অবকাঠামো সমস্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার দুই বছরেও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এখনো শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ড চলছে ছোট্ট অস্থায়ী ক্যাম্পাসে। সেখানে শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি, বই, অভিজ্ঞ শিক্ষকসহ নানা সংকট সঙ্গী করে পড়ালেখা করছেন ১১টি বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থী। ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে আরও চারটি নতুন বিভাগ। এ অবস্থায় আগামী বছরের শুরুতে নিজস্ব ক্যাম্পাসে যেতে না পারলে বড় ধরনের সংকটে পড়বেন শিক্ষার্থীরা।রংপুর কারমাইকেল কলেজের পাশে ৭৫ একর জায়গায় চলছে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব অবকাঠামো নির্মাণের কাজ। প্রশাসনিক ভবন নির্মাণ শেষ করে আগামী জানুয়ারিতে সেখানে ক্লাস শুরু করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে।ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মতিউর রহমান প্রথম আলোকে বলেন, এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা অবকাঠামো। এ জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া যাচ্ছে না।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত হয় রংপুর বিশ্ববিদ্যালয়। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাখা হয় ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৯ সালের ৪ এপ্রিল। প্রথম উপাচার্য লুৎফর রহমান ১২ জন শিক্ষক ও ৩০০ শিক্ষার্থী নিয়ে রংপুর শহরের লালকুঠিতে রংপুর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাস করে শিক্ষা কার্যক্রম শুরু করেন। এখনো ওই অস্থায়ী ক্যাম্পাসেই এর কার্যক্রম চলছে। এখন বিশ্ববিদ্যালয়টিতে চারটি অনুষদে ১১টি বিভাগে পড়ছেন প্রায় এক হাজার শিক্ষার্থী। শিক্ষক ৩৯ জন।শ্রেণীকক্ষের সংকট: বর্তমানে ১১টি বিভাগের মধ্যে ছয়টি বিভাগে দুটি করে ব্যাচ। মোট ১৭টি ব্যাচের শিক্ষার্থীদের জন্য আছে মাত্র সাতটি শ্রেণীকক্ষ।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুটি পালা করে পাঠদান হয় কোনো কোনো বিভাগে। প্রথম বর্ষের ছাত্র গোলাম কিবরিয়া বলেন, পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় এক বর্ষের পাঠদানের সময় অন্যদের জায়গার অভাবে অপেক্ষা করতে হয়। এভাবে সারা দিন চলে যায়।গবেষণাগারের সমস্যা: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা জানান, তাঁদের কম্পিউটার ল্যাবের স্থান সংকীর্ণ। সেখানে শ্রেণীর সবার জায়গা হয় না। উপরন্তু, সেখানে ইন্টারনেট সংযোগও নেই।নেই আবাসন ও নিজস্ব যাতায়াতের ব্যবস্থা: বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর এখানে ৩৮টি জেলার শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত কোনো আবাসিক হল নির্মিত হয়নি। চারটি ছাত্র হল ও তিনটি ছাত্রী হল নির্মাণের পরিকল্পনা আছে। বাইরে থেকে আসা শিক্ষার্থীরা থাকছেন ভাড়া বাসায়। শিক্ষার্থীরা বলছেন, থাকাটা তাঁদের একটি বড় সমস্যা। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা নেই।গ্রন্থাগার: ছোট্ট একটি কক্ষ ব্যবহূত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার হিসেবে। সেখানে পর্যাপ্ত বইও নেই। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, গ্রন্থাগারটি নামমাত্র। এখানে প্রয়োজনীয় বই পাওয়া যায় না।জ্যেষ্ঠ শিক্ষকের অভাব: নতুন এই বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ অভিজ্ঞ শিক্ষকের অভাব প্রকট। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুরুতে কিছু অভিজ্ঞ শিক্ষক এখানে এলে ভালো হতো। বিশ্ববিদ্যালয়টি একটি শক্ত ভিতের ওপর দাঁড়াত।