অবশেষে দুর্গাপুরে গাছ কাটা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুরের শতবর্ষী গাছগুলোতে কুঠারের আঘাত অবশেষে বন্ধ হয়েছে। গতকাল শুক্রবার সকালে দুর্গাপুরের বিরিশিরির সুপরিচিত মহীরুহগুলো কাটতে দেখা যায়নি। সড়ক প্রশস্ত করার জন্য এ গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে গতকাল রাজধানী ও বিরিশিরিতে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ অমান্য করে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এতে ঘটনার তীব্র নিন্দা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির দাবি করেন পরিবেশবাদী ও সাধারণ মানুষ। গতকাল সকালে বিরিশিরির গারো ব্যাপটিস্ট কনভেনশনের সামনে গিয়ে গাছ কাটা শ্রমিকদের দেখা যায়নি।গারো ব্যাপটিস্ট কনভেনশনের সভাপতি সমরেন্দ্র রিছিল জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত একটি গাছের ডালপালা ও পাশের শিকড় কাটা হয়েছে। আরেকটি গাছ কাটার জন্য গোড়ার মাটি খোঁড়া হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘জেলা পরিষদের চিঠি পেয়ে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে গাছ কাটা বন্ধ করতে বলি। শুক্রবার সকাল থেকে গাছ কাটা বন্ধ রয়েছে।’ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিজভী কনস্ট্রাকশনের মালিক হোসেন আহাম্মেদও জানান, শুক্রবার থেকে গাছ কাটা বন্ধ রাখা হয়েছে। শতাব্দীপ্রাচীন গাছগুলো কাটা বন্ধ ও তা রক্ষার দাবিতে ঢাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) শাহবাগ জাদুঘরের সামনে ও বিরিশিরির ‘সচেতন যুবসমাজ’ বিরিশিরিতে গারো ব্যাপটিস্ট কনভেনশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।গারো ব্যাপটিস্ট কনভেনশনের সাধারণ সম্পাদক লিটন ম্রং বলেন, গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীতে কেন্দ্রীয় জাদুঘরের সামনে বাপার মানববন্ধন হয়। এতে আদিবাসী, পরিবেশ ও মানবাধিকারসহ ২০টি সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও অনেক সাধারণ মানুষ অংশ নেন। বাপার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সালেহ আহাম্মদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামালসহ অনেকে।মানববন্ধনে বক্তারা জেলা উন্নয়ন পরিষদের মতো একটি সরকারি কর্তৃপক্ষ শতবর্ষের ঐতিহ্যবাহী ও বিশাল জীববৈচিত্র্যের ধারক গাছগুলোর গুরুত্বের কথা চিন্তা না করে তা কাটার অনুমতি দেওয়ায় হতাশা প্রকাশ করেন। বাংলাদেশের পরিবেশসংক্রান্ত তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে ‘যে ব্যক্তি গাছ কাটবে তার শাস্তি হবে কর্তনকারী ও গাছের বয়সের যুক্ত সময়ের সমান কারাবাস’—প্রধানমন্ত্রীর এ মন্তব্য উদ্ধৃত করে বক্তারা এ ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধ ও প্রশাসনসহ সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।দুর্গাপুর-ঝাঞ্জাইল সড়কের পাশে ২৬টি গাছ ১০০ বছরের পুরোনো। স্থানীয় গারো ব্যাপটিস্ট কনভেনশন কর্তৃপক্ষ গাছ কাটা বন্ধ করা এবং জমির মালিকানা নিয়ে হাইকোর্টে রিট করলে গত মঙ্গলবার আদালত স্থিতাবস্থা জারি করেন। এ সড়কের ৬২টি গাছ (২৬টি শতবর্ষী) দরপত্রের মাধ্যমে বিক্রি করে দিয়েছে জেলা পরিষদ।