‘মামা, একটা সিগারেট দাও তো’ বলে সিগারেটওয়ালার দিকে পাঁচ টাকার একটা নোট বাড়িয়ে দিল ছেলেটি। তার পরনে সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট। সিগারেটটা হাতে পাওয়া মাত্রই কোনো দিকে না তাকিয়েই তাতে আগুন ধরালো ছেলেটি। ছোট্ট একটা কাশি দিয়ে বাতাসে উড়িয়ে দিল মুখের ভেতরকার জমাটবদ্ধ ধোঁয়া। যদিও তার গোঁফের রেখাটি এখনো স্পষ্ট হয়নি। এরই মধ্যে সিগারেট খাওয়ার কৌশল রপ্ত করে ফেলেছে সে। স্কুলের পোশাক পরে সিগারেট ফুঁকতে ফুঁকতে হেঁটে চলার দৃশ্য এই নগরে এখন হরহামেশাই চোখে পড়ে। কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী, ১৬ বছরের নিচে কারও কাছে বিড়ি, সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। নগরের মোড়ে মোড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সিগারেটের দোকানের দোকানি আর ভ্রাম্যমাণ সিগারেট বিক্রেতারা সেসব নিয়মকানুনের তোয়াক্কা না করে নির্বিবাদে সবার কাছে বিক্রি করছে তামাকজাত দ্রব্য। এতে লঙ্ঘিত হচ্ছে ১৯১৯ সালে প্রণীত ‘জুভেনাইল স্মোকিং অ্যাক্ট’ বা কিশোর ধূমপান আইন।কিশোর ধূমপান আইন, ১৯১৯-এর ৩ ধারায় উল্লেখ আছে, ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীর কাছে কেউ কোনো তামাক, নল বা সিগারেট বিক্রি করতে পারবে না। প্রচার না থাকায় আইনের এই নিষেধাজ্ঞার কথা বেশির ভাগ সিগারেট বিক্রেতাই জানেন না। নিউমার্কেট মোড়ে সিগারেট বিক্রেতা শান্ত বলছিল, ‘আমার কাজ সিগারেট বেচা, ট্যাহা দিয়া কিনবার চাইলে আমি কেন বেচুম না। আইজ পর্যন্ত কেউই কয় নাই যে পোলাপানগো কাছে সিগারেট বিক্রি করা যাইব না। তয় এখন জানলাম।’ সিগারেট বিক্রেতা শান্ত আর নিউমার্কেট মোড়ে দায়িত্বরত পুলিশ কনস্টেবলের মধ্যে এ বিষয়ে জ্ঞানগত পার্থক্য পাওয়া গেল না। আইন প্রয়োগের ক্ষমতা যাঁদের হাতে, সেই পুলিশ বাহিনীর মাঠপর্যায়ে কাজ করেন যাঁরা, তাঁদেরও অনেকেই জানেন না যে ১৬ বছরের কম বয়সী কারও কাছে সিগারেট অবৈধ। তবে পুলিশ কনস্টেবল না জানলে কী হবে, কিশোর ধূমপান আইন, ১৯১৯-এর ৪ ধারায় স্পষ্ট অক্ষরে লেখা আছে, ১৬ বছরের কম বয়সী কারও কাছে তামাক বা সিগারেট পাওয়া গেলে পুলিশ তা জব্দ করতে পারবে। শুধু তা-ই নয়, আইন অমান্যকারীকে তার অপরাধের শাস্তিস্বরূপ ১০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে।অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বিক্রির ব্যাপারটি খুবই আশঙ্কাজনক জানিয়ে জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য অধ্যাপক অরূপ রতন চৌধুরী বলেন, ধূমপানের ওপর যেসব গবেষণা চালানো হয় এর বেশির ভাগই ১৫ বছরের ঊর্ধ্ববয়সীদের ওপর। শিশু-কিশোরেরা যাতে ধূমপানে উৎসাহিত না হয়, সে জন্য অবশ্য আইনটি কার্যকর করতে হবে। তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ করেই নয়, সামাজিকভাবেও শিশু-কিশোরদের ধূমপানে নিরুৎসাহিত করতে হবে এবং সেই সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে সিগারেটপ্রাপ্তির স্থান। ১৯১৯ সালে প্রণীত জুভেনাইল অ্যাক্ট লঙ্ঘনের জরিমানা সর্বোচ্চ ৫০ টাকা। তাছাড়া এই আইনের ৫ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট তখনই অপরাধ আমলে নিতে পারবেন, যখন সংশ্লিষ্ট কিশোর-কিশোরীর অভিভাবক বা পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অভিযোগ করবেন। তবে ৯১ বছর আগের প্রণীত এই আইনটি কখনোই সংশোধন বা পরিমার্জন করা হয়নি। আইনটির সংশোধনের প্রয়োজনীয়তা স্বীকার করে আইনবিদ মনজিল মোরসেদ বলেন, ‘আমাদের যাঁরা আইনপ্রণেতা আছেন, তাঁদের অবশ্যই এই আইনটি নিয়ে নতুন করে ভাবা প্রয়োজন। কারণ, ৯১ বছর আগের ৫০ টাকা আর এখনকার ৫০ টাকা কোনোভাবেই এক হতে পারে না।’ নগরের মোড়ে মোড়ে যারা সিগারেট বিক্রি করে, তারা কেউই ক্রেতার বয়স ১২, নাকি ১৫ বছর, তা দেখে না জানিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, কিশোর ধূমপান আইনটা আসলে দীর্ঘদিনের পুরোনো আইন হওয়াতে এটি বর্তমানে প্রয়োগ হচ্ছে না বললেই চলে। তবে, আইনটি যেহেতু বলবৎ আছে তাই এটি পরিমার্জনের প্রয়োজনীয়তা স্বীকার করে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে অবশ্যই আমরা আইনটির পরিমার্জন করব।’