অবরোধে হতাহত ও সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধের সময় হতাহত ও সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো চার দিনের সফর শেষে বাংলাদেশ ছাড়ার আগে দেওয়া বিবৃতিতে এ নিন্দা জানান। রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়ে তনি বলেন, এ প্রক্রিয়ায় জনগণের সমর্থন থাকতে হবে।অস্কার ফার্নান্দেজ তারানকো গত বৃহস্পতিবার চার দিনের সফরে ঢাকায় আসেন। তিনি আগামী নির্বাচনের প্রস্তুতি ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।গতকাল সোমবার ঢাকার জাতিসংঘের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন পর্যায়ের আলোচনায় অস্কার ফার্নান্দেজ বাংলাদেশের আগামী নির্বাচনে জনগণ যাতে নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন। অস্কার ফার্নান্দেজ বলেন, জাতিসংঘ মনে করে একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার সম্ভাবনা সৃষ্টি করবে। আর বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হলে সমন্বিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি অর্জিত হবে। জাতিসংঘের এই জ্যেষ্ঠ কর্মকর্তা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামীতে একটি সফল নির্বাচন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে গঠনমূলক আলোচনা এবং একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশন যাতে তার ওপর দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে সে লক্ষ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে কমিশনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের অনুরোধ জানান ফার্নান্দেজ। জার্মান দূতাবাসের নিন্দাগত রোববারের রাজপথ অবরোধের সময় জার্মান স্থপতি আনা হেরিংগারের ওপর বিএনপি কর্মীদের হামলার নিন্দা জানিয়েছে জার্মান দূতাবাস। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনিয়ে গত রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এ বিষয়ে চিঠিও দিয়েছেন। তারা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করেছে।ঢাকায় জার্মান দূতাবাস গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্মান স্থপতি আনা হেরিংগার। গত রোববার সকাল সাড়ে সাতটায় গাবতলী বাজার পেরোনোর সময় বিএনপির একদল অবরোধকারী তাঁকে বহনকারী গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বহনকারী জার্মান সরকারের দেওয়া গাড়ির কাচ ভেঙে ফেলে। তারা চালককে বেধড়ক পেটায়। এ সময় নিজেকে বাঁচাতে গাড়ি থেকে লাফিয়ে পড়েন আনা হেরিংগার।