অবকাঠামোহীন এক নৌবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। ২০০৫ সাল থেকে সরকারি ঘোষণার মাধ্যমে পরিচিতি পাচ্ছে নৌবন্দর হিসেবে। অথচ নৌবন্দরের প্রয়োজনীয় কোনো অবকাঠামোই গড়ে ওঠেনি এখানে। নেই ক্রেন, যন্ত্রপাতি ও স্থায়ী কোনো জেটি। এমনকি নেই কোনো স্থায়ী কার্যালয়ও। অথচ অবকাঠামোহীন এই নৌবন্দর ব্যবহার করে আখাউড়া হয়ে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। এটি দেওয়া হলে কার্যত আশুগঞ্জ হবে একটি মাল্টিমোডাল ট্রানজিট পয়েন্ট কেন্দ্র। কেননা, ভারতের একাংশ থেকে নৌপথে পণ্য এসে এই বন্দর দিয়ে সড়ক বা রেলপথে আবার ভারতে যাবে। এরই পূর্বপ্রস্তুতি হিসেবে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারী মালামাল নেওয়া শুরু হয়েছিল গত মার্চে। কয়েক মাস জোড়াতালি দিয়ে চলার পর সেটিও এখন বন্ধ রয়েছে।নামেই নৌবন্দর: ভারত সরকার প্রতিশ্রুত ১০০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তার অধীনে আশুগঞ্জ বন্দর উন্নয়নসহ আখাউড়া পর্যন্ত সেতু-কালভার্ট নির্মাণ ও বিভিন্ন সড়ক উন্নতকরণের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ২৩৩ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পও গত বছর হাতে নেওয়া হয়। বন্দর উন্নয়নের কাজ করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রকল্প।বিআইডব্লিউটিএ সূত্র জানায়, প্রকল্পের অধীনে আশুগঞ্জ খাদ্যগুদামের (সাইলো) পাশে প্রায় ১৩ হেক্টর জমি অধিগ্রহণ করার কথা। এখনো সেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়নি। যে স্থানে বন্দর হওয়ার কথা, সে স্থানটি এখন দিঘি। দুটি ব্যক্তিমালিকানাধীন চাতাল আছে সেখানে। বিআইডব্লিউটিএর একজন কর্মকর্তা বলেন, বন্দর করতে হলে নদীর তীর ধরে মজবুত লম্বা দেয়াল তৈরি করতে হবে। জেটি স্থাপন করে ক্রেন বসাতে হবে। তৈরি করতে হবে মালামাল রাখার ছাউনি। বন্দরের সঙ্গে সড়ক-মহাসড়কের সংযোগ পথও লাগবে। এসব কাজ করতে কয়েক বছর সময় প্রয়োজন। এর পরই ট্রানজিট বা ট্রানশিপমেন্টের পণ্য পরিবহনের হাব হিসেবে ব্যবহার করা যাবে আশুগঞ্জকে।বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা বিভাগের পরিচালক শফিকুল হক বলেন, ‘আশুগঞ্জে স্থানীয় মালামাল ও লঞ্চ পারাপারের জন্য তাঁদের তিনটি পন্টুন ও জেটি আছে। তবে সেগুলো ছোট।’ওডিসি বিপত্তি: সরেজমিনে দেখা গেছে, পালাটানা বিদ্যুৎকেন্দ্রের মালামাল ওঠানো-নামানোর জন্য আশুগঞ্জের পুরোনো ফেরিঘাটে অস্থায়ী জেটি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে জেটি থেকে স্থলে ওঠার জন্য উপযুক্ত কোনো সড়ক নেই। তাই নদীর কূল থেকে কয়েক ফুট গভীর গর্ত করে অনেকটা সুড়ঙ্গের মতো কয়েক শ গজ রাস্তা করা হয়েছে। রাস্তাটি এখন পানিতে ভরা। এরপর আরও আধা কিলোমিটার কাদামাটির এক পথ, যেখানে আছে বড় বড় কয়েকটি গর্ত। এই পথটি গিয়ে মিশেছে ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে। এ রকম নাজুক অবস্থায়ই কোনো রকমে পালাটানা বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নেওয়া হয়। আবার আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে আখাউড়া স্থলবন্দরের সংযোগকারী সড়ক, সেতু-কালভার্ট বাড়তি যানবাহনের ভার নেওয়ার মতো সক্ষম নয়। তাই পালাটানা বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম পরিবহনের জন্য বিদ্যমান সেতু-কালভার্টের পাশে তিনটি জেটি ও ১৫টি বিকল্প রাস্তা করা হয়েছিল। সেগুলোও বন্যার পানিতে ভেসে গেছে। ফলে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের ভারী যন্ত্রপাতির কিছু কিছু দীর্ঘদিন বিভিন্ন স্থানে আটকে ছিল।ভারতের ত্রিপুরায় নির্মীয়মাণ পালাটানা ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারী যন্ত্রাংশ পরিবহনে বাংলাদেশ সরকার সম্মতি দিয়েছে ২০১০ সালের জানুয়ারিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়। দুই প্রধানমন্ত্রীর যৌথ ইশতেহারে এটির উল্লেখ আছে। এই মালামাল পরিবহনের দায়িত্ব পায় আসাম বেঙ্গল ক্যারিয়ার (এবিসি)। বাংলাদেশে তাদের এজেন্ট গালফ ওরিয়েন্ট সি-ওয়েজ।