অবরোধে বাধা দিলে সংঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববারের অবরোধ কর্মসূচিতে বাধা দেওয়া হলে সেখান থেকেই পাল্টা কর্মসূচি দেওয়া হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, বাধা দিলে তা সরকারের জন্যই বড় সংঘাত বয়ে আনবে।আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় মওদুদ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই কর্মসূচির মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। মওদুদ বলেন, অবরোধ কর্মসূচির পরও সরকার যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায়, তাহলে সামনে হরতাল, অবরোধসহ ঢাকা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। এমনকি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যত ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে, তার সবগুলো ব্যবহার করা হবে। মওদুদ আরও বলেন, ‘পদ্মা সেতুর দুর্নীতি সরকারের পতনের জন্য মূল ভূমিকা রাখবে, এটা তাদের মরণফাঁদ। আর এই ফাঁদ তারা নিজেরাই তৈরি করেছে। এ জন্য আমাদের কিছু করতে হয়নি। তাদের উচিত ছিল পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যুদ্ধ না করা।’ তিনি জানান, বিশ্বব্যাংক অভিযোগ তোলার পরও দুদক কোনো দুর্নীতি খুঁজে পায়নি। কিন্তু দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাংকের পর্যবেক্ষক দল যখন বাংলাদেশ সফর করল, তখনই সবকিছু পাল্টে গেল। এখন কাকে বাদ দেবে, কাকে অভিযুক্ত করবে—এ নিয়ে সরকারের এজেন্ট হিসেবে স্বীকৃত দুদক দরকষাকষি করছে। তারা সৈয়দ আবুল হোসেনসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছে।‘সংসদ ও গণতন্ত্র নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাংসদ নিলুফার চৌধুরী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।