অফিস খুলে দেখা গেল দুই কর্মী শুয়ে আছেন দেহে প্রাণ নেই
পুরান ঢাকায় ইন্টারনেট সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের দুই কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ গতকাল বুধবার সকালে কে এম দাস লেনের ওই প্রতিষ্ঠান থেকে দুই কর্মী হেলাল মিয়া (২৮) ও রফিকুল ইসলামের (২৭) লাশ উদ্ধার করেছে। তাঁদের মৃত্যু রহস্যজনক বলে মনে করছে পুলিশ। লাশ উদ্ধারকারী সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জালালউদ্দিন প্রথম আলোকে জানান, মৃত দুজনই ঘুমন্ত মানুষের মতো শুয়ে ছিলেন। তাঁদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দুজনের বিছানার পাশে দুটি পানির বোতল ছিল। বোতলের পানি ছিল স্বাভাবিক।হেলাল মিয়া ও রফিকুল ইসলাম কে এম দাস লেনের ‘জিনিয়াস নেট বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে খবর পেয়ে পুলিশ অফিসের মেঝেতে পড়ে থাকা অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করে। কারও শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।জিনিয়াস নেটের মালিক জিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, রফিকুল ও হেলাল কাজ শেষে রাতে প্রতিষ্ঠানটিতেই ঘুমাতেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মোবাইল ফোনে হেলালের সঙ্গে তাঁর কথা হয়। হেলাল তাঁকে জানান, কিছুক্ষণের মধ্যে তাঁরা ঘুমিয়ে পড়বেন। জিয়া বলেন, গতকাল সকাল সাড়ে ১০টায় তিন মাঠকর্মী এসে কড়া নেড়ে কারও কোনো শব্দ পাননি। তখন তাঁকে বিষয়টি জানালে তিনি এসে ভেতরে ঢুকে এ অবস্থা দেখতে পান। জিয়া জানান, তিনি বিকল্প চাবি দিয়ে বন্ধ থাকা কলাপসিবল গেট ও আরেকটি দরজার তালা খুলে ভেতরে ঢোকেন।গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। এক দরজার অফিসটিতে কোনো জানালা নেই। শুধু আলো বাতাস চলার জন্য একটু গোলাকার ফোকর আছে। তাও কাচে ঢাকা। পাশের দোকানিরা বলেছেন, এই মৃত্যু নিয়ে তাঁরা কিছুই জানেন না।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ উপপরিদর্শক বি এম ফরমান আলী ও উপপরিদর্শক জালালউদ্দিন বলেন, রাতে এলাকায় বিদ্যুৎ ছিল না। মনে হচ্ছে, বন্ধ কক্ষটিতে অক্সিজেনের ঘাটতির কারণে তাঁদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক জিয়া চৌধুরী বাদী হয়ে সূত্রাপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। জিয়া জানান, মৃত দুজনই তাঁর বিশ্বস্ত কর্মী ছিলেন। রফিকুল ঋণ নিয়ে বিয়ে করে মাত্র তিন দিন আগে গ্রামের বাড়ি থেকে ফিরেছেন।