দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরপর নাৎসি বাহিনী যখন ফ্রান্সের রাজধানী প্যারিস অবরোধ করল, তখন প্যারিসের জনসাধারণের মধ্য থেকেই শুরু হয়েছিল প্রতিরোধ। লেখকেরা বললেন, আপাতত আমাদের কলমের দরকার নেই। আমাদের প্রয়োজন এখন রাইফেল। অবরুদ্ধ প্যারিস মুক্ত না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ অব্যাহত ছিল। মানুষ যেমন শত্রুপক্ষকে প্রতিরোধ করেছে, তেমনি মানুষের পাশে দাঁড়িয়েছে এ সময়। এটা ১৯৪০ সালের ঘটনা। এর ৩০ বছর পর ১৯৭১ সালে অবরুদ্ধ বাংলাদেশেও একই ঘটনা ঘটল। ইতিহাসের পুনরাবৃত্তি নেই, তবে সমান্তরালতা আছেই। মুক্তিযুদ্ধের সময় মানুষ যেমন পানির দামে রক্ত দিয়েছে, এক কাপড়ে জীবন নিয়ে পালিয়েছে, আবার প্রতিরোধে গর্জে উঠেছে। মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ওই মানুষজনই। একাত্তরের অবরুদ্ধ বাংলাদেশের কথা ভাবলে এখন তাই মনে হয়, ইতিহাস কি একই চেহারায় ফিরে আসে সব সময়?অবশ্য অবরুদ্ধ বাংলাদেশের পূর্ব প্রেক্ষাপট নিয়ে এত বছরে অনেক কিছু লেখা হয়েছে। এখানে সে বিষয়ে বিশদভাবে বলার অবকাশ খুব একটা নেই। তবে এটুকু বলা যায়, ১৯৭০ সালের নির্বাচনে জনসাধারণের রায়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৭১ সালের ১ মার্চ যখন সাধারণ পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করল, তখন ধূমায়িত জন-অসন্তোষ ফেটে পড়ল। ৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। সে সময় এই অসহযোগিতা কতটা সফল হয়েছিল, সে বিষয়ে সাক্ষ্য দেওয়ার লোক এ দেশে এখনো জীবিত আছেন। চলতে লাগল—কোনো কিছুকেই চাপিয়ে দেওয়া মনে হয়নি। মনে হয়, রাজনৈতিক দলের চেয়ে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে সবকিছু এত স্বচ্ছন্দে সম্ভব হয়েছিল। এই পরিস্থিতির মধ্যে ২৫ মার্চের রাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে ঢাকা শহরের মানুষের ওপর। সেনাবাহিনীর নির্মমতার কথা আজ আর কারও অজানা নয়।চাকরি সূত্রে আমি তখন খুলনায় থাকতাম। অবরুদ্ধ বাংলাদেশে সে সময় ঢাকা-খুলনা-রাজশাহীর মধ্যে বিশেষ ফারাক কী। সব জায়গার চিত্রই তো এক—ঘর পুড়ছে, মানুষ মরছে। জীবন হাতে নিয়ে প্রতিদিন এখান থেকে ওখানে পালাচ্ছে মানুষ। অবরুদ্ধ বাংলাদেশের তিল পরিমাণ জায়গাও তখন নিরাপদ ছিল না। শহর, মফস্বল, গ্রাম—সবই পাকিস্তানি অবরোধের জাঁতাকলে আটক হলো। সাঁড়াশিতে প্রথমে যেমন যথেষ্ট ফাঁক থাকে, তারপর ধীরে ধীরে