অবশেষে রিভিশন আবেদন খারিজ হওয়ার পর লিমনের মায়ের করা মামলা লিপিবদ্ধ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবেদন খারিজ হলে রাতেই মামলাটি লিপিবদ্ধ করে রাজাপুর থানার পুলিশ। রাত নয়টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার উপপরিদর্শক আবদুল হালিম তালুকদার। মামলা নং ১৪ (২৬-০৪-১১)।র্যাবের নিষ্ঠুরতায় পা হারানো লিমনের মা ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগ দায়ের করেন ১০ এপ্রিল। আদালত ওই দিনই র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে থানাকে মামলা নেওয়ার আদেশ দেন। কিন্তু রাজাপুর থানা সেই মামলা নেয়নি। থানার যুক্তি, আদালত মামলা নেওয়ার জন্য সময় বেঁধে দেননি। এরপর ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন আদালত। তার পরও মামলা না নিয়ে নতুন ফন্দি আঁটে পুলিশ। র্যাবের করা মামলার সঙ্গে লিমনের মায়ের অভিযোগ সংযুক্ত করার জন্য আদালতের অনুমতি চায় পুলিশ। আদালত সে আবেদনও নাকচ করে দেন। এতেও চুপ থাকেনি পুলিশ। শেষে গতকাল মঙ্গলবার বিচারিক হাকিমের আদেশ চ্যালেঞ্জ করা হয়। পুলিশ রিভিশন আবেদন করে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে।লিমনকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত র্যাব সদস্যদের রক্ষায় এভাবে দুই সপ্তাহ ধরে নানা তৎপরতা চালায় পুলিশ প্রশাসন। কিন্তু এসব চেষ্টা সফল হয়নি। ঝালকাঠির জেলা ও দায়রা জজ ফারুক আহাম্মদ পুলিশের রিভিশন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন।ঝালকাঠি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জহুরুল হক বলেন, অসহায় এক ফরিয়াদির অভিযোগ দায়ের নিয়ে পুলিশ যা করেছে, তা নজিরবিহীন। অতীতে এমন ঘটনা দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ করার বদলে যদি এ ধরনের আচরণ করে, তাহলে মানুষ কোথায় যাবে?ঝালকাঠির আদালত সূত্র জানায়, লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা দুটি মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম বাদী হয়ে গতকাল রিভিশন আবেদনটি করেন। এতে লিমন, মোরশেদ জমাদ্দার, জামাল, হাঁটু মিজান, জাহাঙ্গীর, লাবু জমাদ্দার, হালিম জমাদ্দার, সুমন ও লিমনের মা হেনোয়ারা বেগমসহ নয়জনকে প্রতিপক্ষ করা হয়। নয়জনের মধ্যে লিমনের মা হেনোয়ারা বেগম ছাড়া আটজন র্যাবের সাজানো মামলার আসামি।গতকালের শুনানি: মামলার তদন্তকারীর পক্ষে শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল মান্নান ও মনজুর হোসেন। বেলা ১১টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর মঞ্জুর হোসেন প্রথমে রিভিশনের পক্ষে বক্তব্য দিতে চাইলে আদালত জানতে চান, আপনি কে? আপনি তো রিভিশনকারীর পক্ষে কথা বলতে পারেন না। এরপর পিপি বক্তব্য দিতে চাইলে আদালত তাঁকে বলেন, আগে ওকালতনামা ও আবেদনে সই করেন, তারপর কথা বলেন। দুই আইনজীবী আদালতকে বলেন, লিমনের মা হেনোয়ারা বেগমের দায়ের করা নালিশি অভিযোগের বক্তব্য, ঘটনাস্থল, সময় এবং র্যাবের করা মামলার বক্তব্য, ঘটনাস্থল, সময় একই। এ কারণে এই ঘটনায় আলাদা মামলা না করে দুটি মামলা একসঙ্গে তদন্ত হওয়া আইনসংগত।হেনোয়ারা বেগমের আইনজীবী নাসিমুল হাসান ও মানিক আচার্য বলেন, বিজ্ঞ বিচারিক হাকিমের আদেশ পালন না করে, উল্টো তা চ্যালেঞ্জ করে পুলিশের উপপরিদর্শক ধৃষ্টতা দেখিয়েছেন। আদালতের আদেশ পালন না করার এমন ঘটনা আগে কেউ দেখেননি। তদন্তকারী আবেদনে বলেন, র্যাবের মামলার পর রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে তদন্তের দায়িত্ব দেন। তদন্তের একপর্যায়ে লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে নালিশি মামলা করেন। নালিশি অভিযোগটি থানায় পৌঁছালে ওসি দেখেন দুটি ঘটনা একই। আইনের বিধানে র্যাবের মামলা চলবে। পুলিশ প্রতিবেদন দাখিলের পর নালিশি মামলা শুরু হতে পারে। কিন্তু আদালত নতুন মামলা করার আদেশ দেন। এটা আইন ও ন্যায়বিচারের পরিপন্থী। এ আদেশে সংক্ষুব্ধ হয়ে তিনি রিভিশন করেন বলে জানান।তবে ৪৮ ঘণ্টার মধ্যে মামলা দায়েরে আদালত যে আদেশ দিয়েছিলেন, আরিফুল ইসলাম তাঁর আবেদনে তা গোপন করেন। রিভিশন আবেদনের শুনানির একপর্যায়ে জেলা ও দায়রা জজ ফারুক আহাম্মদ আদালতে উপস্থিত ঝালকাঠির জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রশিদ সিকদারের মতামত জানতে চান। রশিদ সিকদার আদালতকে বলেন, ‘বিজ্ঞ জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান রাজাপুর থানাকে এজাহার গ্রহণের যে নির্দেশ দিয়েছেন, তা সম্পূর্ণ আইনসংগত। পুলিশের কাজ হাকিমের আদেশ পালন করা, চ্যালেঞ্জ করা নয়। হাকিমের আদেশ প্রতিপালিত না হলে পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা যেতে পারে।শুনানি শেষে জেলা ও দায়রা জজ রিভিশন আবেদনটি সরাসরি অগ্রাহ্য করেন।গতকাল এই শুনানির সময় র্যাবের ২০-২৫ সদস্য আদালত এলাকায় উপস্থিত ছিলেন।অবশেষে মামলা: কলেজছাত্র লিমন হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে আদালতের নির্দেশের ১৬ দিন পর মামলা লিপিবদ্ধ করল রাজাপুর থানা। অন্য আসামিরা হলেন করপোরাল মাজাহারুল ইসলাম, কনস্টেবল আবদুল আজিজ, নায়েক মুক্তাদির হোসেন, নায়েক প্রহ্লাদ চন্দ্র ও সৈনিক কার্তিক কুমার বিশ্বাস। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক আরিফুল ইসলামকে। লিমনের বিরুদ্ধে র্যাবের করা দুটি মামলারও তদন্ত কর্মকর্তা তিনি।