অবশেষে ঈদে ছয়টি ছবি
ঈদের মাত্র পাঁচ দিন আগেও ছিল অনিশ্চয়তা। এক সপ্তাহ আগে সেন্সর বোর্ডে আটকে যায় কয়েকটি ছবি। তখন জানা যায়, চারটি ছবি ঈদে মুক্তি পাবে। ছবিগুলো হলো—আদরের জামাই, কিং খান, প্রিয়া আমার জান ও প্রজাপতি। সাত দিন আগে জানা গেছে, ঈদে ছোট সংসার ছবিটি মুক্তি পাবে। অথচ এ ছবির প্রযোজক জানান ঈদে তাঁর ছবি আসবে না। কিন্তু নাটকীয়ভাবেই ঘোষণা এল, ছোট সংসার ঈদে মুক্তি পাচ্ছে। নাটক আরও জমে ওঠে প্রজাপতি ছবি নিয়ে এবং সেই সঙ্গে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তৃত্ব নিয়ে। ফলে এখন ছবিটির মাত্র দুটি প্রিন্ট বাজারে আসবে।এরই মধ্যে জানা গেল বস নাম্বার ওয়ান ছবিটিও ছাড়পত্র পেয়েছে। তখন ঈদের বাকি মাত্র দু-এক দিন। প্রিন্ট হবে কখন? কেউ জানে না। ছবির প্রযোজক মোহাম্মদ হোসেন বললেন, ‘অত কিছু জানি না, ছবি মুক্তি পাবে।’এ অবস্থায় অন্ধকারে ছিলেন প্রেক্ষাগৃহের মালিকেরা। গতকাল শনিবার এফডিসি থেকে জানা গেল, ঈদে ছয়টি ছবি মুক্তি পাচ্ছে।