অবরুদ্ধ কাঁঠালবাগানের মানুষ, ক্ষোভ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
রাজধানীর সোনারগাঁও রোডের কাঁঠালবাগান ঢাল থেকে গ্রিন রোডে যাওয়ার রাস্তাটির নাম ফ্রি স্কুল স্ট্রিট। রাস্তাটি ধরে ঢাল থেকে বেশ কিছু পথ এগিয়ে ডানে মোড় নিতেই অপি জুয়েলার্স। এরপর সামনে আর রাস্তা কোথায়? শুধু বিশাল বিশাল গর্ত। গ্রিন রোডের মাথা পর্যন্ত এ অবস্থা। যানবাহন চলা তো দূরের কথা, বৃষ্টি হলে ওই রাস্তায় মানুষের হেঁটে চলাচলও বিপজ্জনক। স্থানীয় ব্যক্তিরা জানান, রাস্তার এই অবস্থার কারণে চার মাসেরও বেশি সময় ধরে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেন ঠিক করার জন্য গর্তগুলো খোঁড়া হয়েছে, কিন্তু কাজ শেষ হচ্ছে না। ফলে চার মাস ধরে তাঁদের কাছে ভোগান্তির নাম ফ্রি স্কুল স্ট্রিট।সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার নিচে ড্রেন করার জন্য রাস্তাটিতে খোঁড়া হয়েছে বড় বড় গর্ত। কিন্তু কোনোটিরই কাজ শেষ করা হয়নি। ইটের গাঁথুনি দিয়ে কাজ ফেলে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি বন্ধ হওয়ায় রিকশাসহ অন্যান্য যানবাহনকে বাঁ-পাশের একটি গলি ঘুরে আসতে হয়। এমনিতেই ওই এলাকায় সব সময় জট লেগে থাকে। এখন রাস্তাটি অচল হয়ে থাকায় সে জট আরও প্রকট আকার ধারণ করেছে।কাঁঠালবাগান বাজারের সামনে থেকে গ্রিন রোড পর্যন্ত কিছু ম্যানহোলের ঢাকনা লাগানো হয়েছে, কিন্তু চলাচলের উপযোগী হয়নি। এ সুযোগে রাস্তা যেখানে একটু ভালো, সেখানে বাজার বসেছে। কয়েক দিন হলো, গ্রিন রোড দিয়ে রাস্তাটিতে ঢোকার মুখও বন্ধ করে রাখা হয়েছে। ব্যস্ত ওই রাস্তাটি অচল হয়ে থাকায় দীর্ঘদিন থেকে কার্যত অবরুদ্ধ হয়ে আছে কাঁঠালবাগান এলাকা।ফ্রি স্কুল স্ট্রিটের ড্রেন ও রাস্তা সংস্কারের প্রায় ৬০ লাখ টাকার কাজ পেয়েছে বিশ্বনন্দী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর কাজটির ‘সার্বিক তত্ত্বাবধান’ করছেন ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি নাজিমুদ্দীন।তাই ভোগান্তির চরম হলেও স্থানীয় লোকজন প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। প্রকাশ্যে কেউ কোনো প্রতিবাদও করেন না। এ ব্যাপারে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘স্থানীয় নেতারা সবকিছু নিয়ন্ত্রণ করেন। আমাদের তো এখানে থাকতে হবে।’একজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় ছাত্রলীগের সভাপতি নাজিমুদ্দীন ওই রাস্তার কাজ করছেন। দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাতে হলেও তাঁর ভয়ে কেউ কিছু বলেন না।এ বিষয়ে ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি নাজিমুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমি কাজের ঠিকাদার না। আমি তাপস ভাইয়ের (সাংসদ ফজলে নূর তাপস) পক্ষ থেকে কাজের তদারকি করছি। কন্ট্রাক্টর মুকুল।’ কাজে দেরি হচ্ছে কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘গত ১১ জুলাই ওয়ার্ক অর্ডার হয়েছে। এখনো সময় আছে, এ কারণে ঠিকাদারকে চাপ দেওয়া যাচ্ছে না। আমরা চাইছি কাজটি ভালোভাবে হোক। এমনভাবে হোক, যাতে কাজ শেষ হওয়ার পর রাস্তাটি দেবে না যায়। এ কারণে ঠিকাদারও আমার ওপর ক্ষুব্ধ।’ তবে ঈদের আগে কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা করছেন।ওই কাজের প্রকৌশলী আরিফুল ইসলামও প্রথম আলোকে প্রায় একই কথা বলেন। তিনি জানান, দুই মাস হয় কাজ শুরু করেছেন। সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। তাই ঠিকাদারকে বেশি চাপ দেওয়া যাচ্ছে না। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ড্রেন করার জন্য যেসব মাটি তোলা হয়েছিল, তা ট্রাকে ভরে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। যে ড্রেন করা হয়েছে, পানি তার বাইরে দিয়েও যাচ্ছে। তাঁদের অনেকের আশঙ্কা, অল্প সময়ের মধ্যে রাস্তাটি দেবে যাবে।এ বিষয়ে কাজের ঠিকাদার ওমর ফারুকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।