অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সিদ্ধান্তে টিআইবির উদ্বেগ
শেয়ারবাজারে চলমান সংকট উত্তরণের উপায় নির্ধারণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে কোনো প্রকার শর্ত ছাড়া অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী ওই সংস্থাটি।আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। গতকাল বুধবার শেয়ারবাজারে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত হয়।সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং সুষম প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ। কেননা, তার প্রভাবে কালো টাকার মালিকেরা অবৈধভাবে অর্থ উপার্জনে আরও উত্সাহিত হবে। সার্বিকভাবে সমাজে সত্ উপার্জনকারীরা নিরুত্সাহিত হবে এবং প্রকারান্তরে শেয়ারবাজার কালো টাকার মালিকদের নিয়ন্ত্রণে চলে যাবে।’ তিনি পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে অবাধে ও শর্তহীনভাবে কালো টাকা বিনিয়োগের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।