অবরোধের ফলে চাপে পড়েছে সিরিয়া সরকার
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ওপর মার্কিন অবরোধের প্রভাব দেশটির সরকারের ওপরও পড়তে শুরু করেছে। সরকার এখন বিক্ষোভকারীদের দমনে সামরিক শক্তির ব্যবহার বন্ধ করতে ক্রমবর্ধমান চাপের মধ্যে আছে। সিরিয়ায় বিরোধীদের দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ওই নিষেধাজ্ঞা আরোপ করে। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনী গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের দমনে সীমান্তবর্তী তেল কেলাখ শহরে গত শনিবার থেকে অভিযান চালাচ্ছে। বার্তা সংস্থটি জানিয়েছে, আজ বৃহস্পতিবার এ অভিযান বন্ধ হতে পারে। অব্যাহত অবরোধের মুখে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে।শহরটির একজন বাসিন্দা স্যাটেলাইট ফোনে রয়টার্সকে বলেন, ‘আমরা এখনো পানি, বিদ্যুত্ ও যোগাযোগ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি। সেনারা বাড়ি বাড়ি অভিযান চালিয়ে অনেককে ধরে নিয়ে যায়। তবে সেনাদের এখন কিছুটা নমনীয় হতে দেখা যাচ্ছে।’ মানবাধিকার সংগঠনগুলো বলছে, সিরিয়ায় দুই মাস ধরে চলা এ বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এ সহিংস অভিযানের নিন্দা জানিয়ে আসছে।সিরিয়ার শীর্ষস্থানীয় বিরোধী নেতা হাইথাম আল-মালেহ বলেন, সিদ্ধান্তটির অর্থ হচ্ছে শাসকগোষ্ঠীর সদস্যরা অবরোধের মধ্যে আছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের যেকোনো পদক্ষেপ সিরিয়ার জনগণকে তাদের অভ্যুত্থান অব্যাহত রাখতে সহযোগিতা করবে।মার্কিন অর্থ দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সিরিয়ার কর্মকর্তাদের যেকোনো ধরনের সম্পদ বাজেয়াপ্ত করবে ওয়াশিংটন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি বা ব্যক্তিগতভাবে সিরিয়ার সঙ্গে কারও চুক্তিকে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন অবরোধের তালিকায় প্রেসিডেন্ট আসাদ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ফারুক আল-শারা, প্রধানমন্ত্রী ইব্রাহীম আল শার, প্রতিরক্ষামন্ত্রী আলী হাবিব, গোয়েন্দা সংস্থার প্রধান আবদুল ফাতাহ কুদসিয়া, রাজনৈতিক নিরাপত্তা শাখার পরিচালক দিব জাইতুনের নাম রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট আসাদকে তাঁর প্রতিশ্রুত সংস্কার কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করতে অবরোধ আরোপ করা হয়। ওই কর্মকর্তারা আরও বলেন, ‘অবরোধের মাধ্যমে প্রেসিডেন্ট আসাদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—হয় তিনি গণতন্ত্রের পথে এগিয়ে যাবেন, না হয় ক্ষমতা ত্যাগ করবেন।’গতকাল বুধবার সুইজারল্যান্ড জানিয়েছে, তারা সিরিয়ার ১৩ জন শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।