অবশেষে কলেজছাত্র আশেকুর রহমান খান ওরফে অপু হত্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।মামলাটি প্রত্যাহারের জন্য কাল বুধবার আদালতে আবেদন দাখিলের কথা ছিল। কিন্তু আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিচারিক আদালতের বিশেষ কৌঁসুলিকে বলা হয়েছে, যেন প্রত্যাহারের আবেদনটি করা না হয়।“হত্যা মামলা ‘রাজনৈতিক’ বলে প্রত্যাহার হচ্ছে!” শিরোনামে গত সপ্তাহের সোমবার প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে আসে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।অপু হত্যা মামলাটি এখন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন। এই আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া আজ প্রথম আলোকে বলেন, মামলাটি প্রত্যাহারের আবেদন না করতে আজ বিকেলে তাঁকে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, এর আগে মামলাটি প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে চিঠি তিনি পেয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কাল প্রত্যাহারের আবেদন করার প্রস্তুতি নিয়েছিলেন। সরকার সিদ্ধান্ত পরিবর্তন করায়, প্রত্যাহার আবেদন জমা দেওয়া হবে না।এদিকে নিহত অপুর মা তোফাতুন নাহার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের বিশেষ কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে তিনি আজ দেখা করেন। তিনি ছেলে হত্যার মামলাটি প্রত্যাহার না করার অনুরোধ করেন। এ ব্যাপারে প্রতিমন্ত্রী তাঁকে আশ্বাস দেন এবং তাত্ক্ষণিক সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপিকে এ বিষয়ে নির্দেশনা দেন।অপুর মা আরও জানান, গত সপ্তাহের সোমবার প্রথম আলোয় খবর প্রকাশের পর ওই দিনই তাঁকে সাংসদ রাশেদ খান মেনন ডেকে পাঠান। অপুর মাকে তিনি জানান, মামলাটি প্রত্যাহারের আবেদনে তাঁর সুপারিশ করাটা ভুল ছিল। তা জানিয়ে জনাব মেনন ওই দিনই সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেন, যাতে মামলাটি প্রত্যাহার না হয়।অবশ্য এর আগে রোববার রাতে প্রথম আলোর প্রতিবেদন তৈরির সময় যোগাযোগ করা হলে রাশেদ খান মেনন বলেছিলেন, আওয়ামী লীগের মতিঝিল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ দেখে তিনি মামলা প্রত্যাহার আবেদনে সুপারিশ করেছিলেন। সুপারিশ করাটা যে ঠিক হয়নি, তা জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার কথাও বলেছিলেন।২০০৮ সালের ২৩ মে তত্ত্বাবধায়ক সরকার সময়ে রাজধানীর ওয়ারীতে নিজ বাসায় অপুকে খুন করে সন্ত্রাসীরা। অপুর বোন ও মামলার বাদী আতিয়া খান জানান, পেশাদার সন্ত্রাসীরা ১২ লাখ টাকা চাঁদার দাবিতে ওই দিন সন্ধ্যায় বাড়িতে ঢুকে তাঁর তিন ভাইকে মারধর ও গুলি করে। অপু নিহত হন। তিনি বলেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক-সংশ্লিষ্টতা নেই। আসামিদের অনেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় জোড়া খুনসহ একাধিক অস্ত্র মামলাও রয়েছে। এর পরও খুনের মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ হিসেবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।