অবশেষে কাবোকে না করল বিমানের পরিচালনা পর্ষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ ফ্লাইট পরিচালনার জন্য নাইজেরিয়ার কাবো এয়ারলাইনস থেকে উড়োজাহাজ ভাড়া করার প্রস্তাব নাকচ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ।গতকাল শনিবার পরিচালনা পর্ষদের সভায় বিতর্কিত কাবো এয়ারলাইনস থেকে উড়োজাহাজ ভাড়া করার ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রস্তাব নাকচ করা হয়। হজ ফ্লাইট পরিচালনার জন্য কাবো ছাড়া আর যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো খতিয়ে দেখতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।অবশ্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকীউল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেছেন, সিদ্ধান্ত হয়েছে, হজ ফ্লাইট পরিচালনার জন্য এখন আর কোনো উড়োজাহাজ ভাড়া করা হবে না। এক বছরের জন্য যে একটি বোয়িং-৭৪৭ আনা হচ্ছে, সেটি দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া বিমানের নিজস্ব ডিসি-১০ ব্যবহার করা হবে। হজযাত্রী পরিবহন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।আগামী হজ মৌসুমের হজযাত্রী পরিবহনের জন্য ভাড়ায় একটি উড়োজাহাজ খুঁজছিল বিমান। এ জন্য গত জানুয়ারি থেকে দরপত্র বা দর প্রস্তাব (রিকোয়েস্ট ফর প্রপোজাল—আরএফপি) আহ্বান করা হয়েছে। কিন্তু বিমান কর্তৃপক্ষ সময়মতো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। এভাবে মোট চার দফা আরএফপি করা হয়। অভিযোগ রয়েছে, এর আগে হজ ফ্লাইট কেলেঙ্কারিতে অভিযুক্ত কাবো থেকে উড়োজাহাজ ভাড়া নেওয়ার জন্য তৎপর ছিলেন বিমানের কতিপয় প্রভাবশালী ব্যক্তি। এ জন্য দফায় দফায় দরপত্র আহ্বান ও বিভিন্ন অজুহাতে তা বাতিল করা হয়। এখন শেষ মুহূর্তে সংকট দেখিয়ে কাবো ছাড়া বিকল্প নেই উল্লেখ করে তাদের কাছ থেকে বেশি ভাড়ায় একটি বোয়িং-৭৪৭ ভাড়া করার প্রস্তাব উত্থাপন করে বিমান কর্তৃপক্ষ।এ নিয়ে প্রথম আলোতে গত শুক্রবার ‘এবার কাবোতে কাবু বিমান/ হজ ফ্লাইটের জন্য উড়োজাহাজ ভাড়ায় আবার সংকট’ শিরোনামে খবর প্রকাশিত হয়।পরিচালনা পর্ষদের একটি সূত্র জানায়, গতকাল পর্ষদের সভায় এ নিয়ে আলোচনা হয়। এর আগের সভার মতো গতকালও কতিপয় সদস্য কাবোর পক্ষে জোরালো অভিমত দেন। কিন্তু বিরোধিতাকারী সদস্যসংখ্যা বেশি হওয়ায় শেষ পর্যন্ত কাবোর পক্ষে দাবি ধোপে টেকেনি।বৈঠকে অংশ নেওয়া এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, একে তো কাবো বেশ বিতর্কিত, কয়েক বছর আগে এটিকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল বিমানে, তার পরও গত বছর কাবো থেকে ২৬ বছরের পুরোনো ত্রুটিপূর্ণ একটি উড়োজাহাজ ভাড়া করা নিয়ে খোদ বিমানমন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছিলেন বিমানের চেয়ারম্যান ও বিমান মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির একজন সদস্য। এবার আবারও সেই কাবোর পক্ষে প্রস্তাব উপস্থাপন করায় পরিচালনা পর্ষদের বেশির ভাগ সদস্য বিরক্ত হন। তাঁরা এর বিপক্ষে মত দেন।