অবরোধ শান্তিপূর্ণ হলে বাধা দেবে না পুলিশ
রাজধানীর ছয়টি প্রবেশপথের মধ্যে হেফাজতে ইসলামের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি সীমাবদ্ধ ও শান্তিপূর্ণ থাকলে পুলিশ তাতে বাধা দেবে না। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, হেফাজতের নেতারা পুলিশকে জানিয়েছেন, রাজধানীর চারপাশের ছয়টি প্রবেশপথে তাঁরা অবরোধ করবেন। এ ছাড়া ঢাকার ভেতরে একটি সমাবেশ করার অনুমতি চেয়েছে সংগঠনটি। এ ব্যাপারে গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশ সিদ্ধান্ত দেয়নি।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করব, তারা (হেফাজত) তাদের কর্মসূচি অনুযায়ী ঢাকার প্রবেশপথগুলোতেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। তাদের কর্মসূচি শান্তিপূর্ণ হলে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা প্রদান করা হবে না। যদি তারা কোনো ধরনের বিশৃঙ্খলা বা ফৌজদারি অপরাধ করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ ব্যবস্থা নেবে।’এ ছাড়া রাজধানীর নিরাপত্তায় একাধিক ভ্রাম্যমাণ আদালত থাকবেন। পুলিশ ও র্যাবের পাশাপাশি থাকবে বিজিবি।এদিকে রাজধানীতে সমাবেশ করার বিষয়ে হেফাজতের নেতারা গতকাল সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেননি। তবে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, হেফাজত পুলিশকে মৌখিকভাবে জানিয়েছে যে তারা ঢাকার কোনো একটি স্থানে সমাবেশ করতে চায়। তবে এখনো স্থান নির্দিষ্ট করে দেয়নি। আজ শনিবার তারা এ ব্যাপারে অনুমতি চাইতে পারে বলে তিনি জানান।