অবরুদ্ধ পায়ে চলার পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় থাকি প্রতিবেদকসড়কে ঢুকতেই পানি ছিটকে এল পায়ের কাছে। সড়কের একাংশজুড়ে গড়ে উঠেছে চায়ের তিনটি টংদোকান। এগুলোর একটি থেকেই ময়লা পানি ফেলা হয়েছে সড়কের ওপর। শাহ সাহেব রোড নামের এই সড়কটি এলিফ্যান্ট রোড থেকে চলে গেছে পরীবাগ। আর শেষ হয়েছে বীর-উত্তম সি আর দত্ত সড়কে (সোনারগাঁও রোডে)। আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের পশ্চিম পাশ দিয়ে যাওয়া এই সড়কের অবস্থা খুবই নাজুক।পরীবাগে ঢুকতে সড়কের ডান পাশের অংশ পুরোটা হাঁটার অনুপযোগী হয়ে পড়েছে। এখন রিকশা কিংবা প্রাইভেট কারও চলে বাঁ পাশের অংশ দিয়ে। চায়ের দোকান পেরিয়ে গেলে রিকশাভ্যান চোখে পড়ল। অসংখ্য রিকশাভ্যান রাখা হয়েছে সড়কের একাংশজুড়ে। রিকশাভ্যানের ওপর বসে আছেন কিছু ছিন্নমূল মানুষ। ফুটপাতের দেখা তো মেলেই না। সড়কের এ অংশটি শখানেক রিকশাভ্যানের দখলে চলে গেছে। আরেকটু এগিয়ে গেলেই দুটি ডাস্টবিন দেখা গেল। এর চারপাশে ছড়িয়ে আছে আবর্জনা। ডাস্টবিনটি কেন্দ্র করে চলছে কাকের রাজত্ব। দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। কিছুদূর যেতেই আরও কিছু রিকশার সারি দেখা গেল। সারির শেষ মাথায় ফুটপাতের ওপর আওয়ামী যুবলীগের কার্যালয় গড়ে তোলা হয়েছে, যার মেঝে পাকা করা হয়েছে। এর সঙ্গে আরও কয়েকটি টংদোকান রয়েছে। এরপর আর সড়কের ডান পাশ দিয়ে হাঁটার উপায় নেই। তাই পথচারীদের সড়কের বাঁ পাশে চলে যেতে হচ্ছে। কারণ, সড়কের ডান পাশে ফুটপাতসহ সড়কের কিছুটা অংশজুড়ে বসবাস করছে ছিন্নমূল মানুষ। এরা পাশেই ময়লা-আবর্জনা ফেলছে। দুর্গন্ধে হাঁটা যায় না এদিক দিয়ে। পথচারীরা হাঁটতে গিয়ে তাই সড়কে দিক পাল্টায়—ডান থেকে বাঁয়ে কিংবা বাঁ থেকে ডান পাশে। পরীবাগের এক দোকানি জানান, অনেক দিন থেকেই সড়কটির এ অবস্থা। কিন্তু কর্তৃপক্ষ নজর দিচ্ছে না।তবে শাহ সাহেব রোড দখলমুক্ত করার আশ্বাস দিয়েছেন ডিসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। তিনি বলেন, এই রাস্তাটিতে যানবাহন চলাচল অবাধ হলে অন্যান্য সড়কে যানবাহনের চাপ কমবে। এতে যানজট পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। তাই শাহ সাহেব রোডের উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।