অফিসের পরিচ্ছন্নতাকর্মী মেহেরুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরুন একটা কোম্পানিতে ক্লিনারের কাজ করেন। অফিস বনানীতে। প্রতিদিন তাঁকে সকাল সাতটার মধ্যে অফিসে পৌঁছাতে হয়। পাঁচতলা অফিসের জন্য প্রতি শিফটে তাঁরা মোট ১১ জন ক্লিনার কাজ করেন। এর মধ্যে তিনজন মেয়ে। কাজ হয় তিন শিফটে। মেহেরুনের শিফট সকাল সাতটা থেকে তিনটা পর্যন্ত। তাঁদের প্রত্যেকের বেতন দুই হাজার ৪০০ টাকা। ধোয়া-মোছা আর পরিষ্কারের কাজ করতে হয় মেহেরুনকে। অফিসের বেঁধে দেওয়া পোশাক পরেই কাজ করতে হয়।মেহেরুন জানান, সপ্তাহে তিন দিন ওভারটাইম করেন তিনি। গড়ে মাসে প্রায় ৫০ ঘণ্টার মতো ওভারটাইম হয় তাঁর। ঘণ্টাপ্রতি পান ১২ টাকা করে। মাঝে কিছুদিন কমলাপুরে একটি গার্মেন্টসে চাকরি করেছিলেন তিনি। ক্লিনারের চাকরি করছেন বছরখানেক থেকে।প্রতিদিনের শিফট শেষে মেহেরুন সোয়া তিনটার মধ্যে অফিস থেকে বেরিয়ে বাসায় ফিরে আসেন। বাসা মুগদাপাড়ার ঝিলপাড়ে। স্বামী, শাশুড়ি আর একমাত্র মেয়েকে নিয়ে তাঁর পরিবার।বাসায় এসে পিঠা তৈরি করার সরঞ্জাম গোছাতে শুরু করেন মেহেরুন। প্রতিদিন সন্ধ্যায় বাসার পাশেই চিতই পিঠা তৈরি করে বেচতে বসেন তাঁর শাশুড়ি। মেহেরুন জানান, বিকেলে শাশুড়ি তিন কেজি চালের গুঁড়া নিয়ে আসেন মিল থেকে। আর তিনি লাকড়ি, গুড়, নারকেল এসব গোছগাছ করে রাখেন। সন্ধ্যার দিকে শাশুড়ির সঙ্গে তিনিও বসে পিঠা বিক্রি করেন। তারপর আটটার দিকে বাসায় ফিরে মেয়েকে পড়াতে পড়াতে রান্না করেন। মেহেরুনের স্বামী রিপন একটা বেসরকারি প্রতিষ্ঠানে পিয়নের কাজ করেন, পাঁচ হাজার টাকা বেতন পান। কাজ সেরে ১১টার দিকে বাসায় ফেরেন রিপন। ১২টার মধ্যে তাঁরা পুরো পরিবার খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে রান্না করতে বসেন তিনি। সকালের নাশতা খেয়ে, দুপুরের খাবার বাটিতে নিয়ে অফিসে চলে যান সাতটার মধ্যে। তাঁর মেয়ে রুমকি মুগদা প্রাইমারি স্কুলে ক্লাস টুতে পড়ে। তিনি যতক্ষণ অফিস করেন, ততক্ষণ রুমকির দেখাশোনা করেন শাশুড়ি নূরজাহান বেগম। রিপন এখন বিকেলে পল্টনে কম্পিউটার শিখছেন। রিপনের পড়াশোনা উচ্চমাধ্যমিক পর্যন্ত। মেহেরুন জানান, তিনি নিজেও অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর বিয়ে হয়েছে সাত বছর। রিপনের সঙ্গে প্রেমের বিয়ে মেহেরুনের।মেহেরুন জানান, বিকেলের এই চিতই পিঠার ব্যবসা থেকে তাঁর প্রায় দেড়-দুই শ টাকা রোজগার হয়। এটা দিয়েই তাঁদের সংসার চলে যায়। আর তাঁদের দুজনের রোজগার জমা রাখেন ব্যাংকে। সংসারে তাই আয়-উন্নতি ভালোই হচ্ছে। মেহেরুনের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। মা-বাবা বাড়িতে আছেন, সেখানে তিনি লাখ দেড়েক টাকা খরচ করে জমি রেখেছেন গত বছর। গ্রামে স্বামী-স্ত্রী দুজন মিলে রোজগার করেও তিন বেলা পেট ভরে খেতে পারতেন না। সেই ভাতের কষ্টকে পেছনে ফেলতেই গ্রাম ছেড়ে পাঁচ বছর আগে ঢাকা শহরে চলে আসেন তাঁরা দুজন। এ শহর তাঁদের একেবারে মন্দ রাখেনি।