পালাটানা বিদ্যুৎকেন্দ্রের যেসব যন্ত্রপাতি নেওয়া হচ্ছে, সেগুলোকে বলা হয় ওভার ডাইমেনশনাল কার্গোজ (ওডিসি)। এগুলো সাধারণ কনটেইনারের চেয়ে বড় ও ভারী হয়ে থাকে। আশুগঞ্জ নৌবন্দর থেকে লম্বা ট্রেইলারে চাপিয়ে ওডিসিগুলো সরাইলের বিশ্বরোড মোড়, ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস, সদর উপজেলার সুলতানপুর ও আখাউড়া উপজেলা হয়ে ত্রিপুরায় নেওয়া হয়েছে। ওডিসির প্রথম চালানটি ভারতের হলদিয়া বন্দর থেকে আশুগঞ্জ নৌবন্দরে ভেড়ে গত ৪ মার্চ। প্রথম চালানটি ১২৮ থেকে ১৪২ চাকাবিশিষ্ট চারটি ট্রেইলারের (লম্বা পণ্যবাহী যান) মাধ্যমে আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় যায় ২৯ মার্চ। আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত এই পথ ব্যবহার করে ১৪টি চালান ত্রিপুরায় গেছে। সর্বশেষ ১৩ আগস্ট একটি ট্রেইলার সীমান্ত পার হয়।স্থলবন্দর কর্তৃপক্ষ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সূত্র জানায়, আশুগঞ্জ-আখাউড়া ১৫টি কালভার্ট ও তিনটি সেতুর পাশে করা বিকল্প পথ বন্যার পানিতে ভেসে যাওয়ায় এখন আর ওডিসি চলতে পারছে না। দুটি ট্রেইলার আটকে আছে তিতাস সেতুর আখাউড়া প্রান্তে। তিতাস নদীতে সড়ক ও রেলপথের পাশাপাশি দুটি সেতু আছে। ওডিসি পারাপারের জন্য এই দুই সেতুর মাঝখানে একটি অস্থায়ী জেটি স্থাপন করে এবিসি। বর্তমানে জেটিটি সড়কসেতুর পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। স্থানীয় রেল ও সড়ক বিভাগ বলছে, ভারী এই জেটি বেঁধে রাখার কারণে সড়কসেতুটি ঝুঁকিতে আছে। পাহাড়ি ঢলের পানি এই নদী দিয়ে বয়ে যায়। ফলে স্রোতের টানে দড়ি ছিঁড়ে গেলে ভাটির দিকে অবস্থিত রেলসেতুটিও ক্ষতিগ্রস্ত হতে পারে।আবার ওডিসিবাহী ট্রেইলারগুলো রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত চলার কথা। তবে স্থানীয় ব্যক্তিরা জানান, রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে অনেক সময় এগুলো দিনের বেলায়ও চলেছে। সওজ অধিদপ্তর সূত্র জানায়, ওডিসি চলাচলের সময় অন্য যানবাহন চলাচল সীমিত থেকেছে, এমনকি কখনো বন্ধও থেকেছে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের তৈরি হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের ওপর দিয়ে যাওয়ার সময় আশপাশে বিদ্যুৎ থাকত না। এসব সমস্যা এড়ানোর জন্য প্রতি পাঁচ কিলোমিটার পরপর সড়কের পাশে আলাদা বে তৈরির কথা ছিল। বাস্তবে তা হয়নি। তবে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত কয়েকটি স্থানে মাঠে যন্ত্রপাতি রাখা হয়েছে। গালফ ওরিয়েন্ট সি-ওয়েজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী (ইঞ্জিনিয়ার ইনচার্জ) দিল হাফিজ অবশ্য প্রথম আলোকে বলেন, তাঁদের ভারী যন্ত্রগুলো তিতাস নদী পার হয়ে গেছে। হালকা কিছু যন্ত্র রয়ে গেছে। এখন বর্ষার কারণে বিকল্প পথ ব্যবহার করা যাচ্ছে না। তবে আগে যেসব সমস্যা হয়েছে, সেগুলো আর হবে না। আবার ওডিসি চলাচলের সময় ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিশ্বরোড থেকে সুলতানপুর পর্যন্ত মেরামত করার কথা ভারতীয় প্রতিষ্ঠান এবিসির। কিন্তু তারা তা করেনি। ফলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ঘাটুরা, পৈরতলা, সদর উপজেলার সুলতানপুরসহ বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। গত ২৩ আগস্ট সওজ গালফ ওরিয়েন্ট সি-ওয়েজকে ঈদের আগে সড়ক মেরামতের জন্য চিঠি দিয়েছে। সওজ সূত্র জানায়, ২৩৩ কোটি টাকার প্রকল্পের অধীনে সরাইলের বিশ্বরোড থেকে সুলতানপুর পর্যন্ত ২০ কিলোমিটার মেরামত করা হবে। সুলতানপুর-চিনাইর-আখাউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রশস্ত এবং মেরামত করার কথা প্রকল্পের অধীনে। এ ছাড়া আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চারটি সেতু ও ১৫টি কালভার্ট নির্মাণ করতে হবে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওডিসি চালুর পর সুলতানপুর-আখাউড়া সড়কটি প্রশস্ত ও মেরামতকাজ শুরু হয়। তবে তা করছে এবিসি। এই সড়কে অন্তত ছয়টি বাঁক থাকায় ট্রেইলার চলতে সমস্যা হচ্ছিল। এই বাঁকগুলোর পাশের ব্যক্তিমালিকানাধীন জমি ভাড়া নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিকল্প পথ তৈরি করে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ওডিসির মালামাল পরিবহনে তাঁরা শুধু নিরাপত্তা দিয়ে থাকেন। তবে রাস্তা খারাপের কারণে অনেক স্থানে ট্রেইলারগুলো আটকে গেছে।