অবশেষে উদ্বোধন হচ্ছে অসমাপ্ত স্বাধীনতাস্তম্ভ
৪০ শতাংশ কাজ বাকি থাকতেই আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভ দেশবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এক যুগ আগে শুরু হলেও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানটিতে এ প্রকল্পের কাজ শেষ করা যায়নি। সংশ্লিষ্ট মন্ত্রীর ভাষ্য, ব্যবহার না করার জন্য বিভিন্ন স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে বলে তা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০১২ সালের জুনের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে বলেও তিনি জানান।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুুল ইসলাম আগামীকাল প্রকল্পটির উদ্বোধন করবেন। ২০১২ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এ পর্যন্ত শুধু ‘শিখা চিরন্তন’ নির্মাণ করা সম্ভব হয়েছে। অন্যান্য কারণের পাশাপাশি রাজনৈতিক বিবেচনাপ্রসূত উদাসীনতা ও অবহেলা এ জন্য দায়ী বলে মনে করা হয়। দীর্ঘসূত্রতার কারণে এ প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ১৬৫ কোটি টাকা। প্রকল্পের নকশা, বাজেট ও দরপত্র বদল হয়েছে চারবার। এ বিষয়ে জানতে চাইলে এ বি তাজুুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাজ বাকি রেখেই স্বাধীনতাস্তম্ভ সবার জন্য ৭ মার্চ উন্মুক্ত করে দেওয়া হবে, কেননা ব্যবহার না হওয়ার ফলে ভবনের ভেতরের সব স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে। কাজ শেষের সম্ভাব্য সময়সীমা জানিয়ে তিনি বলেন, ‘প্রকল্পের বাকি কাজ ২০১২ সালের জুনের মধ্যে শেষ করা সম্ভব হবে। সেই অনুযায়ী আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’বিলম্ব হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করছে। তারাই বিলম্বের কারণ সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে।’ জানা গেছে, স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন ত্বরান্বিত এবং যথাসময়ে কাজ সমাপ্ত করার বিষয়ে দিকনির্দেশনা ও ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে সম্প্রতি চিঠি দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী। এর আগে এ বি তাজুুল ইসলাম গত জানুয়ারির শেষ দিকে বলেন, প্রকল্পের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্যদের মতপার্থক্যও বিলম্বের জন্য দায়ী। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন ওই কমিটির সবাই পদত্যাগ করেন।বিশেষজ্ঞদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘তাঁরা পদত্যাগপত্র যেভাবে দিয়েছিলেন, সেভাবেই আছে।... এখন প্রকল্পের কাজের লক্ষ্য ও গতি ঠিক আছে। সুতরাং আর কোনো কমিটি গঠনের প্রয়োজন নেই।’বর্তমান অবস্থা: প্রকল্প ও এলাকার সার্বিক অবস্থা বর্তমানে বেশ নাজুক। ৭ মার্চ উদ্বোধন করা হবে বলে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বিপরীতে এর অবস্থান। এক সপ্তাহ আগেও স্বাধীনতাস্তম্ভ প্রাঙ্গণের পশ্চিম পাশে ফটকের সামনেই ছিল স্তূপাকারে রাখা ইট-বালু। নাট্যমঞ্চের সিঁড়ি ভাঙা। বেদিতে আবর্জনা। শিখা চিরন্তনের পাশে হকার ও উটকো লোকের অবারিত আনাগোনা থাকে বরাবরই। প্রকল্পের প্রধান অংশগুলোর মধ্যে শুধু কয়েকটির কাজ হয়েছে এ পর্যন্ত। তবে ১৯৯৭ সালেই শিখা চিরন্তনের কাজ শেষ হয়। ওই বছরের ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এটি উদ্বোধন করেন তিনজন বিশ্বনেতা—দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত ও তুরস্কের সুলেমান ডেমিরেল।নকশায় যা আছে: প্রকল্পের মূল নকশায় প্রায় ৬৭ একর জায়গাজুড়ে ‘স্বাধীনতাস্তম্ভ’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর আওতায় থাকবে ২৫৩ বাই ১২৬ ফুট আয়তনের ভূগর্ভস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের নিদর্শন ও আলোকচিত্র সংগ্রহ, উন্মুক্ত পাকা ও সবুজ চত্বর, ইতিহাসের ঘটনাবলিসংবলিত ম্যুরাল, শিখা চিরন্তন, ১৫০ ফুট উচ্চতার কাচের টাওয়ার, জলাধার, উন্মুক্ত মঞ্চ, দুই হাজার আসনের মিলনায়তন, ফোয়ারা, গাড়ি পার্কিং ও সম্প্রচার কেন্দ্রসহ বেশ কিছু স্থাপনা। পেছনের কথা: ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর তখনকার আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের বিষয়টি স্মরণীয় করে রাখতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্বাধীনতাস্তম্ভ’ প্রকল্পের প্রথম উদ্যোগ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে প্রকল্পের নকশা বাতিল করে। আওয়ামী লীগ সরকার প্রকল্প গ্রহণে দুর্নীতি করেছে—এ অভিযোগ এনে কাজ স্থগিত করা হয়। পরে জোট সরকার গঠিত প্রকল্প মূল্যায়ন ও যাচাই কমিটি ব্যয় কমানোর প্রস্তাব দেয়। প্রকল্পের আকার ছোট করাসহ কয়েক দফা রদবদল করা হয়। শেষ পর্যন্ত বিএনপি-জামায়াত সরকার কোনো কাজই করেনি। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর নতুন করে শুরু হয় প্রকল্পের কাজ। প্রথম পর্বের বাদ পড়া অংশ অন্তর্ভুক্ত করে দ্বিতীয় পর্যায়ের প্রকল্প হাতে নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বেড়েছে ব্যয়: ১৯৯৮ সালের ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তখন প্রকল্পের ব্যয় ধরা হয় ৮১ কোটি ২৭ লাখ টাকা। এরপর ২০০১ সালের ১০ জুলাই একনেক বৈঠকে ১৭১ কোটি ২৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে সংশোধিত আকারে দ্বিতীয়বারের মতো প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সর্বশেষ ২০০৯ সালের ১১ আগস্ট একনেক বৈঠকে সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। সে অনুযায়ী এতে মোট ব্যয় হবে প্রায় ২৪৫ কোটি টাকা। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, এর মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি ও অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করার কারণে কাচের টাওয়ারের নির্মাণব্যয় বহুগুণ বেড়েছে।