অপ্রতিরোধ্য স্ট্রাউস
আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে অ্যান্ড্রু স্ট্রাউস অনেক উন্নতি করেছে। গত বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপে অবশ্যই প্রতিপক্ষ বোলারদের জন্য বড় হুমকি সে।ইংল্যান্ডের সাবেক পেসার এবং বর্তমানে ক্রিকেট লেখক অ্যাঙ্গাস ফ্রেজার কতটা উচ্ছ্বসিত স্ট্রাউসকে দেখে, এতেই বোঝা যায়। পরশু বেঙ্গালুরুতে ফ্রেজারের এ কথারই যেন প্রতিধ্বনি তুলল ইংল্যান্ড অধিনায়কের ব্যাট।গত বিশ্বকাপে চার ইনিংসে করেছিলেন মাত্র ৮৩ রান। বাদ পড়েছিলেন দল থেকে, দুই বছরের মধ্যে আর দলেই আসতে পারেননি। সেই জ্বালা ভুলতেই কিনা এবার বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে তাঁর ব্যাটে রানের বন্যা {২৪৬ রান, (৮৮+১৫৮)}।পরশু পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ রানও ছিল স্ট্রাউসের। আগের ম্যাচে তাঁর ৮৮ রানের ইনিংস আড়ালে ঢাকা পড়েছিল হল্যান্ডের রায়ান টেন ডেসকাটের সেঞ্চুরির কাছে। পরশু স্ট্রাউস আড়াল করে দিলেন শচীন টেন্ডুলকারকে।টেন্ডুলকারের রেকর্ড গড়া সেঞ্চুরি ম্লান করে দিয়েছে স্ট্রাউসের ১৫৮। ইংল্যান্ডের ইনিংস শুরু হওয়ার আগে ভারতের করা ৩৩৮ রানকে মনে হচ্ছিল এভারেস্টের চূড়া। কিন্তু স্ট্রাউসের ব্যাট বোঝাল, ইংল্যান্ড এবার তাদের বিশ্বকাপ-অতৃপ্তি ঘোচাতে কতটা মরিয়া। অতৃপ্তি ঘোচাতে আসা ইংল্যান্ড প্রয়োজনে এভারেস্টও ডিঙাতে পারে—প্রমাণ করল তারা।শেষ পর্যন্ত ইংল্যান্ড এভারেস্ট ডিঙাতে পারেনি, তবে চূড়ায় ঠিকই উঠেছে। ম্যাচ টাই। যাঁর ব্যাট ইংল্যান্ডকে টেনে নিয়েছে চূড়ায়, সেই স্ট্রাউস পেয়েছেন তাঁর প্রাপ্য স্বীকৃতি। ১৮ চার ও ১ ছয়ে সাজানো ১৪৫ বলের ইনিংস তাঁকে দিয়েছে ম্যাচ-সেরার পুরস্কার।স্ট্রাউসকে নিয়ে এখন গর্ব করতে পারে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়াও। দক্ষিণ আফ্রিকা গর্ব করতে পারে এই ভেবে, এই প্রতিভার জন্ম যে সেখানেই! অস্ট্রেলিয়া বলতে পারে স্ট্রাউসের ক্রিকেটের হাতেখড়ি তো অস্ট্রেলিয়াতেই!দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া স্ট্রাউস ইংল্যান্ডে যান ছয় বছর বয়সে। তখনো ক্রিকেট খেলতে শুরু করেননি। পরে আবার অস্ট্রেলিয়ায় যান। ক্রিকেটে হাতেখড়ি সেখানেই—অস্ট্রেলিয়ার মেলবোর্নের কলফিল্ড গ্রামার স্কুলের হয়ে। অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে ফিরে ভর্তি হলেন ডারহামের হাটফিল্ড কলেজের অর্থনীতি বিভাগে। পেশাদার ক্রিকেটে নাম লেখানো হলো তখনই। তারপর মেঘে মেঘে অনেক বেলা। বিয়ে করে সংসার পেতেছেন অস্ট্রেলিয়ার অভিনেত্রী রুথ ম্যাকডোনাল্ডের সঙ্গে।স্ট্রাউস তাই অস্ট্রেলিয়ার ‘জামাই’ও বটে। ‘জামাই’য়ের কীর্তি নিশ্চয়ই গর্বিত করে অস্ট্রেলিয়াকে। কিন্তু দক্ষিণ আফ্রিকা? স্ট্রাউসের কীর্তিতে কতটা খুশি তাঁর জন্মভূমি? খুশি নিশ্চয়ই, তবে গ্রুপ পর্বে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দক্ষিণ আফ্রিকা চাইবে না তাদের ‘সন্তানের’ ব্যাট জ্বলে উঠুক!