সেটি চেপে বসে, তেমনই এপ্রিল-মে মাসের মধ্যে পাকিস্তানিরা সারা দেশকে চেপে ধরল সাঁড়াশি কামড়ে। প্রথমে রাজধানী, তারপর বড় বড় নগর, জেলা শহর ও মফস্বল পেরিয়ে অবশেষে পৌঁছে গেল গ্রাম পর্যন্ত। সে সময় তারা গ্রহণ করেছিল ‘পোড়ামাটি নীতি’ অর্থাৎ মাটি অবধি পুড়িয়ে দাও। ২৫ মার্চের পর প্রথমদিকে তারা বস্তিগুলো পোড়াতে শুরু করল। চলতিপথে দেখা যেত, বস্তির জনশূন্য কুঁড়েঘরগুলো পুড়ছে। এসব বসতির যারা বাসিন্দা, তাদের যেন তত দিনে প্রায় মুছে ফেলা হয়েছে। শূন্য ভিটেয় আধপোড়া বাঁশের খুঁটি মাটির ওপরে কালো কালো জেগে আছে। টলটলে পানিতে ভাসছে গাদা গাদা ছাই।২৫ মার্চের রাতে কী ঘটেছে, খুলনায় বসে তা জানার উপায় ছিল না। এমনই লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল পথঘাট যোগাযোগের ব্যবস্থা। খবরের কাগজ আসা বন্ধ হয়েছিল। রেডিও বোধহয় চলছিল, কিন্তু তা শুনে কিছু বোঝার উপায় ছিল না। দেশ অতি চমৎকার চলছে—এ কথাটা রেডিও থেকে বোঝা যেত বটে, তবে এ কথা বিশ্বাস করার লোক তখন বাংলাদেশে একজনও ছিল না। দিনে দিনে রেডিও এলোমেলো-বিভ্রান্তিকর আচরণ করতে শুরু করল। রেডিওতে কাজ করা বাঙালিদের সংখ্যা তখন বোধ করি হ্রাস পেয়েছিল। এ সময় ভাঙা ভাঙা বাংলায় অবাঙালিদের বিচিত্র ধরনের কথপোকথন রেডিও খুললে প্রায়ই শোনা যেত। ফলে পাকিস্তানি রেডিও সবার কাছে অসহ্য হয়ে উঠল। সবার বেশি মনোযোগ ছিল বিবিসির সংবাদের প্রতি।দেশ অবরুদ্ধ হওয়ার পর শান্তি কমিটি ও রাজাকার বাহিনীতে লোক ভেড়ানো শুরু হলো। তবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবকের চেয়ে শ্রমজীবী, মজুর ও উড়নচণ্ডী শ্রেণীর যুবকদেরই রাজাকারের তালিকায় দেখা গেল বেশি মাত্রায়। আর তাদের মাধ্যমে নয় মাসের অবরুদ্ধ বাংলাদেশে দানবীয় পৈশাচিকতায় শুরু হলো লুণ্ঠন, হত্যাযজ্ঞ এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার আগুনের উৎসব। প্রথমদিকে বড় বড় বাড়িতে লুণ্ঠন হতো না, কিন্তু পরে আর বাছবিচার থাকেনি। সতর্ক, স্নায়ুপীড়নে জর্জরিত মানুষের সঙ্গে যাতায়াতের পথে প্রায়ই দেখা যেত, কালো কালো ভ্যানে দল বেঁধে ১৮-২০ বছর বয়সী যুবকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।