অবকাঠামো উন্নয়নের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর-১১ নম্বর সেকশনের পল্লবীর মদীনানগর আবাসিক এলাকায় ১২ মাসই গ্যাসের সংকট থাকে। সরবরাহ নল সরু থাকায় এলাকায় গ্যাস ঠিকমতো আসে না বলে অভিযোগ করেন মদীনানগর আবাসিক এলাকা প্লটমালিক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম। তিতাসের সরবরাহ নল সরু কিংবা অপর্যাপ্ত হওয়ায় নগরের কোনো কোনো এলাকায় ১২ মাসই গ্যাসের সংকট থাকছে। এ প্রসঙ্গে কামরাঙ্গীরচরের বাসিন্দা ইলিয়াছ বাবুল বলেন, আট ইঞ্চি ব্যাসের একটি নলের অভাবে চরের দক্ষিণ পূর্বাঞ্চলে বছরজুড়েই গ্যাসের সংকট থাকছে।তিতাসের একাধিক কর্মকর্তা জানান, ঢাকার শহরতলি ও পুরোনো এলাকায় গ্যাস সরবরাহ নল সরু। এ জন্য সেসব এলাকার নলে পর্যাপ্ত গ্যাস থাকছে না। যেখানে নল সরু থাকায় গ্যাসের চাপ কম থাকে, সেখানে সংযোগ নল বসিয়ে গ্যাসের সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।অবকাঠামো উন্নয়নে তিতাস গ্যাসের বর্তমান কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিরপুর ডিওএইচএস থেকে ১০ নম্বর সেকশন পর্যন্ত ১০ ইঞ্চি ব্যাসের ৩ দশমিক ৭ কিলোমিটার সরবরাহ পাইপ বসানোর কাজ শুরু হবে শিগগিরই। মাস দুয়েকের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। এর ফলে মিরপুরে গ্যাস সরবরাহ বাড়বে। এদিকে মনোহরদী থেকে নরসিংদী পর্যন্ত ২০ ইঞ্চি ব্যাসের ২৫ কিলোমিটার সরবরাহ নল বসানোর জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এটি সরকারের অনুমোদন পেলে কাজ শুরু হবে। এই নল বসানো হলে ঢাকা নগরের গ্যাস সরবরাহে ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া নগরের চারপাশ দিয়ে মূল সরবরাহ নল নেওয়ার একটি মহাপরিকল্পনা আছে। এটা হলে নগরের বিভিন্ন এলাকায় সহজেই মূল নল থেকে গ্যাসের সংযোগ নল নেওয়া যাবে। তবে চাহিদার তুলনায় গ্যাস উত্পাদন কম থাকায় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এ ধরনের পরিকল্পনা এখন হাতে নেওয়া হচ্ছে না। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান বলেন, অবকাঠামো উন্নয়নের বিষয়টি ভবিষ্যতে গ্যাসপ্রাপ্তির ওপর নির্ভর করবে।