অবশেষে জামিনে মুক্তি পেল লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন ৪৫ দিন আটক থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছে। আজ সোমবার বিকেলের আদালতের আদেশ পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। এরপর হাসপাতালের কারাকক্ষ থেকে আনা হয় সাধারণ ওয়ার্ডে। লিমনের চারপাশে এখন আর কারারক্ষী নেই, নেই নিরাপত্তার কড়াকড়ি। তবে কারাগার থেকে মুক্তি পেলেও মুক্ত নয় লিমন। বন্দিদশা ঘুচলেও বাড়ি ফিরে যেতে পারেনি সে। পড়ে থাকতে হচ্ছে হাসপাতালের বিছানায়।ক্র্যাচে ভর করা লিমন মুক্তির পর বলেছে, ‘আমার দুটি পা ছিল। র‌্যাব আমার একটি পা কেন কেড়ে নিল। আমি সরকারের কাছে আমার হারানো পা ফেরত চাই।’৫ মে উচ্চ আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। বরিশাল কারাগারে সে আদেশের কপি পৌঁছার পর আজ বিকেল পাঁচটায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের কারাকক্ষ থেকে তাকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করা হয়। মুক্তির পর লিমনকে নেওয়া হয় অর্থোপেডিক বিভাগে। হাসপাতালের পরিচালক জানান, যত দিন প্রয়োজন, তত দিন এ হাসপাতালে লিমনের চিকিৎসা দেওয়া হবে।যেভাবে মুক্ত লিমন: উচ্চ আদালত থেকে জামিন আদেশ ডাকযোগে (জিইপি) ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালত পাঠানো হয় গত রোববার। কিন্তু ডাক বিভাগের ভুলের কারণে আজ বেলা ১১টা পর্যন্ত এ আদেশ ঝালকাঠি ডাকঘরে পৌঁছায়নি। পোস্টমাস্টার অসিত কুমার মল্লিক জানান, হাইকোর্টের ডাকঘর ভুল করে রসিদের (গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট) চিঠিটি ঢাকা কমলাপুর ডাকঘরে পাঠিয়ে দিয়েছে। তবে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি তপন কুমার সরকার ও নূরুল ইসলাম উচ্চ আদালতের আদেশের অনুলিপি নিয়ে আজ সকালেই ঝালকাঠিতে পৌঁছান। লিমনের আইনজীবী নাসির উদ্দিন কবির ওই অনুলিপি পেয়ে বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে জামানতনামা দাখিল করেন। বিচারক রেজা তারিক আহমদ ২০ হাজার টাকা মুচলেকায় লিমনের জামিন দেন। এরপর সেই আদেশ কারাগারে পাঠানো হয়।ঝালকাঠি কারাগারে উপকারা কর্মকর্তা মো. আবু ইউসুফ লিমনের জামিনের মুক্তির আদেশ বিকেল তিনটায় বরিশাল কারাগারে পাঠান। বরিশাল কারাগারের তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া ও কারাধ্যক্ষ আবু সায়েম ওই আদেশ নিয়ে বিকেল চারটা ৪৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের কারাকক্ষে উপস্থিত হন। এর পরই লিমনের মুক্তি মেলে। তবে লিমনের মুক্তির খবরে বরিশাল ও ঝালকাঠির সাধারণ মানুষ ও সংবাদকর্মীরা ভিড় করেন।মুক্তির পর লিমন বলে, ‘সাংবাদিকদের ঋণ আমি জীবন দিয়েও শোধ করতে পারব না।’ প্রথম আলো, জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে লিমন।