৩ এপ্রিল দুপুরবেলা খুলনার সাউথ সেন্ট্রাল রোড ও হাজি মহসীন রোডের মোড়ের পিচঢালা রাস্তায় দেখলাম, তিন যুবকের মৃতদেহ নিথর পড়ে আছে। আর তাদের সঙ্গে ধুতি-ফতুয়া গায়ে একজন মধ্যবয়সী লোক। মৃত ওই তিন যুবককে আমি চিনতাম। তাদের বাবা খুলনা শহরের নামকরা উকিল, মিলটন-শেক্সপিয়ার পড়া মানুষ। একসময় উকিল বাবুর বাড়িতে আমি খুব যেতাম। আমার এক ছাত্রী ছিল, অঞ্জলি। তার বাবা ওই আইনজীবী ভদ্রলোক। আমার ছাত্রী অঞ্জলির তিন ভাইকে সেদিন একসঙ্গে যেভাবে দেখেছি—কী বিচিত্র শোয়ার ভঙ্গি তাদের? মাটিকে ভূমিবাহু ধরলে একজনের পা ত্রিভুজের মতো ভাঁজ করা, অন্য পা মেলে দেওয়া। ছোট ছেলেটি, রাজপুত্রের মতো চেহারা, হাঁটু ভাঁজ করে তলপেটের কাছে গুটিয়ে নিয়ে যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মেজো ভাই দলামোচড়ানো, ডান বাহুর নিচে প্রায় ছিন্ন মাথা, দুই চোখ চেয়ে রয়েছে, বাঁ হাতটি বড় ভাইয়ের গলার ওপর মেলে দেওয়া। প্রায় একই রকমভাবে এ ঘটনার বিবরণ আমার একাত্তর: করতলে ছিন্নমাথা গ্রন্থেও লিখেছি।আসলে অসংখ্য ছিন্ন মস্তক আর রক্তে ভাসানো অবরুদ্ধ বাংলাদেশের নয় মাসের চিত্রের একটি স্মারক হয়তো খুলনার এ ঘটনাটি। কারণ, তখন দেশজুড়ে হরহামেশাই এ রকম ঘটনা ঘটেছে। যত রকম নিষ্ঠুরতা ও পৈশাচিকতার রূপ কল্পনা করা যায়, এ সময় তার সবকিছুই ঘটিয়েছে হানাদার ও তাদের সহযোগীরা। ধর্মের নামে চলেছে ধ্বংসযজ্ঞ। বলা হয়েছে, বাঙালিরা মুসলমান নয়। প্রতি সন্ধ্যায় হরদম গুলির আওয়াজ ভেসে আসত। তবে উৎসটি বোঝা যেত না ঠিক। ছাদে ওঠাও ছিল বিপজ্জনক। সন্ধ্যার পর খুলনা শহরকে দাউ দাউ জ্বলা আগুনের ঘেরের বেড়ি পরানো এক শহর মনে হতো। বিশাল আগুনের বৃত্ত আকাশের নিচু ঝালর পোড়াতে পোড়াতে ঘেরটা ছোট করে আনছে। দিগন্ত দেখতাম ভয়াবহ আলোয় উজ্জ্বল, কিন্তু খানিকটা ওপরে, যেখানে আলো আর পৌঁছায় না, পড়ে ঝকঝকে শাণানো অন্ধকার। সে অন্ধকার চিরে কান ফাটানো আগ্নেয়াস্ত্রের আওয়াজ। এসব শব্দের সঙ্গে ঠিক ঠিক সংগত হয়ে ভেসে আসত কুকুর-শেয়ালের চিৎকার। সেই শব্দ ভীতির, না উল্লাসের বলা কঠিন।দিনের আলো ফুটতেই দেখা যেত শত শত নীরব মানুষের ভারে পরিপূর্ণ হয়ে উঠেছে রাস্তা। বোঁচকাবুঁচকির মতোই ছেলেপুলে কোলে-কাঁধে উঠেছে। বাস্তুভিটা ফেলে পাকিস্তানি নরঘাতকদের হাত থেকে বাঁচার জন্য সবাই ছুটছে নদীর দিকে, রূপসা নদী। ওপারে বাগেরহাট, রামপাল, মংলা হয়ে এই মানুষজন ছড়িয়ে পড়বে বন-জঙ্গল, খানাখন্দে ভরা খুলনা-বরিশালের ভেতরের গ্রামগুলোতে। পরিবার-পরিজনের হাত ধরে ভয়ংকর বাদা, নাবি অঞ্চল, শরণখোলা, পটুয়াখালী, ফরিদপুরের একেবারে ভেতরের দিকে চলে যাবে। তারপর অনাহার ও মড়ক-মারিতে হাজারে হাজারে মারা পড়বে, যদি না তার আগেই বর্বর পাকিস্তানি সৈন্যদের