অফিসে উপস্থিতি কম, এখনো ঈদের আমেজ
ঈদের ছুটির পর গতকাল বুধবার সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। এখনো বিরাজ করছে ঈদের আমেজ। ঢাকার রাস্তাঘাটও এখনো বেশ ফাঁকা।সরকারের প্রাণকেন্দ্র সচিবালয়ে যাঁরা গতকাল কাজে যোগ দিয়েছেন, তাঁদের অনেকেই ঈদের শুভেচ্ছা বিনিময় করে সময় পার করেছেন। কাজকর্ম খুব একটা হয়নি। স্বরাষ্ট্র, নৌপরিবহন, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, অসংখ্য কর্মকর্তা-কর্মচারীর চেয়ার ফাঁকা। তা ছাড়া সচিবালয়ে দর্শনার্থীও ছিল না বললেই চলে। অন্য সময় সচিবালয়ের ফটক ও আশপাশে তদবির ও অন্য উদ্দেশ্যে যাওয়া মানুষের ভিড় দেখা গেলেও গতকালের চিত্র ছিল বিপরীত।সচিবালয়ের বাইরের দপ্তরগুলোতেও ছিল প্রায় একই চিত্র। গ্রামের বাড়িতে যাওয়া ঢাকার সব মানুষ এখনো না ফেরায় রাজধানীতে গিজগিজ ভিড় আর দুর্বিষহ যানজটের সেই রূপ আপাতত অনুপস্থিত। রাস্তাঘাট, বাজার, অফিস, গণপরিবহন—সবই এখনো ফাঁকা ফাঁকাই। খুব ব্যস্ত জায়গাগুলোতেই কেবল কখনো কখনো স্বল্পস্থায়ী যানজট দেখা গেছে ঈদের পর থেকে। অনেকেরই ধারণা, আগামী রোববারের আগে রাজধানী কমবেশি এ রকমই থাকবে।ঈদের ছুটি গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনের হলেও তার আগে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকায় এবার কার্যত ঈদের ছুটি হয় পাঁচ দিনের।