অবশেষে তিনি সাময়িক বরখাস্ত হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা ভূমি অফিসের সহকারী রেজোয়ান আলি মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক ১৫ এপ্রিল তাঁকে সাময়িক বরখাস্তের এ আদেশ দেন। ১২ এপ্রিল ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ার পর ওই দিন সন্ধ্যায় তাঁকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রত্যাহার করা হয়।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন পাঁচটি দলিলের নামজারি করতে প্রয়োজনীয় কাগজপত্র ভূমি অফিসে জমা দেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট তহশিলদার তদন্ত শেষে প্রতিবেদন দেন। ১১ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) মাকসুদা ইয়াসমিন শুনানির পর তা অনুমোদন করেন। এরপর অফিস সহকারী রেজোয়ান আলি মোল্লা কাজটি করে দেওয়ার বিনিময়ে তাঁর কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে রেজোয়ান আলি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অফিস থেকে বের করে দেন। আলমগীর ওই দিন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেনকে জানান। ইউএনওর পরামর্শ অনুযায়ী ১২ এপ্রিল তাঁর স্বাক্ষর করা পাঁচ হাজার টাকা আলমগীর হোসেন রেজোয়ানকে দেন। তিনি টাকাগুলো পকেটে রাখেন। এ সময় ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এবং স্বাক্ষর করা টাকা উদ্ধার করেন। ওই দিন সন্ধ্যায় তাঁকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রত্যাহার করা হয়। ১৫ এপ্রিল জেলা প্রশাসক মহিবুল হক (সদ্য ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি) তাঁকে সাময়িক বরখাস্ত করেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।আলমগীর হোসেন বলেন, ‘দাবি অনুযায়ী ঘুষের টাকা দিতে অস্বীকার করায় রেজোয়ান আমার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আমাকে অফিস থেকে বের করে দেন। আমি বিদেশে থাকি। দেশের অর্থনীতিতে অবদান রাখছি। আমার জীবনে এত বড় অপমান আর কোনো দিন হইনি।’রেজোয়ান আলি মোল্লা বলেন, ‘আমার ভুল হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার।’ ইউএনও জাহিদ হোসেন বলেন, ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পড়ার পর তাঁকে ডিসি সাহেব প্রত্যাহার করেছেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী কোনো ব্যবস্থা নিতে হলে তিনিই নেবেন।