বুলেট তাদের নাগাল পায়। মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ বাংলাদেশের এ রকম চিত্র সে সময়ের অনেকের চোখে এখনো উজ্জ্বল, স্মৃতি মেলে ধরলেই দেখা যায় সব। কিন্তু মুক্তিযুদ্ধের নয় মাসে মানুষ শুধু পালায়নি, মানুষের টানে ছুটে গেছে মানুষ। নিজের জীবনের ঝুঁকি নিয়েও অসহায়-নিরাশ্রয় লোকের প্রতি বাড়িয়ে দিয়েছে সাহায্য ও সহমর্মিতার হাত—একাত্তরে এ রকম দৃষ্টান্ত অসংখ্য।এপ্রিলের গোড়ায় সপরিবারে আমি খুলনা ছাড়লাম। রূপসা ঘাটে এসে দেখি মানুষে মানুষে গিজগিজ। সবাই নদী পার হবে। আমাদের গন্তব্য বাগেরহাট। কবি আবু বকর সিদ্দিকের বাড়িতে যাব। রূপসা পার হয়ে যখন বাগেরহাট শহরে পৌঁছেছি, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যে মাইকে কোত্থেকে যেন শব্দ ভেসে এল, ‘আপনারা যাঁরা এই রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে যারা শিশু আছে, তাদের জন্য দুধের ব্যবস্থা করেছি। আর আপনাদের মধ্যে যাঁরা অভুক্ত রয়েছেন, তাঁদের জন্য খাবারের ব্যবস্থা আছে।’ একাত্তরের স্মৃতির উল্লেখ করলাম অবরুদ্ধ মানুষ তখন কীভাবে অপরকে রক্ষা করেছে, সেটি বোঝানোর জন্য। হানাদার সৈন্যদের তাণ্ডবলীলার মধ্যেও গণপ্রতিরোধ সম্ভব হয়েছিল কেবল অবরুদ্ধ বাঙালির অপরিসীম সহযোগিতার কারণে। দেশের বিভিন্ন স্থানে সাধারণ জনগণের সহযোগিতার বুকে ভর দিয়ে আমাদের জনযুদ্ধ নয় মাসের সংক্ষিপ্ত সময়ে সেদিন বিজয়ের স্বাদ লাভ করেছিল এভাবেই। আর নয় মাসের এই রক্তাক্ত বাস্তবতায় যতক্ষণ পর্যন্ত না মানুষ নিজে আক্রান্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা অন্যজনকে রক্ষা করেছে। রক্ষা করেছে অপরের সম্পদ। মুক্তিযুদ্ধের সমষ্টিগত প্রতিরোধ এবং ইতিহাস এসব টুকরো টুকরো ঘটনার ফুলমালাতেই রচিত হয়েছে।করতলে ছিন্নমাথায় একবার লিখেছিলাম, ১৯৭১ সালে সবচেয়ে সস্তা দাম ছিল মানুষের রক্তের। একটু ভুল বলা হলো। মানুষের রক্তের কোনো দামই ছিল না। একেবারে বিনা দামে রক্তের স্রোত বইছিল। বাংলাদেশের গ্রাম-গঞ্জ সেই রক্তস্রোতে ভেসে যাচ্ছিল। ঘরবাড়ি, খেতখামার মাথায় মাথায় ডুবে যাচ্ছিল। সহজেই মনে হতে পারত, বাংলাদেশের আর কোনো জিনিসই রক্তের চেয়ে সস্তা ছিল না। অবরুদ্ধ বাংলাদেশে উৎকণ্ঠা, উত্তেজনা, যুদ্ধ আর ভয়ের মধ্য দিয়ে আমরা যারা সে সময় একেকটি দিন কাটিয়েছি, তাদের পক্ষে পুরোপুরি সেসব অনুভূতির প্রকাশ কোনো ভাষার মাধ্যমে কি ব্যক্ত করা সম্ভব আজ?হাসান আজিজুল হক: কথাসাহিত্যিক।