‘ভর্তির সময় স্যাররা বাড়িতে গিয়ে বলেছেন, ক্লাস ভালো হবে, প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করবেন—বই দেবেন, আরও অনেক বিষয়ে সহযোগিতা করবেন। এখন দেখি সহযোগিতা তো দূরের কথা, ক্লাসই হয় না।’ কথাগুলো বললেন কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের একাদশ শ্রেণীর রওশন আরা। একই শ্রেণীর শরিফা বলেন, ‘নিজেরা আসি, স্যাররাও আসেন কিন্তু ক্লাস আর হয় না। কমন রুম নেই যে আমরা স্বাধীনভাবে কথাবার্তা বলব, ক্লাস রুমেই বা কতক্ষণ থাকা যায়। স্যাঁতসেঁতে রুমে ভাঙা বেঞ্চে বসতেও মন চায় না।’১০ মার্চ কলেজটিতে গেলে কথা হয় শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে। স্নাতকের ছাত্রী ফাতেমা জিন্নাত বলেন, ‘বাইরে থেকে মনে হয় এটা কলেজ। ভেতরে এলে মনে হয় কোনো বড় বাড়ির উঠোন। ঘর, বেড়া, চেয়ার-টেবিল—সবই ভাঙা। ল্যাট্রিনও ভাঙা, গন্ধে ক্লাসে থাকা যায় না। গত বছরের অক্টোবরে ক্লাস শুরু হলেও ব্যবহারিক ক্লাস কেমন হয় জানেন না মোছা. আজমা খাতুন। তিনি বলেন, ‘কলেজের প্র্যাকটিক্যাল ক্লাস কেমন হয় জানি না। তবে যে তারও আশা নেই। প্র্যাকটিক্যাল ক্লাসের ঘরই তো নেই!’প্রভাষক জামিল হোসেন বলেন, রুম না থাকায় অনেক শিক্ষক ক্লাসই নিতে পারেন না। কলেজের প্রভাষক মো. মুকুল হোসেন প্রামাণিক বলেন, ‘কলেজটিতে শিক্ষার অনুকূল পরিবেশ নেই। সরকারি অনুদান না থাকায় কলেজের সমস্যা দিন দিন বাড়ছে।কলেজ শিক্ষক খন্দকার রেহানা খাতুন বলেন, ‘যদি বলা হয় মহিলা কলেজের ছাত্রীরা নিরাপত্তাহীনতায় আছে, তাও ঠিক। তাদের সমস্যার শেষ নেই তা যেমন ঠিক, অন্যদিকে এটাও ঠিক যে কলেজের ফান্ড থেকে সমস্যার সমাধান করা অসম্ভব। এ জন্য সরকারি অনুদান প্রয়োজন।কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কলেজটি ৯৯ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে ৩৩ জন শিক্ষকসহ ৪৫ জন স্টাফ রয়েছেন। গত বছর ডিগ্রিতে ১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে দুজন দ্বিতীয় বিভাগসহ শত ভাগ পাস করেছে। বর্তমানে উচ্চমাধ্যমিকে ১৫৩ জন ও স্নাতকে ৭৯ জনসহ মোট ২৩২ জন শিক্ষার্থী রয়েছে। কলেজের অধ্যক্ষ মো. সুজাত হোসেন প্রামাণিক বলেন, ২০০০ সাল থেকে সরকারি অনুদান বন্ধ। অনুদান পেলে সব সমস্যার সমাধান করা সম্ভব।কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘কলেজটির অবস্থা এতই খারাপ যে কেউ সভাপতি হতে চান না।