অবশেষে অভিযুক্ত দুই ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিশাত বানু হত্যার ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ও তাঁর ভাই সেলিম তালুকদারকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের তিন দিনের রিমান্ডেও নেওয়া হয়।মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক বলেন, গতকাল রোববার অভিযুক্ত দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা বলেন, জায়গাজমি দখলের জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেলেও কারা জড়িত, তা শনাক্ত করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দুই ভাই জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি জানান, হত্যাকারী তিন যুবককে নিহত নিশাতের বৃদ্ধ মা দেখলে চিনতে পারবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে ঢাকা মহানগর পুলিশের সমাজসেবা ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাসুদুর রহমান বলেন, মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এককভাবে তদন্ত করবে।৫ জুন রাতে তোপখানা রোডের তিনতলার বাসায় ঢুকে তিন যুবক মা খালেদা বানুকে বেঁধে রেখে আরেকটি কক্ষে শ্বাস রোধ করে মেয়ে নিশাত বানুকে হত্যা করে। প্রায় দুই দিন পর পুলিশ নিশাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে। খালেদা বানুর অভিযোগ, ২০ বছর আগে তিনি তাঁর বাসার পাশে নিজের জায়গায় মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে খাবার হোটেল করতে দিয়েছিলেন, যা মনির হোটেল নামে পরিচিত। কিছুদিন না যেতেই মনির ওই জায়গা দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে মামলা হওয়ায় তাঁর সঙ্গে শত্রুতার সৃষ্টি হয়। মনিরুজ্জামান মারা গেলেও তাঁর দুই ছেলে সাইফুল ও সেলিম জায়গা দখলে রাখেন। ওই সাইফুল ও সেলিম সবকিছু দখলে নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।এ ঘটনায় মা খালেদা অভিযুক্ত দুই ভাইয়ের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। কিন্তু পুলিশ আসামির ছকে দুই ভাই সেলিম ও সাইফুলের নাম উল্লেখ করেনি। তাঁদের আটক করেও ছেড়ে দেওয়া হয়। খালেদা ও তাঁর আত্মীয়স্বজন প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ নিজের মতো করে মামলা সাজিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এ বিষয়ে গতকাল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।আতঙ্ক কাটে না খালেদার: নিজের চোখে দেখেছেন মেয়ের নৃশংস হত্যাকাণ্ড। মেয়ের লাশ নিয়ে কেটেছে তাঁর দুর্বিষহ দুই দিন। স্বভাবতই শোকাহত ও বিধ্বস্ত বৃদ্ধ মা খালেদা বানু। গতকাল রোববার দুপুরে বাসায় গিয়ে দেখা গেল, একটি কক্ষে জড়োসড়ো হয়ে শুয়ে আছেন তিনি। বাসায় মানুষ বলতে তিনি, দুই পুলিশ আর তাঁর ছোট ভাই। রাতে ভাই নিজের বাসায় চলে গেলে তাঁকে দেখার মতো আর কেউ থাকে না।গতকাল খালেদার সঙ্গে কথা বলতে চাইলে বাধা দেন ভাই আবুল মনসুর। বলেন, ‘আমার বোন মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আসামিরা ছাড়া পেয়েছেন—এমন সংবাদে আতঙ্কে কাঁদছেন তিনি। বাসায় যাতে কেউ ঢুকতে না পারে, সে জন্য আরও দরজা লাগাতে বলেছেন।’ তিনি বলেন, ‘আগে ওদের (সাইফুল ও সেলিম) ধরেন, তারপর আমাদের সঙ্গে কথা বলতে আসেন। আমরা আতঙ্কে আছি। আমরা ন্যায্য বিচার চাই।’এদিকে গ্রেপ্তার হওয়া দুই ভাইয়ের বোন সেলিনা বেগম সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে আমার ভাইদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার ভাইয়েরা নির্দোষ। আমরাও চাই প্রকৃত অপরাধী গ্রেপ্তার হোক।’