আজ রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি। ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকার চারপাশের ছয়টি প্রবেশপথের রাস্তায় অবস্থান নেবে তারা। এরপর বিকেলে রাজধানীর ভেতরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।হেফাজতে ইসলামের একাধিক সূত্র জানায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু গত রাত পর্যন্ত পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি।তবে, হেফাজতের দায়িত্বশীল একজন নেতা প্রথম আলোকে বলেন, অনুমতি না দিলেও তাঁরা বায়তুল মোকাররমে সমাবেশ করবেন, সেখানে সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী বক্তব্য দেবেন।গত রাতে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, রাজধানীর ভেতরে কোথাও সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি হেফাজতকে। তিনি দাবি করেন, ছয়টি অবরোধস্থলের যেকোনো একটিতে আল্লামা শফী বক্তব্য দেবেন এবং সন্ধ্যার আগেই অবরোধ তুলে নেবেন বলে হেফাজতের নেতারা পুলিশকে কথা দিয়েছেন।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ভোর থেকে ঢাকার ছয়টি প্রবেশমুখ যাত্রাবাড়ী থেকে কাঁচপুর সেতু, যাত্রাবাড়ী থেকে ডেমরা সেতু, পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু, পুরান ঢাকার বাবুবাজার সেতু, আবদুল্লাহপুর-টঙ্গী ব্রিজ ও আমিনবাজারের বলিয়ারপুরে অবস্থান নেবে হেফাজতে ইসলাম। জায়নামাজ, তসবিহ, মিসওয়াক ও শুকনো খাবার নিয়ে কর্মসূচিতে অংশ নিতে কর্মী-সমর্থকদের নির্দেশনা দিয়েছে হেফাজত। পুলিশ জানিয়েছে, আজকের কর্মসূচিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।কথিক নাস্তিক ব্লগারদের শাস্তি, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করাসহ ১৩ দফা দাবিতে এ অবরোধ কর্মসূচি দিয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তাদের আজকের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি, এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। এর মধ্যে অবরোধকারীদের আপ্যায়ন করার জন্য জাতীয় পার্টি সাংগঠনিকভাবে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে। আল্লামা শফীর আহ্বান: এদিকে গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী ‘ধোঁকা, অস্পষ্টতা, বিভ্রান্তি ও ধূম্রজালের’ আশ্রয় না নিয়ে ১৩ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।লিখিত বক্তব্যে আল্লামা শফী বলেন, ‘কাউকে ক্ষমতা থেকে হটানো বা কাউকে ক্ষমতায় বসানো আমাদের আন্দোলনের লক্ষ্য নয়। ক্ষমতাকেন্দ্রিক কোনো রাজনৈতিক অভিলাষ আমাদের নেই। এ আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশে বা দেশের বাইরে কোনো মহলকে শত্রু কিংবা মিত্র হিসেবে সাব্যস্ত করতে চাই না। দেশের নিয়মতান্ত্রিক ধারা অক্ষুণ্ন রাখা এবং উন্নয়ন-সহযোগীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে আমরা কেবলই ইমান ও ধর্মীয় অধিকারের প্রশ্নে অটল ও অবিচল থাকতে চাই।’ঢাকা অবরোধ কর্মসূচি এবং গত শুক্রবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে হেফাজতে ইসলাম গতকাল পুরান ঢাকার লালবাগ মাদ্রাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আল্লামা শফীর লিখিত বক্তব্যটি পড়ে শোনান হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তাতে ১৩ দফার পাশাপাশি আরও কয়েকটি দাবি যুক্ত করা হয়। তা হলো হেফাজতের আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের সুচিকিৎসা, গ্রেপ্তার থাকা সংগঠনের কর্মী-সমর্থকদের মুক্তি ও ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার করা, ‘নাস্তিক’ ব্লগারদের মুখোশ উন্মোচনকারী আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি এবং আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দিয়ে পত্রিকাটির প্রকাশনার ব্যবস্থা করা।সংবাদ সম্মেলনে বলা হয়, মানবিক বিবেচনায় সাভার দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, উদ্ধার তৎপরতায় নিয়োজিত সব ধরনের যান, দেশি-বিদেশি পরিদর্শকদের গাড়িসহ এজাতীয় যানবাহনকে অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে। এ ধরনের যানবাহনকে স্টিকার ব্যবহারের অনুরোধ করা হয়েছে। এর আগে হেফাজতের একাধিক কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এ কথা উল্লেখ করে গণমাধ্যমকর্মীরা আজকের কর্মসূচিতে নিরাপত্তা চাইলে সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমরা নিশ্চিত, মিডিয়ার ওপর হেফাজতের কর্মীদের দ্বারা কোনো হামলা হবে না।’ তিনি দাবি করেন, ‘এর আগের ঘটনাগুলো আমরা তদন্ত করে দেখেছি, তাতে হেফাজতের কেউ জড়িত ছিল না। কিছু দুষ্কৃতকারী তাতে জড়িত ছিল। এবার কোনো দুষ্কৃতকারী এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে আমরা ধরার চেষ্টা করব।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুফতি ওয়াক্কাস, আবদুল লতিফ নেজামী, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, আনোয়ার শাহ, মঈনুদ্দীন রুহী, আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মীযানুর রহমান, আবদুর রব ইউসূফী, মুফতি তৈয়্যব, জুনায়েদ আল হাবীব, জাফরুল্লাহ খান, আবুল হাসানাত আমিনী, মাহফুজুল হক প্রমুখ।