অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা
হেফাজতে ইসলাম বাংলাদেশের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি সহিংসতায় রূপ নিয়েছে। দিনভর সংঘর্ষে নিহত হয়েছেন ১০ জন। ঢাকার প্রবেশমুখগুলোতে অবরোধ শেষে মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশে যোগ দিতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সংগঠনের নেতা-কর্মীরা। এরপর অনির্দিষ্ট সময়ের জন্য শাপলা চত্বরে অবস্থান শুরুর ঘোষণা দেন তাঁরা। তবে রাত আড়াইটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে রাত আটটার দিকে মঞ্চ থেকে হেফাজতের নেতারা ঘোষণা দিয়েছিলেন, আল্লামা শাহ আহমদ শফী সমাবেশস্থলে না আসা পর্যন্ত তাঁরা শাপলা চত্বর ছাড়বেন না। সন্ধ্যা সাড়ে সাতটায় হেফাজতের আমির আল্লামা শফী লালবাগ মাদ্রাসা থেকে সমাবেশের দিকে রওনা হয়ে মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে তিনি আবার লালবাগে ফিরে যান।পরে রাত সাড়ে নয়টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহ আহমদ শফী বলেন, ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মতিঝিল শাপলা চত্বরের হেফাজতের শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, গতকাল রোববার ভোর থেকে ঢাকার ছয়টি প্রবেশমুখে অবস্থান নেন হেফাজতের কর্মীরা। সারা দেশ থেকে আসা কওমি মাদ্রাসার বিপুলসংখ্যক ছাত্র-শিক্ষক এসব প্রবেশমুখে অবস্থান নেন। শুরুতে শান্তিপূর্ণ অবস্থান থাকলেও দুপুরের আগেই নগরের পল্টন এলাকায় সংঘাত শুরু হয়। পরে বেলা দেড়টা থেকে সংঘাত পল্টন ছাড়িয়ে জিপিওর মোড়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও গুলিস্তান এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু স্থাপনায় আগুন দেওয়া হয়। হামলাকারীরা ইটের টুকরা ছুড়ে পুলিশকে ধাওয়া দেয়। সন্ধ্যার পর ককটেলও নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও দিনভর কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে। পুলিশ দাবি করছে, হেফাজতের কর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামী ও শিবিরের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পল্টন এলাকায় বেলা সাড়ে ১১টায় সংঘর্ষের সূত্রপাতও শিবির করে বলে পুলিশ দাবি করছে। সন্ধ্যার পর বিএনপির কর্মীরাও নয়াপল্টন ও এর আশপাশ এলাকায় সংঘর্ষে যুক্ত হন। সংঘর্ষের কারণে পুরানা পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, শান্তিনগর, মালিবাগ ও মতিঝিল এলাকার বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়েন। তাঁরা ঘর থেকে বের হতে পারছিলেন না। এমনকি পল্টন এলাকার অনেক অফিসের কর্মীরা আটকা পড়েন।আল্লামা শফীর দেওয়া বিবৃতিতে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণভাবে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে শাপলা চত্বরের সমাবেশে যোগ দেওয়ার পথে হেফাজতের নেতা-কর্মীদের ওপর পুলিশ ও সরকারদলীয় ক্যাডাররা আক্রমণ করেছে। এতে তাঁদের তিন শতাধিক নেতা-কর্মী হতাহত হয়েছেন বলে দাবি করা হয় এবং এ ঘটনার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করাসহ ১৩ দফা দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তাদের এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি ও এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সারা দেশ থেকে আসা হেফাজতের কর্মী-সমর্থকেরা গতকাল ভোর থেকে ঢাকার ছয়টি প্রবেশমুখ যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু, যাত্রাবাড়ী থেকে ডেমরা সেতু, পোস্তগোলার বুড়িগঙ্গা সেতু, পুরান ঢাকার বাবুবাজার সেতু, আবদুল্লাহপুর-টঙ্গী ব্রিজ ও আমিনবাজারের বলিয়ারপুর এলাকায় অবস্থান নেন। তাঁদের হাতে লাঠি ও জাতীয় পতাকা ছিল। অনেকের সঙ্গে শুকনা খাবারসহ ব্যাগও ছিল। এসব স্থানে রিকশা ভ্যান ও পিকআপ ভ্যান থেকে অবরোধকারীদের মধ্যে পানিসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিতরণ করতে দেখা যায়।