অপ্রদর্শিত আয়ে শেয়ার কিনলে প্রশ্ন করবে না এনবিআর
শেয়ারবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করলে উত্স সম্পর্কে কোনো প্রশ্ন করবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শেয়ারবাজারে আস্থা ফেরাতে আজ সোমবার বিকেলে এক স্পষ্টীকরণ ব্যাখ্যায় এসব কথা বলেছে এনবিআর। এরই মধ্যে এই ব্যাখার অনুলিপি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠিয়ে দেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগ সম্পর্কে বিভিন্ন ধরনের বিভ্রান্তি চলছে বলে মনে করছে এনবিআর। স্পষ্টীকরণ ব্যাখ্যায় বলা হয়েছে, এ-সম্পর্কিত বিভ্রান্তি নিরসনকল্পে এবং বিনিয়োগকারীদের আস্থার সঙ্গে অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারেন।এতে আরও বলা হয়েছে, এনবিআর পুঁজিবাজার বিকাশে সব সময় সহায়ক ভূমিকা পালন করে আসছে। ২০০৯-১০ অর্থবছরে অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল, যার উদ্দেশ্য ছিল পুঁজিবাজারের বিকাশ ও এই খাতে বিনিয়োগকে উত্সাহিত করা। একই বিবেচনায় ২০১১-১২ অর্থবছরে অপ্রদর্শিত আয় বিনা ব্যাখায় স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির শেয়ারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে তাঁর আয়ের উত্স সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না।