অবশেষে কিছুটা স্থিতিশীল হলো শেয়ারবাজার
প্রায় দেড় সপ্তাহ ধরে ব্যাপক উত্থান-পতনের মধ্য দিয়ে চলা শেয়ারবাজার অবশেষে কিছুটা হলেও স্থিতিশীল হয়েছে। আর এতে বিনিয়োগকারীদের পাশাপাশি সরকার, নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। কিন্তু এই স্থিতিশীলতা কত দিন ধরে রাখা যাবে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, বাজারকে কৃত্রিম সমর্থন দিয়ে বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। দীর্ঘ মেয়াদে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে বাজারের গভীরতা বাড়াতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১৭৯ পয়েন্ট বা ২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে সাত হাজার ৬৯০ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে এক হাজার ৬০০ কোটি টাকার। আগের দিনের চেয়ে যা ৬৭৩ কোটি টাকা বেশি। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার বিনিয়োগকারীরা অতি প্রতিক্রিয়া দেখিয়েছেন। বড় ধরনের দরপতনের পর সরকার ও নিয়ন্ত্রক সংস্থার নানা পদক্ষেপের কারণে সেটি হয়তো স্বাভাবিকই ছিল। তবে গতকাল তাঁরা যদি আরও একটু সংযত থাকতেন, তাহলে বাজারের জন্য তা হতো আরও ভালো। কারণ হিসেবে তিনি বলেন, যেসব কোম্পানির আয় অনুপাতে দাম বা পিই (মূল্য-আয় অনুপাত) এখনো বেশি, সেসব কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ করা গেছে। কিন্তু টেকসই স্থিতিশীলতার স্বার্থে তাঁদের উচিত, অপেক্ষাকৃত কম পিই ও ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা। অপরদিকে সরকারের উচিত হবে, শেয়ারের সরবরাহ বাড়িয়ে বাজারের গভীরতা বাড়ানো। তবে উচ্চমূল্যে (হাই প্রিমিয়াম) শেয়ার সরবরাহ বাড়িয়ে এটা সম্ভব হবে না। ডিএসই সূত্র জানায়, আগের দিনের মতো গতকালও সব ধরনের ক্রেতাই বাজারে সক্রিয় ছিলেন। এদিন মোট লেনদেনের ৬৭ শতাংশই হয়েছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে।বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল আগের দিনের ধারাবাহিকতায় লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ৩০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে সূচক আবার নিম্নমুখী হতে শুরু করে। শেষ পর্যন্ত সূচক বাড়লেও শুরুর সেই গতি আর দেখা যায়নি। এর কারণ হিসেবে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত রোববারের ধসের দিন যাঁরা সাহস করে কম দামে শেয়ার কিনেছিলেন, তাঁদের অনেকেই গতকাল মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রি করেছেন। এ কারণে সূচক ওঠানামায় কিছুটা হলেও ভারসাম্য রক্ষা হয়।তবে সব ছাপিয়ে এসইসির সদস্য মনসুর আলমের পদত্যাগের বিষয়টি ছিল বাজারে মূল আলোচনার বিষয়। গত ৭ ডিসেম্বর এসইসির চেয়ারম্যানকে না জানিয়ে তিনি একটি সার্কুলার জারি করেন। এরই প্রভাবে পরের দিন বাজার বড় ধরনের ধসের মুখোমুখি হয়। এ কারণে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার তাৎক্ষণিকভাবে মনসুর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। এর জবাবে মনসুর আলম লিখিতভাবে ভুল শিকার করলেও সরকার বিষয়টি ভালোভাবে নেয়নি। সরকারের নীতিনির্ধারকদের অনেকে মনে করেন, ওই দিনের ঘটনা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে বড় ধরনের ভূমিকা রেখেছে। এরই শাস্তি হিসেবে তাঁকে সরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়। বাজার সূত্রে জানা গেছে, ডিএসইর একজন প্রভাবশালী পরিচালকের পরামর্শে মনসুর আলম ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। সংশোধনের নামে বাজারকে ফেলে দিতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছিল।