অবকাঠামো নেই, নানা অনিয়মে বেহাল স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে স্থলবন্দরগুলোর গুরুত্ব দিন দিন বাড়ছে। স্থলপথে পণ্য আমদানি-রপ্তানিও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পণ্য আমদানি-রপ্তানির প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত স্থলবন্দরগুলোর অবস্থা খুবই নাজুক। ন্যূনতম অবকাঠামো-সুবিধা নেই। নিরাপত্তাব্যবস্থাও খুবই দুর্বল। আরও আছে নানা অনিয়ম ও দুর্নীতি। শুল্কায়নের আগে পণ্য খালাস হয়, পণ্য চুরিও হয়ে যায়। চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশেরও অভিযোগ রয়েছে। এসব কারণে স্থলবন্দরের সংখ্যা বাড়লেও সে তুলনায় বাণিজ্য বাড়েনি।পার্শ্ববর্তী দেশের সঙ্গে স্থলপথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। ভারত, নেপাল ও ভুটানকে পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়ার উদ্যোগও রয়েছে। অথচ এক মাস ধরে এই প্রতিবেদক সরেজমিনে দেশের প্রধান ছয়টি স্থলবন্দরে গিয়ে দেখেছেন, বন্দরগুলো মোটেই এ জন্য প্রস্তুত নয়। পর্যাপ্ত লোকজন নেই। রাস্তা তৈরি হয়নি, নেই গুদামঘর ও পণ্য ওঠানো-নামানোর আলাদা স্থান। নামেমাত্র চলছে অনেক স্থলবন্দর। সরেজমিনে দেখা উত্তর ও পূর্বাঞ্চলীয় স্থলবন্দরগুলো হলো: বাংলাবান্ধা (পঞ্চগড়), বুড়িমারী (লালমনিরহাট), হিলি (দিনাজপুর), তামাবিল (সিলেট), আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) ও বিবিরবাজার (কুমিল্লা)।বর্তমানে দেশে ১৪টি স্থলবন্দর রয়েছে। এগুলো হলো: বেনাপোল (যশোর), টেকনাফ (কক্সবাজার), সোনামসজিদ (চাঁপাইনবাবগঞ্জ), হিলি (দিনাজপুর), বিবিরবাজার (কুমিল্লা), বিরল (দিনাজপুর), বাংলাবান্ধা (পঞ্চগড়), বুড়িমারী (লালমনিরহাট), তামাবিল (সিলেট), আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ভোমরা (সাতক্ষীরা), দর্শনা (চুয়াডাঙ্গা), হালুয়াঘাট (ময়মনসিংহ) ও বিলোনিয়া (ফেনী)। সম্প্রতি চিলাহাটি, নাকুগাঁওসহ আরও ছয়টি স্থলবন্দর তৈরির ঘোষণা দেওয়া হলেও কার্যক্রম শুরু হয়নি। স্থলবন্দরগুলোর তদারকি ও নিয়ন্ত্রণের জন্য ২০০১ সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ গঠিত হয়। ২০০২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ একযোগে ১২টি শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা দেয়। এরপর ২০০৬ সালে পরিচালনার জন্য পরিচালনা-হস্তান্তর (বিল্ড-অপারেট-ট্রান্সফার বা বিওটি) পদ্ধতি চালু করা হয়। একমাত্র বেনাপোল স্থলবন্দর সরাসরি স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালনা করে। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে পরিচালনার সিদ্ধান্ত হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোয়েজ্জদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, গত দুই-তিন বছরে যথেষ্ট অবকাঠামো নির্মাণ হয়েছে। তবে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তাই অগ্রাধিকারের ভিত্তিতে পণ্য খালাসের স্থান বা ইয়ার্ড, ওজন যন্ত্র, ভবন নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সব স্থলবন্দরেই আধুনিক অবকাঠামো নির্মিত হবে। বেসরকারি অপারেটরের মাধ্যমে যেসব স্থলবন্দর চলছে, তাদের সঙ্গে চুক্তিই রয়েছে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সব আধুনিক অবকাঠামো নির্মাণ করবে সেসব প্রতিষ্ঠান। সামগ্রিকভাবে স্থলবন্দরগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ট্রানজিট-সুবিধা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই স্থলবন্দরের গুরুত্ব বাড়ছে। ট্রানজিট-সুবিধা দেওয়ার জন্য সরকারিভাবে মোট সাতটি সড়কপথ চিহ্নিত করা হয়েছে। এসব সড়কপথে বাংলাবান্ধা, বুড়িমারী, আখাউড়া ও তামাবিল স্থলবন্দরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এখনো ট্রানজিট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরেজমিনে দেখা গেছে, লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ফলবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশের আগে মাঝপথেই পণ্য চুরি হয়ে যায়। পাথরবাহী ট্রাকের পাথর খালাস হয় রাস্তার পাশে। আর একটি চালাঘরে চলে শুল্কায়নের কার্যক্রম। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কর্মকর্তা-কর্মচারী, রাজস্ব কর্মকর্তা, আমদানিকারকেরা আসেন দুুপর ১২টার পর। একটি গুদামঘর বা ওয়্যারহাউস থাকলেও তা ব্যবহূত হয় না। বন্দরের ভেতর দিয়ে চলে গেছে এলাকাবাসীর চলাচলের পথ। অথচ এসব স্থানে প্রবেশ নিষিদ্ধ থাকার কথা। দিনাজপুরের হিলি স্থলবন্দর বেশি ঘনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত। প্রায় এক কিলোমিটার ঘনবসতি পেরিয়ে যেতে হয় পণ্যবাহী ট্রাককে। কোনো নিরাপত্তাকর্মী নেই। প্রায়শই পণ্য চুরির ঘটনা ঘটে। ১০ বছর আগে স্থলবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হলেও সিলেটের তামাবিল স্থলবন্দরের কোনো কার্যক্রম নেই। পণ্য আসার কয়েক দিন আগেই শুল্কায়ন হয়ে যায়। ফলে পণ্যবাহী ট্রাক সীমান্ত অতিক্রমের পর কোনো পরিদর্শন হয় না।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহনে আখাউড়া স্থলবন্দর ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই স্থলবন্দর দেশের একমাত্র রপ্তানিনির্ভর বন্দর। কিন্তু পর্যাপ্ত অবকাঠামো ও বাণিজ্য-সুবিধা না থাকায় এখান থেকে পণ্য রপ্তানি কমছে। আগে প্রতিদিন গড়ে ১৫০টি পণ্যবাহী ট্রাক ত্রিপুরার আগরতলায় গেলেও এখন তা ৭০-৭৫-এ নেমে এসেছে। স্থলবন্দর এলাকার নিরাপত্তাব্যবস্থাও ঝুঁকিপূর্ণ। স্থলবন্দরের মাঠে ধান চাষ করা হয়। সেখানে গরুও চরে।দুর্গম ও জঙ্গলঘেরা এলাকায় অবস্থিত কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর। বন্দর এলাকায় যাওয়ার জন্য কোনো সড়ক নেই। গ্রাম্য মেঠোপথ ধরে যায় পণ্যবাহী ট্রাক। আর স্থলবন্দরের ভবন, পণ্য ওঠানো-নামানোর স্থান (ইয়ার্ড), ওজন যন্ত্র, গুদামঘর ব্যবহূত না হওয়ায় পরিত্যক্ত এলাকায় পরিণত হয়েছে স্থলবন্দরটি।