অফিস মেহেরপুরে, নথি চুয়াডাঙ্গায়
জেলা মৎস্য অফিস মেহেরপুরে, কিন্তু এর সব নথিপত্র থাকে চুয়াডাঙ্গা জেলায়। একজন পাহারাদার ও পিয়ন ছাড়া মেহেরপুরের ওই অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী নেই।পদ শূন্য থাকায় চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা এই অফিসের অতিরিক্ত দায়িত্বে আছেন। গুরুত্বপূর্ণ এই দুই পদ দেড় বছর ধরে শূন্য। তাই অফিসের সব নথিপত্র এখন চুয়াডাঙ্গায় থাকে।আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ডপাড়ায় অবস্থিত জেলা মৎস্য অফিসে গিয়ে দেখা যায়, চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী ছাড়া অফিস ভবনে কেউ নেই। দোতলায় ভাঙা পাঁচটি মোটরসাইকেল স্তূপ করা আছে। চারদিক নোংরা। পুরো ঘর ফাঁকা। অফিসের মধ্যেই থাকা-খাওয়ার ব্যবস্থা।নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী বলেন, ‘কোনো স্যার নেই। চুয়াডাঙ্গার কর্মকর্তা এখানকার দায়িত্বে। এখানকার গুরুত্বপূর্ণ সব নথি চুয়াডাঙ্গায় থাকে। কোনো নথি সই ও চিঠি দেখাতে প্রতিদিন নিজের অর্থ ব্যয় করে চুয়াডাঙ্গা যেতে হয়। তাই সকালে কিছুক্ষণ অফিস খুলে আবার বন্ধ করে দিতে হয়।’ জানা যায়, অফিসের সাতটি পদের মধ্যে পাঁচটিতে কেউ নেই। এ ছাড়া মুজিবনগর ও সদর উপজেলা মৎস্য খামার কর্মকর্তা নেই এক বছর।এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা (মেহেরপুরের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন) বজলুল রশিদ বলেন, চুয়াডাঙ্গা অফিসে প্রচুর কাজ। তাই মূল কর্মস্থল ছেড়ে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য মেহেরপুর অফিসে যাওয়া সম্ভব হয় না। এর পরও যেহেতু তিনি মেহেরপুর অফিসের দায়িত্বে, এ কারণে মেহেরপুর জেলা মৎস্য অফিসের গুরুত্বপূর্ণ সব নথি ও কাজের সুবিধার্থে চুয়াডাঙ্গায় তাঁর কাছে নিয়ে রাখতে হয়েছে। কারণ, জনবলবিহীন মেহেরপুর অফিস থেকে কোনো নথি হারিয়ে গেলে, সেই কৈফিয়ত তাঁকেই দিতে হবে।