অবকাঠামোই যার প্রধান সমস্যা
‘পড়ালেখার মান ভালো আর মহিলা কলেজ হওয়ায় আট কিলোমিটার দূর থেকে এখানে ভর্তি হয়েছি। অথচ কক্ষ সংকটসহ অন্য সমস্যা এত বেশি যে অনেক সময় মনই খারাপ হয়ে যায়।’ কথাগুলো বলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী হোসনেয়ারা খাতুন। একই শ্রেণীর শামছুন্নাহার খাতুন বলেন, ‘কমনরুম না থাকায় আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। খেলাধুলার সুযোগও নেই। ক্লাসরুমে কতক্ষণ থাকা যায়।’ গত কয়েক দিন আগে কলেজটিতে গেলে কথা হয় শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে। দ্বাদশ শ্রেণীর ছাত্রী অলি রানী বিশ্বাস বলেন, মহিলা কলেজের জন্য প্রয়োজনীয় অনেক কিছুই এখানে নেই। কলেজের সীমানাপ্রাচীর শুরু হয়ে মাঝপথে থেমে আছে অনেক দিন। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সালে নারীদের জন্য উপজেলার প্রথম ও একমাত্র এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। তখন এলাকার দানশীল ব্যক্তিদের টাকায় তৈরি হওয়া টিনের ঘরগুলোই এখনও রয়ে গেছে। গত বছরতিনেক আগে টিনশেড ও পাকা মেঝের পাঁচ কক্ষের দুটি ঘর তৈরি হওয়ায় কোনোমতে সেগুলোয় শিক্ষাদান চলছে। প্রথম অবস্থায় তৈরি হওয়া ঘরগুলো এখন পরিত্যক্ত। কলেজটিতে এখন পর্যন্ত সরকারি অনুদানে কোনো ভবন নির্মিত হয়নি। ফলে শ্রেণীকক্ষসহ অবকাঠামোগত সমস্যা প্রকট। শুরু থেকেই কলেজটিতে উচ্চমাধ্যমিক শ্রেণীর তিনটি শাখায় (মানবিক, বাণিজ্য, বিজ্ঞান) ছাত্রী ভর্তির অনুমতি পাওয়া যায়। এত বছরেও এখানে বিজ্ঞানাগার, বাণিজ্য, কলাভবন, একাডেমিক ভবন নির্মিত হয়নি। ফলে ছাত্রী ও শিক্ষকদের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয়। রসায়ন বিভাগের প্রভাষক শিশির কুমার দাস বলেন, এখানে আধুনিক বিজ্ঞানের অনেক যন্ত্রপাতির অভাব এখানে রয়েছে। আবার যতটুকু আছে, তাও রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক লায়লা মমতাজ বলেন, যদি বলা হয় মহিলা কলেজের ছাত্রীরা নিরাপত্তাহীনতায় আছে, এটা যেমন ঠিক। তাদের সমস্যার সমাধান স্থানীয়ভাবে করা সম্ভব নয়, তাও সত্যি। এজন্য দরকার সরকারি অনুদান। কলেজ সূত্র জানায়, কলেজটিতে বর্তমানে ১৬ জন শিক্ষকসহ ২৮ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় এখান থেকে দুইজন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার প্রায় ৭০ শতাংশ। অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার বলেন, অনেক সমস্যা আছে কলেজটিতে। সরকারি অনুদান পেলে পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা সম্ভব।সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার জাতীয় সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, অনেক অবহেলা ও বঞ্চনার পর এ বছর কলেজটি এমপিওভুক্ত হয়েছে। ভবিষ্যতে ফলাফলের ভিত্তিতে সব সমস্যার সমাধান করে একে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।