অবশেষে ওসিন্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে গতিসমৃদ্ধ বোলার। দীর্ঘদেহী ওসিন্ডে ব্যাটসম্যানের নাকের ডগায় বল ছুড়তে পারেন ৮০ মাইল গতিতে। বাউন্সারটা ভালোই পারেন। উপমহাদেশের বিশ্বকাপে চমক দেওয়ার আশায় গত নভেম্বরে ভারত সফরে এসে রপ্ত করে ফেলেছেন সুইংটাও।কিন্তু গতি-তারকা ওসিন্ডে বিশ্বকাপে নিজেকে ঠিক চেনাতে পারছিলেন না। চেনাবেন কি, প্রিয় প্রতিপক্ষকেই যে পাচ্ছিলেন না! অবশেষে প্রিয় প্রতিপক্ষ কেনিয়ার মুখোমুখি হতেই ওসিন্ডে ধরা দিলেন অন্য রূপে। গতির সঙ্গে সুইং ও বাউন্সারের আগুনে ঝলসে দিলেন কেনিয়ার অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ। যেন এই দিনটির অপেক্ষাতেই ছিলেন এত দিন!ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন ওউমাকে (০)। নিজের তৃতীয় ওভারের পঞ্চম বলে ওসিন্ডে উপড়ে ফেললেন অন্য ওপেনার ওয়াটার্সের স্টাম্প। পরের ওভারে শিকার ডেভিড ওবুইয়া। প্রথম স্পেলে বোলিং বিশ্লেষণ ৭-২-১৬-৩। ১০ ওভারের শেষ বলটিতে তুলে নেন ওদিয়াম্বোর উইকেট, ১০-২-২৬-৪। কেনিয়াকে মাত্র ১৯৮ রানে ধসিয়ে দেওয়ার মূলে এই ওসিন্ডেই।নিজের বলে সুইং দেখে ওসিন্ডে নিজেই বিস্মিত, ‘সুইংটা ছিল বিস্ময়কর। গত নভেম্বরে যখন ভারতে এসেছিলাম, দেখেছি উইকেটে কীভাবে বোলিং করতে হয়। কাজেই আমরা জানতাম প্রত্যাশা কি!’‘প্রথম ঘণ্টায় ওসিন্ডে ছিল অসাধারণ’—নিজের অধিনায়ক আশিস বাগাইয়ের প্রশংসা পাবেন এটা জানাই। ওসিন্ডে প্রতিপক্ষ কেনিয়ার অধিনায়ক জিমি কামান্ডের প্রশংসাও পেয়েছেন, ‘দুর্দান্ত বোলিং করেছে ওসিন্ডে।’বিশ্বকাপে তো বটেই; ওয়ানডে ক্যারিয়ারেই এটি ওসিন্ডের সেরা বোলিং। আগের সেরাও ছিল এই কেনিয়ার বিপক্ষেই, ২০০৭ সালে ৩৩/৪। কেনিয়া ওসিন্ডের কতটা প্রিয় প্রতিপক্ষ, স্পষ্ট আরেকটি তথ্যে। ৩৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ওসিন্ডের উইকেট কানাডার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪০টি, গড় ২৯.৮৫। সেখানে কেনিয়ার বিপক্ষে ৯ ম্যাচে ১৫ উইকেট, গড় মাত্র ১৫.০০!কানাডার সর্বোচ্চ ৪১ উইকেট সাবেক অধিনায়ক সুনীল ধনিরামের। এই বিশ্বকাপেই ধনিরামকে টপকে ওসিন্ডে হয়ে যেতে পারেন কানাডার সর্বোচ্চ উইকেটশিকারি।পরশু দিল্লির ফিরোজ শাহ কোটলায় আগুন ঝরানোর পুরস্কার নগদই পেয়েছেন ওসিন্ডে। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ম্যান অব দ্য ম্যাচ হলেন উগান্ডান বংশোদ্ভূত পেসার। ওয়েবসাইট।