আমেরিকান কোম্পানি শেভরন পরিচালিত মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের অবরোধ স্থগিত করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। স্থানীয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন ও ঠিকাদারেরা প্রথম আলোকে জানিয়েছেন।ওই গ্যাসক্ষেত্রে খাবার, পানি ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য শেভরনের তালিকাভুক্ত ২২ জন স্থানীয় ঠিকাদারের মধ্যে পাঁচজন তাঁদের দিয়েই সব কাজ করানোর দাবিতে গত বৃহস্পতিবার অবরোধ শুরু করেছিলেন।এর ফলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর (কেপিআই) অন্যতম এই গ্যাসক্ষেত্রের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল। একপর্যায়ে ক্ষেত্রটি বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। একই সঙ্গে শেভরন পরিচালিত মুচাই কমপ্রেসর স্টেশনটিও বন্ধের হুমকির মুখে পড়েছিল।গতকাল বুধবার সকালেও কালাপুর-গ্যাসফিল্ড সড়কে আন্দোলনরত ঠিকাদারদের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ করেন। ওই সময় গ্যাসক্ষেত্র থেকে শেভরনের একটি গাড়ি বের হলে আবরোধকারীরা তা আটকে দেন।এরপর গ্যাসক্ষেত্রের ভেতরে শেভরনের স্থানীয় একজন কর্মকর্তা ও ঠিকাদারদের প্রতিনিধির সঙ্গে স্থানীয় প্রশাসনের আলাপ-আলোচনার পর প্রশাসনের আশ্বাসে ঠিকাদারেরা আপাতত অবরোধ স্থগিত করতে সম্মত হন।আমাদের শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম এ মাসুদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ গ্যাসক্ষেত্র এলাকায় যান। তাঁরা আন্দোলনরত ঠিকাদারদের সঙ্গে কথা বলেন।পরে ঠিকাদারদের প্রতিনিধি মো. শহীদুর রহমানকে নিয়ে গ্যাসক্ষেত্রের ভেতরে শেভরনের একজন প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। এ সময় শেভরনের ঢাকা কার্যালয়ের একজন কর্মকর্তার সঙ্গেও মোবাইল কনফারেন্সের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কথা হয়।জানতে চাইলে মৌলভীবাজারের এএসপি বলেন, বৈঠক সফল হয়েছে। ঠিকাদারেরা অবরোধ তুলে নিতে রাজি হয়েছেন। ঢাকায় শেভরনের কার্যালয়ে ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে তাঁদের যৌক্তিক দাবি মেনে নিতে রাজি হয়েছে।ঠিকাদার মো. শহীদুর রহমান বলেন, বৈঠকে শেভরনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ আপাতত স্থগিত করা হয়েছে।ঢাকায় শেভরনের পরিচালক (বহিঃসম্পর্ক বিভাগ) নাসের আহমেদ প্রথম আলোকে বলেন, উদ্ভূত সমস্যা নিরসনের জন্য শেভরন স্থানীয় প্রশাসন ও নেতাদের ধন্যবাদ জানায়। শেভরন আশা করে, অতীতের মতো ভবিষ্যতেও সবাইকে নিয়ে নিয়মকানুনের মধ্যে থেকে কাজ করা যাবে। অবরোধ তুলে নেওয়ার পর গতকাল বিকেলে গ্যাসক্ষেত্রটি থেকে কয়েকটি লরি বেরিয়ে যেতে দেখা গেছে। এসব লরিতে করে গ্যাসের সঙ্গে ওঠা পানি ও কনডেনসেট বিবিয়ানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।