অপ্রমাণিত বিষয় নিয়ে দুর্নীতির কথা বলা হচ্ছে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রমাণিত বিষয় নিয়ে পদ্মা সেতুতে দুর্নীতির কথা বলা হচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। শুধু এটুকু বলতে পারি, অপ্রমাণিত বিষয় নিয়ে কথা উঠছে। আমি একসময় বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেছি। তাই জানি যে প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না।’ বিশ্বব্যাংকের কাছ থেকে এ সেতুর অর্থায়ন নিয়ে এখনো আলোচনা চলছে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, প্রমাণ ছাড়া কারও নাম প্রকাশ করা নির্বুদ্ধিতা। জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার বিকেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন প্রমুখ আলোচনায় অংশ নেন। ইআরএফের সভাপতি খাজা মাঈনুদ্দীনের সঞ্চালনায় এতে ধন্যবাদ বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি।পদ্মা সেতুর প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী শেয়ারবাজার নিয়ে খোন্দকার ইব্রাহিম খালেদ কমিটির প্রতিবেদনের কথাও টেনে আনেন। তিনি বলেন, ‘ওই প্রতিবেদনেও কিছু নাম এসেছিল। কিন্তু সাক্ষী নেই। একই জিনিস হয়েছে পদ্মার বেলায়। কিছু নাম এসেছে। প্রমাণের কথাও বলা হয়েছে। কিন্তু সেই প্রমাণ আমার কাছে নাথিং (কিছুই না)।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আমি কিছু বলতে পারি না। কিছু এলে ওখানেই পাঠিয়ে দিই। তবে আমি এ কথা বলব যে পদ্মা সেতুর জমি অধিগ্রহণ ও পুনর্বাসন নিয়ে একটি অভিযোগও আসেনি। ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) চুক্তিই অনুমোদন করে রেখেছে। কিন্তু কাজ বন্ধ। যেহেতু সবার একসঙ্গে কাজ করার কথা।’ সুতরাং সাবধানে প্রতিবেদন তৈরি করতে হবে—সাংবাদিকদের উদ্দেশে এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যে দুটি সংবাদপত্র সকলের ওপর খবরদারি করে বেড়ায়, দেশের প্রথিতযশা সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার, এরা চরিত্র হননে মত্ত হয়েছে।’ বাজেট বাস্তবায়নে স্থানীয় সরকারকে কাজে লাগানোতে সমস্যা আছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সাংসদ ও স্থানীয় সরকারের মধ্যকার দ্বন্দ্বগুলো এখনো দূর করতে পারিনি। কারণ, রাজনীতি।’ তবে আশা ছাড়েননি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আগামীতে কিছু করার চেষ্টা করা হবে।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘বাজেট মানে শুধু অর্থনৈতিক নয়, সব বাজেটই হলো আর্থ-রাজনৈতিক।’ তিনি বলেন, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন নিয়ে এত হইচই করেন। এটি চিরদিনই এ রকম। ১৩ বছরের মধ্যে এডিপির বাস্তবায়ন হার এখন ভালো।’ প্রবৃদ্ধির হার বাড়িয়ে ধরে বাজেট প্রবণতায় পরিবর্তন আনতে চান বলে জানান অর্থমন্ত্রী। বাজেটে মূল্য সংযোজন করের (মূসক) আওতা বাড়ানোর সমালোচনা করে মঈন খান বলেন, এতে নিম্ন আয়ের মানুষের ওপর চাপ পড়বে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মন্তব্য করে আগামী দিনে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে মঈন খান সবচেয়ে সোচ্চার হন দ্রুত ভাড়াভিত্তিক (কুইক রেন্টাল) বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে। তিনি বলেন, ‘এই কুইক রেন্টাল রক্তক্ষরণ ঘটিয়েছে দেশের অর্থনীতিতে। সরকারের এই বিদ্যুৎনীতি বুমেরাং হয়েছে।’ তবে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক বলেন, কুইক রেন্টাল বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিশ্বব্যাংকের তথ্য নিয়ে তিনি একটি গবেষণা করেছেন। কুইক রেন্টাল না হলে দেশের অর্থনীতিতে এক লাখ ৬৩ হাজার কোটি টাকার নেতিবাচক প্রভাব পড়ত।বিনায়ক সেন বলেন, ‘তীব্র ভাষায় বলব না, তবে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন দুষ্কর কাজ। তা আসলে দরকারও নেই।’ উচ্চ প্রবৃদ্ধির দরকার থাকলেও ৬ দশমিক ৫ শতাংশও কম নয় বলে তিনি মনে করেন।