৩৭ জন শিক্ষকের মধ্যে উপাচার্য ও রেজিস্ট্রার ছাড়া অধ্যাপক আছেন মাত্র একজন ও সহযোগী অধ্যাপক ছয়জন। এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মতিউর রহমান বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ে একজন মাত্র অধ্যাপক আছেন, এটি চিন্তাই করা যায় না।রেজিস্ট্রার আর এম হাফিজুর রহমান বলেন, তাঁরা একাধিক বিজ্ঞপ্তি দিয়েও জ্যেষ্ঠ, অভিজ্ঞ শিক্ষক পাচ্ছেন না। অভিজ্ঞ অধ্যাপকেরা নতুন বিশ্ববিদ্যালয়ে আসতে চান না। এ জন্য অ্যাডহকে নিয়োগ দেওয়ার চিন্তা চলছে বলে তিনি জানান।নতুন বিভাগ, এখনো শিক্ষক নিয়োগ হয়নি: চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে নতুন চারটি বিভাগ—পদার্থ, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। নতুন এই চার বিভাগে এখন পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই নিয়োগ দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এসব বিভাগে মাত্র তিনজন করে শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে।নতুন ভবন নিয়ে প্রশ্ন: কারমাইকেল কলেজের পাশে ৭৫ একর জায়গা নিয়ে নির্মিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস। ক্যাম্পাসের অবকাঠামো নিয়ে ইতিমধ্যে ছাত্র-শিক্ষকেরা প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে ত্রুটি রয়েছে।বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ জানান, নতুন যে একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে, সেখানে শ্রেণীকক্ষগুলো করা হচ্ছে ৩০ ফুট বাই ১২ ফুট মাপের, যাতে ৫০ জন শিক্ষার্থী বসার ব্যবস্থা রয়েছে। প্রথম বছর সব বিভাগে ৫০ জন করে ছাত্র ভর্তি করানো হলেও পরের বছর থেকে তা ৬৫ থেকে ৭০ করা হয়েছে। শিক্ষার্থীর এই সংখ্যা আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের স্থানসংকুলন হবে না।এ ছাড়া দুই সারি শ্রেণীকক্ষের মাঝখানে থাকছে সাড়ে সাত ফুটের একটি গলি। এই পথটি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে। এই অবকাঠামো বিশ্ববিদ্যালয় নয় বরং কোনো আবাসিক হোটেলের মতো।হলের নামাকরণ: ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তিনটি হলের নাম ঠিক করেছে। তিনটি হলেরই নামাকরণ হয়েছে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে। ছেলেদের একটি হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মেয়েদের দুটি হলের নাম ঠিক করা হয়েছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও শেখ হাসিনা হল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইনস্টিটিউটের নাম রাখা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামীর নামে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট।প্রত্যয়ী শিক্ষক-শিক্ষার্থীরা: নানা সমস্যা, তার পরও থেমে নেই বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা বলেন, ‘নতুন বিশ্ববিদ্যালয়, কিছু সমস্যা তো থাকবেই। তবে আমাদের পরে যারা আসবে, তারা নিশ্চয় এসব সমস্যার মুখোমুখি হবে না।’ একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক আপেল মাহমুদ বলেন, ‘নতুন বিশ্ববিদ্যালয়, অনেক সমস্যা। তার পরও শিক্ষক-শিক্ষার্থীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে শিক্ষার পাশাপশি বিভিন্ন সাংস্কৃতিক ও মুক্তবুদ্ধির চর্চা শুরু হয়েছে। একটি সত্যিকারের মুক্তবুদ্ধিচর্চা কেন্দ্র হিসেবে আমরা এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে চাই।’উপাচার্যের বক্তব্য: উপাচার্য অধ্যাপক আবদুল জলিল মিয়া বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ে নানা সীমাবদ্ধতা আছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, সামনের জানুয়ারিতে মূল ক্যাম্পাসের অন্তত একটি ভবনে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। তখন সমস্যা অনেক কমে যাবে। উত্তরাঞ্চলের উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।