অবমাননাকর পোস্টার: কুষ্টিয়ায় ৯ ছাত্রদল কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের এনএস রোড-সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে গতকাল মঙ্গলবার রাতে নয়জন ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে অবমাননা ও কটূক্তি করে ছাপানো পোস্টার বিতরণের অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ছাত্রদল কর্মীরা হলেন—সাদেকুল ইসলাম, ইয়ার আলী, সুজন, জাহাঙ্গীর আলম, শাহারিয়ার ফয়সাল, রবিউল ইসলাম, লিয়াকত আলী, মেহেদী হাসান মিঠু ও মাহাফুজুর রহমান।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া ছাত্রদলের কর্মীরা শহরের মধ্যে সরকারবিরোধী পোস্টার বিতরণ করছিল। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে।