অবকাঠামো ও জনবল সংকটে গ্রন্থাগার
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ঢুকলে একটা চিত্র নিয়মিত দেখা যায়, সেটি হলো শিক্ষার্থীরা ঠাসাঠাসি করে পড়াশোনা করছেন। সম্প্রতি বইয়ের সংখ্যা কিছু বাড়লেও বাড়েনি অন্যান্য সুযোগ-সুবিধা। নেই তথ্যপ্রযুক্তির কোনো ছোঁয়া ।গ্রন্থাগার সূত্রে জানা গেছে, বর্তমানে গ্রন্থাগারে চার হাজার বই, পাঁচ হাজার ১০টি দেশি-বিদেশি জার্নাল, বিভিন্ন বিষয়ের ওপর প্রকাশনা ৭২, গবেষণামূলক বই ১১৩ এবং পশুরোগ ও পশুপালনবিষয়ক আটটি সিডি রয়েছে। দৈনিক সংবাদপত্র রাখা হয় ১৩টি, এর মধ্যে একটি ইংরেজি। সাহিত্য ম্যাগাজিন, জার্নাল, সাপ্তাহিক ও মাসিক কোনো পত্রিকা গ্রন্থাগারের জন্য কেনা হয় না। কৃষি অনুষদের প্রথম ব্যাচের ছাত্র খলিলুর রহমান ফয়সাল বলেন, সাধারণত গ্রন্থাগারে পত্রিকার ও রেফারেন্স বই পড়ার কক্ষ আলাদা থাকে। কিন্তু এ ধরনের কোনো সুবিধা এখানে নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা দেশি-বিদেশি পত্র-পত্রিকা পড়ার জন্য গ্রন্থাগারে আসেন। কিন্তু পত্রিকার সংখ্যা কম হওয়ায় অনেক সময় ধরে তাঁদের অপেক্ষা করতে হয়। এ ছাড়া ছোট একটি কক্ষে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয় বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।গ্রন্থাগারে আসা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের ছাত্র নওয়াজ শরীফ জানান, গ্রন্থাগারটি পরিসরে ছোট হওয়ায় তাঁরা গ্রন্থাগার সম্পর্কিত সব কাজ স্বচ্ছন্দে করতে পারেন না। অনেক সময় দাঁড়িয়েও পত্রিকা পড়তে হয়। গ্রন্থাগারে ইন্টারনেট সুবিধা না থাকার কারণে তাঁরা প্রয়োজনীয় সাম্প্রতিক তথ্য সংগ্রহ করতে পারেন না। গ্রন্থাগারের কর্মচারী মো. রনজু হোসেন জানান, গ্রন্থাগারে মাত্র দুজন কর্মচারী রয়েছেন। সন্ধ্যার দিকে গ্রন্থাগারের দায়িত্ব একাই পালন করতে হয় তাঁকে। গ্রন্থাগারের নিরাপত্তার কথা চিন্তা করে একান্ত প্রয়োজনে সামান্য সময়ের জন্যও তাঁর বাইরে যাওয়া সম্ভব হয় না। একজন অনুপস্থিত থাকলে আরেক জনকে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়, অথচ এ জন্য তাঁরা অতিরিক্ত কোনো ভাতা পান না বলে তিনি জানান । ্রগ্রন্থাগারের বর্তমান অবস্থা সর্ম্পকে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রন্থাগারের এক কর্মকর্তা জানান, এখানে বইয়ের সংখ্যা প্রয়োজনের তুলনায় নগণ্য। এ ছাড়া শিক্ষার্থীদের বসার জায়গারও সংকট রয়েছে। ফটোকপির মেশিন থাকা সত্ত্বেও জনবলের অভাবে তা্র চালু করা যাচ্ছে না।গ্রন্থাগারিক (অতিরিক্ত দায়িত্বে) সুলতান আহমেদ বলেন, গ্রন্থাগারের মূল সমস্যা হলো অবকাঠামো ও জনবলের অভাব। বই থাকা সত্ত্বেও জায়গার অভাবে স্থান সংকুলান হচ্ছে না। তবে অবকাঠামো সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয় বলে তিনি জানান। জনবল সংকটের বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে গ্রন্থাগারটি সুষ্ঠুভাবে চালানোর জন্য আরও দুজন কর্মকর্তা ও ছয়জন কর্মচারী প্রয়োজন বলে তিনি জানান। গ্রন্থাগারের দুরবস্থার কথা স্বীকার করে উপাচার্য মো. আবদুল আউয়াল বলেন, গ্রন্থাগারটি কলেজ আমলের। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এটি আর নতুন করে ঢেলে সাজানো হয়নি। এ বছরের মধ্যে এটি অন্যত্র সরিয়ে যুগোপযোগী করে গড়ে তোলা হবে।