অপ্রাসঙ্গিক ও বেনামি অভিযোগ পাওয়ায় কাজ করতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে বিচারে বিলম্ব এবং মামলাভুক্ত জনগণের হয়রানি ও দুর্নীতির কারণ অনুসন্ধানে প্রায় চার মাস আগে পাঁচজন বিচারপতির সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছিল। এ পর্যন্ত ওই কমিটির কাছে অর্ধশতাধিক আবেদন জমা পড়েছে। কিন্তু অভিযোগগুলোর বেশির ভাগই অপ্রাসঙ্গিক হওয়ায় কমিটি সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না।জানা যায়, কমিটির আওতাধীন নয় এমন বিষয়েও অভিযোগ আসছে। এমনকি অভিযোগকারীর নাম ও ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ থাকছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক নাগরিক নিজের পরিচয় দিয়েছেন ‘এ সিটিজেন অব বাংলাদেশ’। তিনি নিম্ন আদালতে ধর্ষণ, হত্যাসহ গুরুতর অভিযোগসংক্রান্ত মামলায় আসামিদের বিষয়ে নমনীয় দৃষ্টিভঙ্গি ও আইনশৃঙ্খলার অবনতি বিষয়ে অভিযোগ করেছেন। এই অস্পষ্ট অভিযোগ নিয়ে কমিটি আলোচনা করলেও করণীয় ঠিক করতে পারেনি।আরেকটি ছিল ফৌজদারি মিস শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির অভিযোগ। কমিটি তদন্ত সাপেক্ষে ওই কর্মকর্তাকে অন্যত্র বদলি করে। কমিটির কাছে আরেকটি অভিযোগ আসে দলনিরপেক্ষ স্বাধীনতা ও গণতন্ত্রকর্মীদের বরাত দিয়ে। এতে বলা হয়, বর্তমান সরকারের আমলে মুক্তিযুদ্ধের সমর্থক মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ জজদের নানা চক্রান্ত করে বাদ দিয়ে বিশেষ অঞ্চলের জামায়াত ও বিএনপি-সমর্থক জেলা জজদের হাইকোর্টে জজ ও অন্যান্য জ্যেষ্ঠ বিচার বিভাগীয় পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এ ছাড়া কনিষ্ঠ জেলা জজদের ঢাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় নিয়োগ দিয়ে সাংবিধানিক নিরাপত্তা ও বিচার বিভাগীয় নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের ঢালাও ও বেনামি অভিযোগ সম্পর্কে কমিটি পরবর্তী পদক্ষেপ নিতে পারেনি।জানা যায়, গত ২৩ জানুয়ারি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সুপ্রিম কোর্টে বিচার বিলম্বসহ মামলাভুক্ত জনগণের হয়রানি ও দুর্নীতির কারণ অনুসন্ধানে সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির সমন্বয়ে কমিটি গঠন করেন। গত চার মাসে কমিটির সদস্যরা একাধিক বৈঠকে বসেন। কমিটির সর্বশেষ বৈঠক হয় মার্চের শেষ সপ্তাহে। সূত্রমতে, অর্ধশতাধিক অভিযোগ পাওয়া গেলেও ১০-১২টি অভিযোগের তদন্ত চলছে, বাকিগুলো অপ্রাসঙ্গিক এবং অভিযোগকারীদের নাম-ঠিকানা নেই।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত চার মাসে কমিটির কাছে আসা অভিযোগগুলোর অধিকাংশই ছিল এমন অপ্রাসঙ্গিক। এ ছাড়া বেশির ভাগ অভিযোগের বিষয়বস্তু সুস্পষ্ট নয়। অনেক ক্ষেত্রে প্রেরকের নাম ও ঠিকানা পূর্ণাঙ্গভাবে লেখা নেই।এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল মঙ্গলবার অতিরিক্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহম্মেদ প্রথম আলোকে বলেন, পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে। কমিটির প্রাপ্ত অভিযোগ এবং এগুলো নিষ্পত্তির অগ্রগতি বিষয়ে জানতে চাইতে তিনি মন্তব্য করতে রাজি হননি। সূত্র জানায়, চারটি বিষয় বিবেচনার জন্য ওই কমিটি গঠন করা হয়েছিল। সুপ্রিম কোর্টে বিচার বিলম্বের কারণ খুঁজে দেখা ছিল অন্যতম কাজ। মামলাভুক্ত জনগণের হয়রানি ও দুর্নীতির কারণ অনুসন্ধান করার দায়িত্ব ছিল কমিটির ওপর। সম্ভব হলে দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করা এবং সেগুলো নিরসনের জন্য করণীয় নির্ধারণের কথা বলা হয়েছিল। কিন্তু প্রাপ্ত অভিযোগগুলো পর্যালোচনা করে দেখা গেছে, কমিটির আওতার বাইরের ব্যক্তিগত দ্বন্দ্ব, বিরোধ ও অপ্রাসঙ্গিক বিষয়েই বেশি অভিযোগ আসছে। এমনকি কে, কবে, কোথায়, কখন ও কীভাবে হয়রানি ও দুর্নীতির শিকার হয়েছেন, সে বিষয়েও তথ্য থাকছে না। এ জন্য কমিটি চাইলেও অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।জানা যায়, গত ২৩ জানুয়ারি কমিটি গঠনের পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ৩১ জানুয়ারি একটি অভিযোগ বাক্স রাখা হয়। তাতে লেখা, ‘আপনার কোনো অভিযোগ থাকলে এই বাক্সে ফেলুন’। এটা এখনো আছে।জানা যায়, যথেষ্ট ও যথাযথ অভিযোগ জমা না পড়ায় জনসচেতনতা বাড়াতে গত ৩ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট, বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের আদালত প্রশাসন ও মামলা ব্যবস্থাপনা-সম্পর্কিত বিষয়ে কারও কোনো অভিযোগ বা মতামত থাকলে রেজিস্ট্রার চেম্বারের সামনে রাখা অভিযোগ বাক্সে তা জমা দেওয়া যাবে। এই অনুরোধ করে ইতিপূর্বেও বিজ্ঞপ্তি প্রচার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিমধ্যে কিছু অভিযোগ পাওয়া গেলেও অভিযোগ সুনির্দিষ্ট না হওয়ায় এবং অভিযোগকারীর নাম, পরিচয় বা টেলিফোন নম্বর না থাকায় সংশ্লিষ্ট অভিযোগ বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা যাচ্ছে না। তাই কারও কোনো অভিযোগ থাকলে নাম-পরিচয় ও টেলিফোন নম্বর উল্লেখ করে অভিযোগ বাক্সে তা দাখিলের অনুরোধ করা হয়েছে।প্রসঙ্গত, গত বছরের ২৩ ডিসেম্বর প্রকাশিত টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০১০-এর ফলাফলে দেখা যায়, বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশকেই ঘুষ দিতে হয় এবং তাদের নানা অনিয়মের শিকার হতে হয়। সুপ্রিম কোর্ট টিআইবির ওই প্রতিবেদন মূল্যায়নের জন্য কমিটি গঠন করেন। গত ১৮ জানুয়ারি মূল্যায়ন কমিটি প্রধান বিচারপতির কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, টিআইবির তথ্যের ওপর নির্ভর করে বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত কাউকে ঘুষ অথবা হয়রানির সঙ্গে জড়িত বলে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে টিআইবির প্রতিবেদনে বিচার বিভাগের দুর্নীতির সঠিক তথ্য অনুপস্থিত থাকলেও বিচার ব্যবস্থাপনায় নানা ধরনের দুর্নীতি যে বিরাজমান, তা অস্বীকার করা যায় না। পরবর্তী সময়ে পাঁচজন বিচারপতির সমন্বয়ে ওই কমিটি গঠন করা হয়।