জাতিসংঘে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা আজ
অপ্রীতিকর প্রশ্নে বিব্রত হতে পারে বাংলাদেশ
সাভারের ভবনধসের ঘটনায় তিন শতাধিক পোশাক শ্রমিকের মৃত্যু বাংলাদেশের শ্রমিকদের অধিকারের বিষয়টিকে বৈশ্বিক পর্যায়ে যেভাবে আলোচনায় তুলে এনেছে, আজ সোমবার তা বিশ্বসভার একটি গুরুত্বপূর্ণ ফোরামের আনুষ্ঠানিক আলোচনায় স্থান পেতে পারে। শ্রমিকদের অধিকারের বিষয়টিসহ বহু অপ্রীতিকর প্রশ্ন আজ আলোচনায় উঠবে জাতিসংঘের মানবাধিকার সংস্থায়। এগুলোর মধ্যে রয়েছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ না হওয়া, রাজনৈতিক সভা-সমাবেশে প্রশাসনিক বাধা সৃষ্টি, বিচার বিভাগের স্বাধীনতার অভাব, নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য দূর করায় আশানুরূপ অগ্রগতি না হওয়া, সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা এবং ক্ষুদ্র জাতিসত্তার সম-অধিকার ইত্যাদি। পাশাপাশি রয়েছে মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ কতটা বিবেচনায় নেওয়া হয়েছে, সে প্রসঙ্গও।জেনেভায় জাতিসংঘ দপ্তরে আজ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে যে পর্যালোচনা সভা হবে, এটি নিয়মিত বিরতিতে একটি নির্দিষ্ট সময়কালের মানবাধিকার পরিস্থিতির সর্বজনীন পরিবীক্ষণ—ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের আয়োজনে প্রতি চার বছর পর পর পৃথিবীর সব দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার এ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০০৯ সালে এবং এটি বাংলাদেশের দ্বিতীয় ইউপিআর। জাতিসংঘের এটিই একমাত্র প্রতিষ্ঠান, যার আওতায় বিশ্বের ১৯৩টি সদস্যরাষ্ট্রের সবার মানবাধিকার পরিস্থিতি একবার পরিবীক্ষণ সম্পন্ন হয়েছে। এ পর্যালোচনায় বাংলাদেশ সরকারের প্রতিনিধি, জাতীয় মানবাধিকার কমিশন, দেশি-বিদেশি ও বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো, বিভিন্ন নাগরিক সংগঠন, উন্নয়ন সংস্থা এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য ৪৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে দেখা যায়, মানবাধিকারবিষয়ক কার্যপদ্ধতির ক্ষেত্রে অনেকগুলো সনদ বাস্তবায়নবিষয়ক কমিটির সঙ্গে সহযোগিতায় যথেষ্ট ঘাটতি রয়েছে। নির্যাতনবিষয়ক সনদ বাস্তবায়নের বিষয়ে ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের চারটি প্রতিবেদন পেশ করার কথা থাকলেও করেনি। মানবাধিকার কমিটির প্রতিবেদন ২০০২ সালে জমা দেওয়ার কথা থাকলেও এক যুগেও তা জমা হয়নি। এ ধরনের অন্তত সাতটি ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর কয়েক বছর কেটে গেলেও কোনো প্রতিবেদন জমা পড়েনি। একইভাবে কিছু কিছু ক্ষেত্রে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মনোনীত জাতিসংঘের বাইরের বিশেষজ্ঞ বা স্পেশাল র্যাপোর্টিয়ারদের বাংলাদেশ সফরের অনুরোধে সরকার কোনো সাড়া দেয়নি অথবা সাড়া দিলেও সফরের দিনক্ষণ প্রশ্নে সমঝোতা না হওয়ায় তা বাস্তবায়িত হয়নি।বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারের মূল্যায়ন সরকারের জন্য কিছুটা বিব্রতকর হতে পারে এ কারণে যে, এর আগের পরিবীক্ষণের সময় তারাই (সরকার) কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিল। ২০০৯ সালের আগে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আইনবহির্ভূত হত্যা, অপহরণ এবং গুমের যেসব অভিযোগ উঠেছিল, তার পটভূমিতে সরকারের বক্তব্য ছিল, একটি অনির্বাচিত সরকারের অধীনে এসব ঘটনা ঘটে থাকলেও তারা এগুলো বন্ধ করার পাশাপাশি সব অভিযোগের তদন্ত ও বিচার করবে।কিন্তু বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন তার প্রতিবেদনে জানিয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা কমলেও তা অব্যাহত রয়েছে। আর হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠনের পেশ করা হিসাবে গত চার বছরে এ সংখ্যা ছিল দুই শতাধিক। এসব সংগঠনের অভিযোগ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে। নেদারল্যান্ডস এবং মন্টেনেগ্রো সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে, সরকার নিরাপত্তাবাহিনীর বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতন বন্ধে কী ব্যবস্থা নেবে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের এ রকম অপরাধে দায়মুক্তি বন্ধে সরকার কী করবে, সেটাও তাদের প্রশ্ন।যুক্তরাজ্যের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, নিরাপত্তা বাহিনী জোর করে ধরে নিয়ে গিয়ে যে গুম করে ফেলে, সে বিষয়ে যেসব অভিযোগ জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুমবিষয়ক কমিটি বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করেছে, সেই পটভূমিতে এ কৌশল অনুসরণ বন্ধ করতে সরকার কী পদক্ষেপ নেবে?নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং সেটিকে অপরাধ হিসেবে গণ্য করার আইনগত কাঠামো প্রণয়নে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছে যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডস। সরকার ঘোষিত নারীনীতির বিরুদ্ধে যেসব বক্তব্য এসেছে তাতে উদ্বেগ প্রকাশ করে নরওয়ে এ নীতিমালা বাস্তবায়নের সময়সূচি জানতে চেয়েছে। একই সঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধন এবং ভূমি সংস্কার ত্বরান্বিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে পূর্ণমাত্রায় স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে জার্মানি।লিখটেনস্টেইন অতীতের গুরুতর অপরাধের বিচারে সরকারের উদ্যোগের প্রশংসা করলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিচারের ক্ষেত্রে আইনের শাসন এবং মানবাধিকারের সর্বোচ্চ মান বজায় রাখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে। একই ধরনের প্রশ্ন তুলেছে চেক প্রজাতন্ত্র।বেসরকারি সংগঠন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে পেশ করা প্রতিবেদনগুলোর সংকলিত স্মারকে দেখা যায়, হিউম্যান রাইটস ওয়াচ আবারও র্যাব ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিদের বেআইনিভাবে আটক রাখা, হত্যা এবং নির্যাতনের বিবরণ তারা নথিবদ্ধ করেছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে বলেছে, এসব অপরাধের জন্য তাদের কখনোই জবাবদিহি করতে হয় না।যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিক জোট সিভিকাস বলেছে, ২০১২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় মোট ৭৮ বার ১৪৪ ধারা জারি করে রাজনৈতিক সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। নেদারল্যান্ডসভিত্তিক মানবাধিকার গোষ্ঠী গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স বলেছে, ২০১১-১২ সালে হিন্দু ও বৌদ্ধদের ওপর হামলার অনেক অভিযোগ তারা তদন্ত করে দেখেছে যে অগ্নিসংযোগ, লুট, প্রার্থনালয় ধ্বংস করা এবং নারীদের ওপর যৌন সহিংসতার ঘটনা ঘটেছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে জুম্ম ও আদিবাসী জনগোষ্ঠীর বিরুদ্ধে এ সময়ে সহিংসতা বেড়েছে এবং তাদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদের প্রক্রিয়া অব্যাহত আছে।