জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ধারা বাতিলের দাবি
অবরোধ ও ভাঙচুর শেষে আশ্বাস, আন্দোলন স্থগিত
শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে শিগগিরই আইন পরিবর্তনে প্রশাসন কাজ করবে—উপাচার্যের এমন আশ্বাসের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গতকাল সোমবারও দাবি আদায়ে শিক্ষার্থীরা পুরান ঢাকায় সড়ক অবরোধ করে রাখেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ২৮ জনকে আটক করে। এদিকে, গত রোববারের ভাঙচুরের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলা, ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন আহমদ খান ও সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইনসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য নয়জন পলাতক। এ ছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচ শ ছাত্রকে আসামি করা হয়। নিজস্ব আয়ে চলতে হবে— জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের এমন ধারাটি বাতিলের দাবিতে রোববার ক্যাম্পাসের আশপাশে ও দোয়েল চত্বরে বিক্ষোভ এবং অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিলে দ্বিতীয় দিনের মতো গতকাল আবার তাঁরা বিক্ষোভ করেন।গতকাল দুপুরে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্রনেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় উপাচার্য কোনোক্রমেই বেতন-ভাতা না বাড়ানোসহ আইন সংশোধন, বেদখল হল উদ্ধার ও আটক ছাত্রদের ছাড়িয়ে আনার আশ্বাস দেন। ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, উপাচার্যের আশ্বাসের পর শিক্ষার্থীরা কাল (আজ মঙ্গলবার) ক্লাসে ফিরে যাওয়ার কথা বলেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী তিন-চারটি দ্বিতল বাস দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেন। ফলে গুলিস্তান-সদরঘাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা-কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। এর পরও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে গেলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের মারমুখী অবস্থানের একপর্যায়ে জজকোর্ট, শাঁখারীবাজার ও লক্ষ্মীবাজার দিয়ে চলে যাওয়ার সময় বিক্ষোভকারীরা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় লক্ষ্মীবাজার এলাকায় একটি প্রাইভেট কার দ্রুত পালাতে গিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশায় থাকা দুই নারী আরোহী, প্রাইভেট কার ও রিকশাচালক গুরুতর আহত হন। এ ছাড়া প্রায় আধা ঘণ্টার পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশ কনস্টেবলসহ আরও ১৫ জন আহত হন। এ সময় পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। কোতোয়ালি ও সূত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ২৮ ছাত্রকে আটক করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই একমত পোষণ করেছেন। এর পরও তাঁরা এ ধরনের বিশৃঙ্খলা করছেন। এটা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার জন্য ছাত্রদের রাস্তা থেকে সরিয়ে দেয়।’এরপর বেলা সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ শুরু করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। পরে বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস ছেড়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। তখন শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আজ সকালে (গতকাল) শিক্ষামন্ত্রী নিজে ফোন করে সার্বিক পরিস্থিতি শুনেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তিনি নিজে বিষয়টি সমাধান করতে আলোচনা করবেন।বেলা পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজ কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র মৈত্রীর নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসেন। মতবিনিময় সভায় আন্দোলনরত শিক্ষার্থীরা আটককৃতদের মুক্তির দাবি করেন। একই সঙ্গে তাঁরা ২৭(৪) ধারা বাতিল, বেদখল হল উদ্ধারসহ নতুন হল নির্মাণের দাবি জানান। সভায় উপাচার্য বলেন, ‘সরকার যদি সময়মতো আইন সংশোধন করত তবে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। অনেকগুলো সমস্যা নিয়েই বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছে। আশা করছি, শিগগিরই আইনটি পরিবর্তন হবে।’প্রশাসন জানায়, বিকেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় গত দুই দিনের সার্বিক পরিস্থিতি নিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা। একই সঙ্গে সদস্যরা এ ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান। এক সিন্ডিকেট সদস্য বলেন, গত বছর আইনটি সংশোধনের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে লিখিত দেওয়া হয়। সার্বিক অবস্থা উল্লেখ করে আবারও চিঠি দেবে প্রশাসন।এদিকে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে কোতোয়ালি থানা দুই ছাত্র ও শাহবাগ থানার পুলিশ আট ছাত্রকে গতকাল আদালতে হাজির করে। ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত অভিযুক্ত ব্যক্তিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।