অবশেষে কলকাতা যাচ্ছেন মীরাক্কেলের বাকি দুজন
অবশেষে কলকাতা যাচ্ছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ বাংলাদেশের অন্যতম দুই প্রতিযোগী আবু হেনা রনি ও আনোয়ারুল আলম সজল। গতকাল মঙ্গলবার ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষের কাছে থেকে কলকাতার যাওয়ার ভিসা হাতে পেয়েছেন তাঁরা। আজ বুধবার বিকেল চারটার ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন রনি ও সজল।রনি ও সজল প্রথম আলো অনলাইনকে বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে জি বাংলার দর্শক আমাদের দেখতে পাননি। এ জন্য ফেসবুক ও মুঠোফোনের মাধ্যমে অসংখ্য মানুষের নানা প্রশ্নের জবাব দিতে হয়েছে। অবাক হয়েছি বাংলাদেশের এত মানুষ মীরাক্কেলে আমাদের দেখেন। খুব ভালো লেগেছে। বলতে পারেন ভালো করার দায়িত্বটাও অনেকখানি বেড়ে গেছে।’ রনি ও সজল আরও জানান, দুঃখজনক হলেও সত্য যে আজ (বুধবার) কলকাতায় পৌঁছালেও মীরাক্কেলের পরবর্তী আরও চার পর্বে দর্শকেরা আমাদের দেখতে পাবেন, এমন সম্ভাবনা কম। তবে আমাদের বাংলাদেশি অপর দুই ভাই জামিল হোসেন ও ইশতিয়াক নাসিরকে আগামী সপ্তাহ থেকে দেখতে পাবেন। তাঁরা আরও জানান, সাত মাস পর মা-বাবার কাছে এসে আর যেতে ইচ্ছে করছিল না। এটা ঠিক যে নিজেদের আনন্দের কারণে মীরাক্কেলের দর্শকদের আমরা আনন্দ দেওয়া থেকে বঞ্চিত করেছি। তবে আমাদের বিশ্বাস সামনের পর্বগুলো নিজেদের পারফর্মেন্সের মধ্য দিয়ে তা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। উল্লেখ্য, দুই সপ্তাহ দেশে বেড়ানোর পর মীরাক্কেলের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য গত ২৪ জানুয়ারি ঢাকা ছাড়েন জামিল হোসেন ও ইশতিয়াক নাসির। এরই মধ্যে তাঁরা দুজন মীরাক্কেলের চূড়ান্ত পর্বে আগামী সপ্তাহের শুটিংয়ে অংশ নিয়েছেন।ভারতের ১৬ জন ও বাংলাদেশের ১৪ জন, মোট ৩০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল মীরাক্কেলের এবারের আয়োজনটি। মীরাক্কেলের চূড়ান্ত পর্বে উঠেছেন বাংলাদেশের চার প্রতিযোগী। আগামী মার্চ থেকে এ প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশের আরও ৩০ জন প্রতিযোগী।প্রতিযোগী নির্বাচনের জন্য ঢাকায় আসবেন ‘মীরাক্কেল-৬’-এর অনুষ্ঠান পরিচালক শুভংকর চট্টোপাধ্যায়, নির্বাহী পরিচালক নবনীতা সেন, অভিষেক চট্টোপাধ্যায়, জি বাংলার অনুষ্ঠানপ্রধান সুদীপ্ত ভৌমিক ও ‘দিদি নাম্বার ওয়ান’-এর পরিচালক অভিজিত্ দত্ত।জানা গেছে, ৩ ফেব্রুয়ারি ঢাকায় এফডিসিতে, ৬ ফেব্রুয়ারি বরিশালের সাউথ কিং মিলনায়তনে এবং ৮ ফেব্রুয়ারি খুলনায় শিল্পকলা একাডেমীতে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য জেলার প্রতিযোগীরাও এতে অংশ নিতে পারবেন। নির্ধারিত দিনের আগে প্রতিযোগীদের বাসা-১৩/১০, সড়ক-২, শ্যামলী ঠিকানায় অথবা ০১৭৫০০৩১৩৪৪-৮ নম্বরে নাম নিবন্ধন করতে হবে।‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এর এখন চলছে এসএমএস রাউন্ড। বাংলাদেশ থেকেও যে কেউ এসএমএস করতে পারবেন। বাংলাদেশের যেকোনো মুঠোফোন থেকে ২২৩৩ এই নম্বরে এসএমএস করে ভোট দিতে পারবেন আগ্রহীরা।