প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকাপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। পরীক্ষা খুবই সন্নিকটে। এ মুহূর্তে তোমরা সবাই হয়তো পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করে বারবার রিভিশন দিচ্ছ। পরীক্ষার খাতায় নির্ভুল ও মানসম্পন্ন প্রাসঙ্গিক উপস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কাটাকাটি পরিহার করা, কাটতে হলে একটানে কাটা, একই প্রশ্নের একাধিক অংশ থাকলে ক্রমানুসারে লেখা, প্রয়োজনে পয়েন্টগুলো হাইলাইট করা ভালো।সৃজনশীল পদ্ধতিতে পরিমিত প্রশ্ন, পরিমিত উত্তর, অর্থাৎ সুনির্দিষ্ট প্রশ্নের জন্য সুনির্দিষ্ট উত্তর লিখতে হবে। অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। কভার পৃষ্ঠায় বৃত্ত ভরাটে সাবধানতা অবলম্বন করতে হবে। যদি ভুল হয়েই যায়, নার্ভাস না হয়ে ওপরে সঠিক সংখ্যা লিখে সঠিক বৃত্তটি ভরাট করতে হবে। নৈর্ব্যত্তিক অংশে প্রশ্নের সেট কোড নিশ্চিত হয়ে ধীরেসুস্থে ঠান্ডা মাথায় বৃত্ত ভরাট করতে হবে। পরীক্ষার রুটিনটি ভালোভাবে খেয়াল করতে হবে, যাতে পরীক্ষার বিষয় ও সময়সূচির কোনোরূপ গরমিল না ঘটে। এ ব্যাপারে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।