অবশেষে দখলমুক্ত কল্যাণপুর খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে গড়ে ওঠা ১৩টি স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে কল্যাণপুর ‘ক’ খাল দখলমুক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মিরপুর ও বসুপাড়া মৌজায় ঢাকা জেলা প্রশাসন ও খালের তত্ত্বাবধায়ক ঢাকা ওয়াসা যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালায়।ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট মো. নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে কল্যাণপুর খাল দখলমুক্ত হলো। আগামী দুই থেকে চার দিনের মধ্যে ভরাট হয়ে যাওয়া আড়াই কিলোমিটার দীর্ঘ এই খালের খননকাজ শুরু হবে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উচ্ছেদ অভিযানে অংশ নিতে সকাল ১০টার আগে ছয় নারীসদস্যসহ ৩৫ জন পুলিশসদস্য ঘটনাস্থল গেদারটেকে উপস্থিত হন। এর আগেই উচ্ছেদ করা হবে বলে মাইকিং করায় স্থানীয় বাসিন্দারা মালপত্র নিয়ে চলে যায়।ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট মো. নাসিরউদ্দিন ও ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহে এলিদ মাইনুল আমিন উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। ঢাকা ওয়াসা ও জেলা প্রশাসনের নিয়োগ করা অন্তত ৭০ জন শ্রমিক মাথায় লালফিতা বেঁধে বড় হাতুড়ি ও শাবল নিয়ে অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু করেন। শ্রমিকেরা প্রথমে ‘ক’ খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা রেজাউল করিমের আর কে ইঞ্জিনিয়ারিং নামের গ্রিল তৈরির আধপাকা একতলা কারখানার দেয়াল ভেঙে ফেলেন। এর আগে কারখানার টিনের চালা খুলে ফেলা হয়। এরপর পাশের একতলা পাকা বাড়ির অংশবিশেষ ভেঙে ফেলা হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত এভাবে খালের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা ১৩টি আধপাকা ঘর উচ্ছেদ করা হয়। এর আগে স্থানীয় সাংসদের আংশিক উচ্ছেদ করা চারটি প্লটের ১০টি আধপাকা ঘরের বাকি অংশ ভাঙা হয়।উচ্ছেদের সময় ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘উচ্ছেদ অভিযান আমি শুরু করেছি, এখন ঢাকা ওয়াসা ও জেলা প্রশাসন তা শেষ করবে।’ সাংসদ সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্ত লোকজনের কোনো দোষ নেই, তারা হাউজিং থেকে জমি কিনে ঘর বানিয়েছে। ঘর বানানোর সময় সরকারি কিছু জমি দখল হয়েছে। প্রতারিত প্লটের মালিকেরা আমার কাছে সহযোগিতা চাইলে হাউজিং থেকে আমি তাদের আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব।’গত ৩১ অক্টোবর সাংসদ আসলামুল হকের বাধার মুখে ওয়াসা ও জেলা প্রশাসনের দুই ম্যাজিস্ট্রেট কল্যাণপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেননি। সাংসদ আঙুল উঁচিয়ে দুই ম্যাজিস্ট্রেটকে উচ্ছেদ বন্ধ রেখে চলে যেতে বলেন—এ রকম সচিত্র প্রতিবেদন ১ নভেম্বর প্রথম আলোয় ছাপা হয়। পরদিন সাংসদ প্রথম আলোকে চিঠি দিয়ে জানান, তিনি এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এই খাল দখলমুক্ত করবেন। সে অনুযায়ী গতকাল খালটি দখলমুক্ত হলো।ম্যাজিস্ট্রেট নাসিরউদ্দিন প্রথম আলোকে জানান, উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে পোলট্রি ফার্ম, কাচ ও গ্রিল তৈরির কারখানা ছিল মোট তিনটি। বাকিগুলো ছিল অবৈধ বসতবাড়ি।