অফিসগুলোতে যত হয়রানি
নামজারি/নামপত্তন (মিউটেশন), সংশোধনী সহিমোহরের পরচা, রেকর্ড ভাঙা (১৫০ ধারা), বন্দোবস্ত নবায়ন, খাস জমি বরাদ্দ পাওয়া এবং করাতকলের লাইসেন্স পাওয়ার প্রতিবেদনের জন্য প্রতিদিন অসংখ্য মানুষ ঝালকাঠি জেলার চারটি উপজেলার ভূমি অফিসে আসেন। ভূমি অফিসে আসা মানুষকে প্রতিদিন নানা ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়। ভূমি অফিসে কাজ করাতে এসে হয়রানির শিকার হননি এমন লোকের সংখ্যা খুবই কম। হয়রানির শিকার হলেও কেউ অফিসের কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ করতে চান না। কারণ সবার একই কথা—জমি যতদিন আছে, ততদিন কোনো না কোনো কাজে এখানে আসতেই হবে। তখন বাড়তি ভোগান্তিতে পড়তে হবে। ঝালকাঠি সদর উপজেলা ভূমি অফিসের সামনে লেখা নাগরিক সনদ (সিটিজেন চার্টার) থেকে জানা যায়, একটি নামজারি বা মিউটেশন আবেদন নিষ্পত্তির জন্য ৩০ দিন সময় প্রয়োজন। আর এর জন্য সরকার নির্ধারিত ফি মাত্র ২৩৭.৫০ টাকা (দুই শ সাঁইত্রিশ টাকা পঞ্চাশ পয়সা)। নানা কাজে ভূমি অফিসে নিয়মিত আসেন এমন লোক, মহরার, আইনজীবী ও দলিল লেখকের সঙ্গে কথা বলে জানা গেছে, কাগজপত্র সব ঠিক থাকলেও ৩০ দিনের মধ্যে মিউটেশন সম্পন্ন হয়েছে, এমন নজির খুবই কম। আর ২৩৭ টাকায় মিউটেশন সম্পন্ন হয়েছে, এ কথা কেউ কল্পনাও করতে পারেন না। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, একটি নামজারি বা মিউটেশন করার জন্য আবেদনকারী ইচ্ছা করলে নিজেই ধাপে ধাপে টাকা-পয়সা খরচ করে কাজ করাতে পারেন, তবে সংশ্লিষ্ট ভূমি অফিসের যেকোন একজন কর্মচারীর সঙ্গে চুক্তিবদ্ধ হলেই ভালো হয়। এ ক্ষেত্রে একজন অফিস সহকারী, এমএলএসএস বা অন্য কোনো কর্মচারী একটি রেকর্ড করিয়ে দেওয়ার জন্য এক হাজার থেকে পাঁচ হাজার টাকা, ক্ষেত্রবিশেষে আরও বেশি টাকায় চুক্তিবদ্ধ হয়ে থাকেন। এ ক্ষেত্রে আবেদনকারীর শুধু যাবতীয় কাগজপত্র এবং টাকা বুঝিয়ে দিলেই চলবে। বাকি কাজ চুক্তিবদ্ধ কর্মচারীই করে থাকেন। নামজারি বা মিউটেশনের কাজটি আবেদনকারী নিজে তদবির করে করলে খরচের ধরন হচ্ছে—নামজারির জন্য সহকারী কমিশনারের কাছে আবেদন করার পর আবেদনে তিনি স্বাক্ষর করে পাঠিয়ে দেন সংশ্লিষ্ট অফিস সহকারীর কাছে। অফিস সহকারী আবেদনে ক্রমিক নং বসিয়ে তদন্ত করার জন্য পাঠিয়ে দেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি বা পৌর ভূমি সহকারী কর্মকর্তার (তহশিলদার) কাছে। ক্রমিক নং বা আবেদন নং বসিয়ে তহশিলদারের কাছে পাঠানোর জন্য অফিস সহকারীকে দিতে হয় ১০০-৫০০ টাকা। আবেদন পাওয়ার পর তহশিলদার সরেজমিন তদন্ত করে এসিল্যান্ড বরাবরে প্রতিবেদন জমা দেন। এ জন্য তহশিলদারকে দিতে হয় ৫০০-২০০০ টাকা। আবেদিত জমির দাম বেশি হলে এবং জমি পৌরসভার মধ্যে হলে আরও বেশি টাকা দিতে হয়। উপজেলা ভূমি অফিসের তহশিলদারের প্রতিবেদন আসার পর ক্রেতা-বিক্রেতাদের নোটিশ করা হয়। নোটিশ জারির জন্য জারিকারককে দিতে হয় ২০০-৫০০ টাকা। নোটিশ জারির পর দুই পক্ষের আপত্তি-অনাপত্তির শুনানির পর সংশ্লিষ্ট অফিস সহকারী (পেশকার) রেকর্ড প্রক্রিয়া শুরু করেন। এ জন্য তাঁকে দিতে হয় এক হাজার থেকে দুই হাজার টাকা। কোনো ধরনের আপত্তি বা কাগজপত্রে সামান্য ত্রুটি থাকলে টাকা আরও বেশি দিতে হয়। একটি নামজারি বা মিউটেশন সম্পন্ন করতে ক্ষেত্রবিশেষে সর্বমোট দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। আর এতে সময় লাগে ৩ থেকে ১২ মাস, আবার কখনো এক থেকে পাঁচ বছর। সহিমোহরের নকল: জমির খতিয়ান ও পরচার সহিমোহরের নকলের জন্য লোকজনকে উপজেলা ভূমি অফিসে আসতে হয়। সাধারণত নকলের জন্য জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড শাখায় (মহাফেজখানা) আবেদন করতে হয়। এখান থেকেই নির্দিষ্ট সময়ে আবেদনকারীর নকল পাওয়ার কথা। কিন্তু উপজেলা ভূমি অফিসে তদবির না করলে আদৌ নকল পাওয়া সম্ভব নয়। আর এর জন্য রেকর্ডরুমে ৫০ থেকে ১০০ টাকা এবং নকল লেখার জন্য ভূমি অফিসের সংশ্লিষ্ট অফিস সহকারীকে (পেশকার) লেখা খরচ বাবদ ১০০ থেকে ৫০০ টাকা এবং নকলের পরিমাণ বেশি হলে বা জরুরি নিতে হলে অতিরিক্ত টাকা দিতে হয়। এ ছাড়া ভূমি অফিসের বালাম বই দেখতে পিয়নকে ২০ থেকে ৫০ টাকা ও পরচার খসড়া নিতে ৫০ থেকে ১০০ টাকা দিতে হয়। সম্প্রতি জেলা প্রশাসক খসড়া না দিতে সব ভূমি অফিসের প্রতি নির্দেশ জারি করেন। নির্দেশ জারির আগে খসড়া নিতে ১০ থেকে ২০ টাকা দিতে হতো। নিষেধাজ্ঞা জারির পর টাকার পরিমাণ বেড়েছে। তবে আগে প্রকাশ্যে খসড়া দেওয়া হলেও এখন আড়ালে-আবডালে দেওয়া হয়। এ ছাড়া খাস জমি বন্দোবস্ত পাওয়ার পর তা মাপজোক করানোর জন্য প্রত্যেক ভূমি অফিসের সার্ভেয়ারকে ২০০ থেকে এক হাজার টাকা ও করাতকলের লাইসেন্সের প্রতিবেদনের জন্য সার্ভেয়ারকে ৫০০ থেকে এক হাজার টাকা দিতে হয়।সম্প্রতি ঝালকাঠি সদর উপজেলা ভূমি অফিসে আসা শহরের নতুন কলেজ সড়কের শফিকুল ইসলাম, পূর্ব চাঁদকাঠির খোকন গাজী, কৃষ্ণকাঠির আনোয়ার হোসেন, কাঠপট্টির আবদুল হামেদ, স্টেশন রোডের কদম আলী খান, পূর্ব চাঁদকাঠির সনজিব মণ্ডল, রাজাপুর উপজেলা ভূমি অফিসে আসা আদাখোলা গ্রামের আ. মান্নান, নিজগালুয়া গ্রামের সামছুল আলম, ইন্দ্রপাশা গ্রামের ইদ্রিস হাওলাদার, মানকি গ্রামের আকবর হোসেন, পাইলট গ্রামের রুহুল আমিন, নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের জলিল মোল্লা, গোয়ালকাঠি গ্রামের জুলফিকার আলী, সারদল গ্রামের আনোয়ার হোসেন, কাঁঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ বাজারের সাইদুর রহমান, উত্তর তালগাছিয়া গ্রামের ছোহরাব মল্লিক, চিংড়াখালী গ্রামের মাসুদ হোসেনসহ কয়েকজনের সঙ্গে কথা বলে উল্লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি পৌরসভার বিকনা এলাকার লুত্ফর রহমান সম্প্রতি সদর উপজেলা ভূমি অফিস থেকে বিকনা মৌজার তিন শতাংশ জমি রেকর্ড করিয়েছেন। রেকর্ড-প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর সময় লেগেছে এক বছর এবং টাকা খরচ হয়েছে ১০ হাজার। তদবির করাতে হয়েছে বড় বড় সরকারি কর্মকর্তাকে দিয়ে। লুৎফর রহমান জানান, ২০০৮ সালের শেষের দিকে বিকনা মৌজার তাঁর নিজ নামে কেনা তিন শতাংশ জমি রেকর্ড করিয়ে দেওয়ার জন্য ঝালকাঠি সদর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী গিয়াস উদ্দিনের সঙ্গে তিন হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। কথা ছিল দেড় থেকে দুই মাসের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। এসিল্যান্ড নেই, কাগজপত্রে ত্রুটি আছে ইত্যাদি অজুহাতে গিয়াস উদ্দিন তিন থেকে চার দফায় ৫০০ থেকে হাজার টাকা করে আরও চার হাজার টাকা আদায় করেন। সর্বশেষ ২০০৯ সালের সেপ্টেম্বরে এসিল্যান্ডকে দিতে হবে বলে গিয়াসউদ্দিন আরও দুই হাজার টাকা আদায় করেন। এ ছাড়া রেকর্ড সম্পন্ন হওয়ার পর অফিসের অন্যদের খুশি করতে এক হাজার টাকা খরচ হয়। এ ব্যাপারে অফিস সহকারী মো. গিয়াসউদ্দিন বলেন, ‘লুৎফর রহমান নামে কাউকে আমি চিনি না। ওই নামের কোনো কেস আমার কাছে আসেনি। টাকা নেয়ার তো প্রশ্নই আসে না।’ একনজরে সহকারী কমিশনার (ভূমি): পদ-৪টি, শূন্য-২টি কানুনগো: পদ-৪টি, শূন্য-৪টি সার্ভেয়ার: পদ-৮টি, শূন্য-নাই অফিস সহকারী: পদ-২০টি, শূন্য-৮টি জারিকারক: পদ-৮টি, শূন্য-৩টি চেইনম্যান: পদ-৮টি, শূন্য-নাই এমএলএসএস: পদ-৭০টি, শূন্য-২১টি ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার): পদ-৩১টি, শূন্য-৭টি ভূমি উপসহকারি কর্মকর্তা: পদ-৩১টি, শূন্য-৯টি