ভারতের দেওয়া ১০০ কোটি ডলারের ঋণসহায়তার আওতায় এখন পর্যন্ত ৬১ কোটি ডলার ব্যয়ে ১৪টি প্রকল্প নেওয়া হয়েছে। অবশিষ্ট ৩৯ কোটি ডলার খরচের জন্য নতুন প্রকল্প তৈরির কাজ শুরু হয়েছে।পরিকল্পনা কমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সম্মত প্রকল্পগুলো জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) অনুমোদনের পর নভেম্বরের মধ্যে বাস্তবায়ন শুরুর প্রক্রিয়া চলছে। ওই ঋণের আওতায় এ পর্যন্ত নেওয়া ১৪টি প্রকল্পের সাতটি একনেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় এখন পর্যন্ত নির্বাচিত ১৪টি প্রকল্প অনুমোদনসহ প্রয়োজনীয় কাজগুলো করছে।মোশাররফ হোসেন জানান, চূড়ান্ত অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হবে। এরপর নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাস্তবায়নকারী সংস্থার সম্মতিপত্র সই হবে।ঋণের অবশিষ্ট ৩৯ কোটি ডলার কাজে লাগানোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সচিব মোশাররফ হোসেন বলেন, ‘এ জন্য কয়েকটি মন্ত্রণালয় প্রকল্প তৈরির কাজ করছে। আগামী কয়েক মাসে তা চূড়ান্ত হবে বলে আশা করছি।’পরিকল্পনা বিভাগের সচিব হাবিব উল্লাহ মজুমদার প্রথম আলোকে বলেন, অনুমোদিত প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যত দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।অবশিষ্ট টাকায় প্রকল্প গ্রহণের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, নতুন করে প্রকল্প নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রক্রিয়াটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয় তত্ত্বাবধান করছে।এদিকে এ পর্যন্ত দুই পক্ষের সম্মত প্রকল্পগুলোর ব্যাপারে অর্থ বরাদ্দ পুনর্নির্ধারণ কিংবা কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করতে একটি সভা আহ্বানের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারকে একটি চিঠি দিয়েছেন। পরিকল্পনামন্ত্রীকে লেখা চিঠিতে মসিউর রহমান বলেছেন, ‘নমনীয় ঋণের’ আওতায় যে ১৪টি প্রকল্প নেওয়া হয়েছে, তাতে কোনো পরিবর্তন আসছে না। গত ২৫ আগস্ট এক পর্যালোচনায় বিভিন্ন মন্ত্রণালয় বলেছে, বরাদ্দকৃত অর্থ অপরিবর্তনীয় বলে পরিকল্পনা কমিশন উল্লেখ করেছে। কিন্তু মন্ত্রণালয়গুলো ব্যয়ের অঙ্ক উল্লেখ করেছিল প্রাক্কলনের ভিত্তিতে, পরবর্তী সময়ে যার পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে ব্যয় পুনর্নির্ধারণ করা প্রয়োজন হলে পরিকল্পনা কমিশন পুনর্নির্ধারিত অর্থের জন্য সুপারিশ করতে পারে।গত ৭ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির উপস্থিতিতে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা-সংক্রান্ত চুক্তিটি সই হয়। চুক্তি সইয়ের আগে দুই পক্ষ ঋণের টাকায় উল্লিখিত ১৪টি প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়। বাংলাদেশের প্রস্তাবিত প্রকল্পগুলো একনেকের চূড়ান্ত অনুমোদন না পেলেও প্রধানমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে ভারতীয় পক্ষের কাছে উপস্থাপন করা হয়।চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা সম্মতিপত্র সইয়ের কথা রয়েছে। আর প্রকল্প বাস্তবায়িত হবে অগ্রাধিকার ভিত্তিতে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকল্পগুলো চূড়ান্ত অনুমোদনের দুই মাস পর থেকে শুরু হবে বাস্তবায়ন-প্রক্রিয়া। এ পর্যন্ত ১৪ প্রকল্প: যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে মোট ১৪টি প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। এ প্রকল্পগুলো হচ্ছে: নদী পুনঃখনন যন্ত্র ক্রয়, আশুগঞ্জে কনটেইনার নৌবন্দর স্থাপন, ১০টি নতুন ব্রডগেজ রেল ইঞ্জিন, ১২৫টি যাত্রীবাহী বগি, জ্বালানি তেল পরিবহনের জন্য ৬০টি ট্যাংক ওয়াগন ও দুটি ব্রেক ভ্যান, পণ্য পরিবহনের জন্য ৫০টি ওয়াগন ও পাঁচটি ব্রেক ভ্যান কেনা, রেলওয়ে অ্যাপ্রোচসহ দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ, বিআরটিসির জন্য ৩৫০টি বাস কেনা, সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-সুলতানপুর-চিনাইর-আখাউড়া-সেনারবাদি-স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা, রাজধানীর জুরাইন রেলক্রসিংয়ে ওভারপাস ও মালিবাগ রেলক্রসিংয়ে উড়ালসেতু নির্মাণ, রামগড়-সাবরুম স্থলবন্দর সংযোগ সড়ক উন্নয়ন, ভেড়ামারা-বহরমপুর ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন এবং বিএসটিআইয়ের আধুনিকায়নে চারটি প্রকল্প।