এসব প্রবেশপথসহ রাজধানীজুড়ে র্যাব-পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন। রাতে নামানো হয় বিজিবি। রাত ১০টার দিকে পল্টন, কাকরাইল ও মালিবাগসহ আশপাশ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিশৃঙ্খলাকারীদের সরিয়ে দেওয়া শুরু করে। এ সময় সড়কগুলো বিদ্যুৎবিহীন ছিল।গাবতলী-আমিনবাজার-বলিয়ারপুর: ভোরের আগ থেকেই এসব এলাকায় হেফাজতের নেতা-কর্মীরা অবস্থান নেওয়া শুরু করেন। সকাল হতে না হতেই মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, মিরপুর, সাভার, মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদ্রাসার হাজার হাজার ছাত্র-শিক্ষক মিছিল নিয়ে গাবতলী ও আমিনবাজারে অবস্থান নেন। তাঁদের উপস্থিতি মিরপুরের টেকনিক্যাল এলাকা থেকে শুরু করে আমিনবাজার হয়ে বলিয়ারপুর পর্যন্ত ছাড়িয়ে যায়। ভোর থেকেই হেফাজতের কর্মীরা সব ধরনের যানবাহন আটকে দেন। এতে দুর্ভোগে পড়ে দূর-দূরান্ত থেকে আসা মানুষ। তবে সাভারের ভবনধসের ঘটনায় জরুরি কাজে ব্যবহূত গাড়ি, অ্যাম্বুলেন্স, গণমাধ্যমকর্মীদের গাড়ি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়।হেফাজতের নেতা-কর্মীদের হাতে ছিল লাঠি আর বাঁশ। অনেকের কাছে ছিল জাতীয় পতাকা ও কালেমা লেখা পতাকা। তাঁরা দুপুর ১২টার পর থেকে মতিঝিলের উদ্দেশে হেঁটে রওনা হন।কাঁচপুর-যাত্রাবাড়ী-সিদ্ধিরগঞ্জ: ভোর থেকে সকাল নয়টার মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর ও রূপগঞ্জের তারাব এলাকার মহাসড়ক চলে যায় হেফাজতের নেতা-কর্মীদের দখলে। এ কারণে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সময়ে হেফাজতের কর্মীরা জুরাইনে রেলপথ অবরোধ করলে ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচলও বন্ধ থাকে।হেফাজতের কর্মীদের মাথায় ছিল রুপালি কাপড়ের ব্যান্ড আর হাতে ছিল গজারি লাঠি, বাঁশ, জিআই পাইপ, রড, গাছের ডাল ও ক্রিকেট খেলার স্ট্যাম্প। অনেকের হাতে মোটা লাঠি বা পাইপে বাঁধা ছিল জাতীয় পতাকা।হেফাজতের নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি জায়গায় অস্থায়ী ট্রাকের মঞ্চ বানিয়ে বক্তব্য দেন। কর্মীদের বিনা মূল্যে শরবত, কলা, পাউরুটি, শসা, তরমুজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।সকাল সাড়ে ১০টার পর থেকে কয়েকটি ছোট ছোট দল মতিঝিলের দিকে রওনা দেয়। দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কে জোহরের নামাজ পড়ে হেফাজত বাকি কর্মীরা সমবেশে যান।পোস্তগোলা: হেফাজতের কর্মী-সমর্থকেরা ফজরের নামাজের পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুর দুই পাশে অবস্থান নিতে থাকেন। তাঁরা হাসনাবাদে মঞ্চ বানিয়ে সমাবেশ করেন। সকাল ১০টার পর জুরাইনের প্রধান সড়কের রেলক্রসিং এলাকা থেকে হাসনাবাদ পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকা তাঁদের দখলে চলে যায়। জোহরের নামাজের পর হেফাজতের কর্মীরা মতিঝিলের উদ্দেশে রওনা হন।ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একটি ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প হেফাজতের কর্মীদের জন্য বিনা মূল্যে ওষুধ, খাওয়ার স্যালাইন ও বোতলজাত পানি বিতরণ করে।বাবুবাজার: বাবুবাজারে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু অবরোধ করায় ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, খুলনা, বরিশাল অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেতুর ওপরে সমাবেশ শেষে বেলা দেড়টার দিকে হেফাজতের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মতিঝিলের দিকে রওনা দেন।গাজীপুর ও টঙ্গী: ভোর থেকে দুপুর পর্যন্ত উত্তরার আজমপুর থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত এলাকাজুড়ে হেফাজতের নেতা-কর্মীরা অবস্থান নেন। তাঁরা আবদুল্লাহপুরের খন্দকার সিএনজি স্টেশনের কাছে অস্থায়ী মঞ্চ করে বক্তৃতা করেন। দুপুর ১২টার পর থেকে তাঁরা মতিঝিলের সমাবেশে যোগ দিতে রওনা হন। বেশির ভাগই হেঁটে রওনা হন। অনেকে ছোট ছোট পিকআপ ও মাইক্রোবাসেও যান। এ ছাড়া সকাল সাড়ে নয়টার দিকে হেফাজতের কর্মীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে সড়কে পিটিয়ে তিনজন মোটরসাইকেল আরোহীকে আহত করেন।[সহযোগিতায়: গাজীপুর, টঙ্গী, নারায়ণগঞ্জ, সোনারগাঁ ও কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি]