অবরোধে প্রাণহানি ও হরতালের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধের সময় সহিংসতা ও প্রাণহানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাজপথে সহিংসতার পাশাপাশি হরতালের ব্যাপারেও যুক্তরাষ্ট্র কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে।দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক গতকাল মঙ্গলবার সকালে তাঁর দেশের এ মনোভাবের কথা জানিয়েছেন। ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে রবার্ট ব্লেক সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপের মাধ্যমে ঠিক করতে হবে। দুই দল যে ফর্মুলা বের করবে, আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেবে। এ ছাড়া সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আমরা বিএনপিকে সংসদে ফিরে যেতে উৎসাহিত করি।’চার দিনের সফরে রবার্ট ব্লেক গত শনিবার বিকেলে ঢাকায় আসেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত নারী উদ্যোক্তাদের এক আঞ্চলিক সেমিনারে যোগ দেন তিনি। পাশাপাশি বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়সূচির কারণে ইচ্ছে থাকলেও তাঁর সঙ্গে দেখা করতে পারেননি রবার্ট ও. ব্লেক। তবে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন। এ ছাড়া ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বিএনপির দাবি ও বরার্ট ব্লেক: গত সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারে রবার্ট ব্লেক উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। গণমাধ্যমে প্রকাশ হওয়া বিএনপির এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে যেভাবে এসেছে, আমি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যাপারে সেভাবে বলিনি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। অবরোধ চলার সময় তিনজনের হত্যার ব্যাপারে আমি গতকালের বৈঠকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। সহিংসতার ছবি যে আমাদের উদ্বিগ্ন করেছে, সেটিই আমি বলেছি। অবরোধের সময় তরুণকে হত্যার বীভৎস ছবি দেখে আমি বিচলিত হয়েছি। এ ব্যাপারেও উদ্বেগ তুলে ধরেছি।’প্রসঙ্গ বিশ্বজিৎ: এ প্রসঙ্গে তিনি অবরোধের সময় পুরান ঢাকায় বিশ্বজিতের হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘সহিংস ওই ঘটনায় জড়িত হামলাকারীদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দ্রুত বিচারের মুখোমুখি করা হবে বলে আমি বিশ্বাস করি।’হরতাল: তাঁর ঢাকা ছাড়ার সময় বাংলাদেশে হরতাল হচ্ছে। এ পরিস্থিতিকে তিনি কীভাবে দেখেন, এমন প্রশ্নের জবাবে রবার্ট ব্লেক হরতালের বিরোধিতার জন্য দুটি কারণ তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রথমত, হরতালের কারণে দৈনিক আয়ের নির্ভরশীল লোকজন ও তাদের পরিবারের সদস্যের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে। দ্বিতীয়ত, হরতাল দীর্ঘমেয়াদে বাংলাদেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং নতুন বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করে।’মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা নিরাপদ এবং সহজে ব্যবসা পরিচালনা করা যায়, এমন কর্মপরিবেশ খোঁজেন। হরতাল ব্যবসার পরিবেশের জন্য সমস্যা তৈরি করে। তাই দুই দলকেই হরতাল এড়িয়ে চলতে হবে। সংসদে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করতে হবে।সংলাপেই সমাধান: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রধান দুই দলের মতপার্থক্য কীভাবে দূর করা সম্ভব, এ প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেন, এ বিষয়টি আওয়ামী লীগ ও বিএনপির একসঙ্গে বসে সমাধান করতে হবে। দুই দলকে সংলাপে বসে একটি ফর্মুলা বের করতে হবে। তাদের কাছে যেটি গ্রহণযোগ্য হবে, আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেবে।প্রধান দুই দলের মধ্যে আলোচনার পথ রুদ্ধ হলে গণতন্ত্র বিপন্ন হবে কি না, কিংবা ২০০৭ সালের জানুয়ারির মতো জরুরি অবস্থা জারির সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ব্লেক বলেন, ‘আমি কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দিতে চাই না। তবে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়ার আহ্বান জানাব।’ যুক্তরাষ্ট্র যখন বারবার সংলাপের কথা বলছে, তখন চলমান পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ব্লেক বলেন, ‘সমস্যার সমাধান কীভাবে হবে, তা এখানকার রাজনৈতিক দলগুলোই ঠিক করবে। তবে সংলাপের প্রক্রিয়ার প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে। সেই সঙ্গে আমরা বিএনপিকে সংসদে ফিরে গিয়ে আলোচনায় বসার আহ্বান জানাই।’ গ্রামীণ ব্যাংক: গতকাল সকাল পৌনে আটটায় রাজধানীতে ব্লেকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি গ্রামীণ ব্যাংক নিয়ে মার্কিন সরকারের অতীতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘যথাসময়ে এবং স্বচ্ছ নির্বাচনপ্রক্রিয়ার মধ্য দিয়ে অত্যন্ত যোগ্য একজন ব্যক্তিকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক নিয়োগের ব্যাপারে আমাদের জোরালো সমর্থন অব্যাহত রয়েছে। কারণ, এ প্রক্রিয়ায় এমডি নিয়োগ করা হলে তিনি প্রতিষ্ঠানটির গ্রাহক, বিশেষ করে নারীদের স্বার্থ সমুন্নত রাখার পাশাপাশি গ্রামীণ ব্যাংকের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে পারবেন।’ পোশাকশিল্প: তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড নিয়েও ব্লেক উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে ১০০ বছর আগের নিউইয়র্ক সিটির ট্রায়াঙ্গেল শার্টওয়েস্ট ফ্যাক্টরির সঙ্গে তাজরীন প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘এবারকার সফরে সরকার, পোশাক উৎপাদনকারী ও ক্রেতাদের সঙ্গে আলোচনায় আমি বলেছি, তাজরীন বাংলাদেশের জন্য ট্রায়াঙ্গেলের মতো একটি পরিস্থিতি তৈরি করেছে। এ ক্ষেত্রে পরিবর্তিত পর্যায়ে উত্তরণের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও আন্তর্জাতিক অর্থায়ন সংস্থার সঙ্গে ‘উন্নত কর্মব্যবস্থা’-সংক্রান্ত চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিকফা) সই করতে পারে বাংলাদেশ; যার মধ্য দিয়ে স্বাধীন শ্রমিক সংগঠন তৈরি হবে, যা চূড়ান্তভাবে শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই পরিবর্তন আনবে।’