নি।সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক বিমানমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, অ্যাভিয়েশন ব্যবসায় অভিজ্ঞ, করিৎকর্মা ও পেশাদার ব্যক্তিকে বিমানের চেয়ারম্যান ও এমডি করা হলে তাঁরা ঠিক করতে পারবেন, কীভাবে পরিচালনা করলে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটি লাভে যাবে।