সোবহানবাগের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদ ভবনের সিঁড়িতে বসে আছেন ২০ জনের মতো শিক্ষার্থী। কেউ বইয়ের পাতায় চোখ বোলাচ্ছেন। কেউ গল্প করছেন। এ দৃশ্যের মাঝে বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। মাথার ওপর ছাউনি না থাকায় কাকভেজা হয়ে যে যাঁর মতো দৌড়ে আশ্রয় নিলেন ক্যাম্পাসের সামনের চায়ের দোকানে। দোকানের ওপর ত্রিপলের ছাউনি দেওয়া আছে। যাতে ১৫ জন মানুষ দাঁড়ানো কষ্টকর। বৃষ্টি থেকে বাঁচতে তাতেই দাঁড়িয়েছিলেন প্রায় ২০ জন শিক্ষার্থী। ওই সময় বিশ্ববিদ্যালয়ের ছোট্ট ক্যানটিনটিতে দেখা গেল আরেক দৃশ্য। সেখানে জনা চল্লিশেক শিক্ষার্থী ছিলেন ঠাসাঠাসি করে।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিইউজিসি) সূত্রে জানা যায়, নগরে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ৪২টি। এর মধ্যে গোটা পাঁচেক বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যগুলোর ক্যাম্পাসে ক্যানটিন, ক্যাফেটেরিয়া ও কমনরুম অপ্রতুল। শ্রেণী পাঠদানের আগের বা পরের ফাঁকা সময়ে শিক্ষার্থীরা অপেক্ষা করার জায়গা পান না। ক্যাম্পাসের ভবনের সিঁড়ি কিংবা আশপাশের চায়ের টংদোকান ঘিরে তাঁদের বসতে হয়। বর্ষা মৌসুমে তাঁরা বিড়ম্বনায় পড়ছেন। বৃষ্টি এলেই খোলা আকাশের নিচে সেসব জায়গায় বসা যাচ্ছে না। ফলে শিক্ষার্থীদের কাকভেজা হতে হচ্ছে। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৬ নম্বর ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত শিক্ষার্থী কমনরুম ও ক্যানটিন থাকার কথা।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাঁরা আশায় আছেন, যাদের স্থায়ী ক্যাম্পাস নেই, তারা স্থায়ী ক্যাম্পাসে যাবে। তখন সেখানে পর্যাপ্ত কমনরুম ও ক্যানটিন থাকবে।একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, যারা অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালাচ্ছে, তাদের ক্যাম্পাসে প্রয়োজনের তুলনায় জায়গা খুবই কম। কিছু ক্যাম্পাসে মেয়েদের জন্য শুধু কমনরুম রয়েছে। তবে ক্যানটিন বা ক্যাফেটেরিয়ার সুবিধা নেই। এ বিষয়ে পান্থপথের ভিক্টোরিয়া ইউনিভার্সিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কমনরুম ও ক্যানটিন বলতে কিছুই নেই। আড্ডা-বন্ধুত্ব বিশ্ববিদ্যালয়-জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের মতো কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপভোগ করতে পারছেন না।’ধানমন্ডি ৭ নম্বর সড়কের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইন অনুষদের ভবনের সামনে ফুটপাতে ১০-১২টি কংক্রিটের বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখা হয়েছে। সেগুলোর ওপর বসে আছেন কয়েকজন শিক্ষার্থী। এখানে বসে থাকার কারণ জানতে চাইলে ওই বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের ক্যানটিন বা ক্যাফেটেরিয়া কিছুই নেই। তাই বাধ্য হয়ে এখানে খুুঁটির ওপরই বেশির ভাগ সময় বসে থাকি।’বৃষ্টির সময় কোনো সমস্যা হয় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বৃষ্টির সময় তো আর এখানে থাকা সম্ভব হয় না। তাই ক্লাসের ফাঁকা সময়ে গ্যারেজে দাঁড়িয়ে থাকি।’বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আশ্রাফুল আলম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য ছোট্ট একটি কমনরুম আছে। ছাত্রদের জন্য কোনো কমনরুম বা ক্যানটিন নেই। আমাদের ঠিকমতো ক্লাসরুমই নেই। সেখানে ক্যানটিন বা ক্যাফেটেরিয়ার কথা ভাবা তো স্বপ্নের মতোই। ক্লাসের ফাঁকে মাঝেমধ্যে ক্যাম্পাসের পাশে মার্কেটের সিঁড়িতে বসি। বৃষ্টির সময় তা-ও সম্ভব হয় না। তাই ক্লাস শেষ হলেই বাসায় চলে যাই।’অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পান্থপথ শাখার শিক্ষার্থী নিগার সুলতানা বলেন, ‘আমাদের ক্যাম্পাসে কোনো ক্যাফেটেরিয়া বা কমনরুম নেই। তাই আমরা লাইব্রেরিতে বসি। কিন্তু লাইব্রেরিতে কথা বলা নিষেধ। অনেক সময় আড্ডা দিতে আমরা ধানমন্ডি লেকের দিকে চলে যাই, কিন্তু বর্ষায় লেকে যাওয়া হয় না। কারণ, কখন আবার বৃষ্টি নেমে যায়!’কমনরুম না থাকায় শিক্ষার্থীদের সমস্যা নিয়ে নগরের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিরা কথা বলতে রাজি হননি। তবে ধানমন্ডির ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘গ্রিন রোডে আমাদের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হচ্ছে। আমাদের সেই ক্যাম্পাস চালু হলে সব সমস্যার সমাধান হবে।’একই বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব দাবি করেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবনে সমস্যা রয়েছে। এখন ভবনটির উন্নয়নকাজ চলছে। দুই মাসের মধ্যে সেখানে বড় কমনরুম করা হবে।’নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কমনরুম না থাকার বিষয়ে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান সি এম শফি সামি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন অনুসরণ করলে শিক্ষার্থীদের কোনো সমস্যা থাকবে না। যেসব বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ মানবে না, তারা সমস্যায় পড়বে। আইন মানার জন্য সমিতি থেকে সবাইকে তাগিদ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।একই বিষয়ে বিইউজিসির সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী জানান, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পরিদর্শন বাড়ানো হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসরণ করে সবাই স্থায়ী ক্যাম্পাসে গেলে আর এ সমস্যা থাকবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে অভিযোগ নম্বর: ৮১২২৭৫৭ (পরিচালক, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ, বিইউজিসি)।